ক্ষেতলাল যুবলীগের সভাপতি ও সম্পাদককে অব্যাহতি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক ফাইট ও সাধারণ সম্পাদক আরমান আলীর সদস্যপদ ১ মাসের জন্য স্থগিত করে তাদের সকল প্রকার কার্যক্রম থেকে অব্যাহতি এবং কেন তাদের স্থায়ীভাবে অব্যাহতি দেয়া হবে না সে মর্মে ১০ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। গত ২৮ মে মঙ্গলবার জয়পুরহাট জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাফিজ আল তামিজ উজ্জল ও সাধারণ সম্পাদক প্রভাষক সুমন কুমার সাহা স্বাক্ষরিত এক পত্রে এ অব্যাহতি প্রদান করা হয়। এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা যুবলীগের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি এনামুল হক ফাইট ও সাধারণ সম্পাদক আরমান আলী বলেন, আমরা সংগঠন বিরোধী কোনও কর্মকাণ্ড করিনি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ব্যক্তিগত আক্রোশের বশীভূত হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন।