মতলবে পৌর আওয়ামী
লীগের সম্মেলন আজ
মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২১:০৯
দীর্ঘ ১০ বছর পর আজ ৩০ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে মতলব পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। পৌরসভার নেতা-কর্মীদের মাঝে সম্মেলন নিয়ে দেখা গেছে চরম উত্সাহ ও উদ্দীপনা। স্থানীয় ওয়ালী পাটোয়ারী মিলনায়তনে সকাল ১০টায় পৌরসভার ৯টি ওয়ার্ডের ১শ’ ৫০জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটে আগামী তিন বছরের জন্য পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন হবে।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সাংসদ এয়ার ভাইস মার্শাল (অবঃ) এম. রফিকুল ইসলাম। সম্মেলন উদ্বোধন করবেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.এইচ.এম গিয়াস উদ্দিন।
এবারের পৌর সম্মেলনে সভাপতি পদে দুইজন ও সাধারণ সম্পাদক পদে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদপ্রার্থীরা হলেন-বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি নান্নু মিয়া জমাদার (ছাতা) ও যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন লিটন (মোমবাতি)। সাধারণ সম্পাদক প্রার্থীরা হলেন- মোঃ ইয়াকুব আলী (আম), মোঃ জাকির হোসেন (ফুটবল), মোঃ জসিম উদ্দিন মৃধা (মাছ), নুরুল ইসলাম সরকার (মই), মোঃ রতন সরকার (মোরগ), মোঃ শাহজালাল (কলস)।