উজিরপুরে সংঘর্ষের ঘটনায় তিন মামলা

বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি এবং উজিরপুর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদলের সমর্থকদের মধ্যে সংঘটিত সংঘর্ষের ঘটনায় প্রায় তিন’শ জনকে আসামী করে পৃথক তিনটি মামলা হয়েছে। জানা গেছে গত মঙ্গলবার উজিরপুর উপজেলা পরিষদের মাসিক সভায় কৃষি ও প্রযুক্তি মেলায় উপজেলা চেয়ারম্যানকে সভাপতি করতে বাধা, অবমূল্যায়ন ও বরাদ্দ বাতিল করাসহ নানা বিষয়ে এমপি ও তাঁর পুত্রের সাথে চেয়ারম্যানের বাদানুবাদ হয়। এরই এক পর্যায়ে তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। চেয়ারম্যান সমর্থকরা রাত ৮টা পর্যন্ত এমপি ও তাঁর পুত্রকে উপজেলা পরিষদে অবরুদ্ধ করে রাখে এবং এমপির গাড়ী ভাংচুর করে। পরে র্যাব ও পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে বরিশাল নিয়ে যায়। সংঘর্ষে উজিরপুর থানার এএসআই স্বপন চন্দ্র দে, কনস্টেবল দেলোয়ার, সাংবাদিক আঃ রহিম সরদার, নুরুল ইসলামসহ উভয় গ্রুপের ১৫ জন আহত হয়। এমপি মনিরুল ইসলাম মনি জানান, বিএনপি জামায়াত ও হেফাজতের নেতাকর্মীদের নিয়ে উপজেলা চেয়ারম্যান পরিকল্পিতভাব এ ঘটনা ঘটিয়েছে। উপজেলা চেয়ারম্যান বলেন, এমপি ও তাঁর পুত্রের স্বেচ্ছাচারিতা ও অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করায় তাঁকে ও তাঁর সমর্থকদের লক্ষ্য করে এমপি পুত্র গুলি করেছেন। এমপি পুত্র ড. রিয়াজুল ইসলাম সুমন জানান, গুলির গুজব লোকজনকে উত্তেজিত করার অপকৌশল। মঙ্গলবার রাতেই এমপি’র সমর্থক গুঠিয়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসির খান বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল ও উপজেলা ছাত্রদলের সভাপতি শাহাবউদ্দিন আকনসহ নির্দিষ্ট ১০ জন ও অজ্ঞাতনামা ৩০/৪০ জন অপরদিকে আবুল কালাম আজাদ বাদী হয়ে এমপি মনি’র পুত্র ডঃ রিয়াজুল ইসলাম সুমন ও ছাত্রলীগ নেতা অরুপকে সুনির্দিষ্ট ও ২০/২৫ জন অজ্ঞাতনামাকে আসামী করে মামলা করেছেন। এছাড়াও পুলিশ বাদী হয়ে ১৫ জন সুনির্দিষ্ট ও দেড়/দুইশত অজ্ঞাতনামাকে আসামী করে অপর একটি মামলা করেছে। এদিকে গতকাল বুধবার উজিরপুর পৌর শহরে থমথমে অবস্থা বিরাজ করে। পুলিশ ছিল সর্তক অবস্থানে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।