গাজীপুরে নিহত পুলিশ পরিবারকে অনুদান

গাজীপুরের কালীগঞ্জে পুলিশ-গ্রামবাসীর সংঘর্ষে নিহত পুলিশ সদস্য আজিজুর রহমানের পরিবারকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা দেয়া হয়েছে। রাজউকের ঠিকাদারী প্রতিষ্ঠান এআরকে গ্রুপের দেয়া সহায়তার টাকা নিহতের স্ত্রী ঝর্ণা বেগমের হাতে তুলে দেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল হুদা। একই সঙ্গে নিহতের পরিবারকে রাজউকের পক্ষ থেকে একটি প্লট দেয়ারও ঘোষণা দেন তিনি। এসময় নিহতের ৪ শিশু সন্তান স্বর্ণা (১১), শ্রাবণী (৮), তাহমিনা (৩) ও দেড় বছরের ছেলে আবু হানিফ মা ঝর্ণা বেগমের সাথে উপস্থিত ছিল। মঙ্গলবার রাতে এ উপলক্ষে গাজীপুরের পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ সুপার আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী নুরুল হুদা, জেলা প্রশাসক নুরুল ইসলাম, এআরকে গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান খান, রাজউক উপ-শহর পূর্বাচল প্রকল্পের প্রকল্প পরিচালক আনোয়ার হোসেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনাওয়াজ দিলরুবা খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১০ মে রাতে মামলার আসামি ধরতে কালীগঞ্জের নাগরী ইউনিয়নের বড়কাউ গ্রামে গেলে গ্রামবাসী-পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। হামলায় পুলিশের নায়েক আজিজুর রহমান (৪৫) নিহত হন। তিনি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার মাসকাহানিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।