বাঁশখালীতে বেড়িবাঁধ হয়নি
উপকূল অরক্ষিত ৪২ বছর
শাহ মুহাম্মদ শফিউল্লাহ, বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২১:১০
সাগর উপকূলীয় উপজেলা বাঁশখালীর ৩৭ কিলোমিটার বেড়িবাঁধ স্বাধীনতার ৪২ বছরেও সংস্কার হয়নি। মাঝে-মধ্যে পত্র-পত্রিকায় লেখালেখির কারণে মাটির কাজের জন্য টাকা বরাদ্দ হলেও কাজের কাজ কিছুই হয়নি। স্থায়ী বেড়িবাঁধ না হওয়ায় প্রতি বছর সরকার ও পানি উন্নয়ন বোর্ডের কোটি কোটি টাকা পানিতে ভেসে যাচ্ছে। ফলে বছরের পর বছর অরক্ষিত বাঁশখালী উপকূল। এর ফলে বাঁশখালী উপকূলের ৭ লক্ষাধিক মানুষ প্রতিনিয়ত চরম আতংকে সাগর পাড়ে বসবাস করলেও দেখার যেন কেউ নেই। উপকূলের লাখ লাখ মানুষ প্রতিনিয়ত মৃত্যু ঝুঁকি ও আতংকে দিন কাটাচ্ছে। ১৯৯১ সালের ২৯ এপ্রিল ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে শুধু বাঁশখালীতেই ৪০ হাজার নারী-পুরুষের সলিল সমাধি ঘটে। এক সাথে এত লোকের প্রাণহানির ঘটনা দেশবাসী আর কখনো দেখেনি। উপকূলবাসীকে এখনো তাড়া করে স্বজন হারানোর সেই স্মৃৃতি। প্রতি বছর এসময় এলেই শোকে কাতর হয়ে উঠে বাঁশখালী তথা সাগর উপকূলের মানুষ। জলোচ্ছ্বাসের দীর্ঘ ২২ বছর পার হয়ে গেলেও সাগর উপকূলীয় ৩৭ কিলোমিটার বেড়িবাঁধ স্থায়ী হয়নি। একটি মাত্র বেড়িবাঁধের অভাবে আজও অরক্ষিত বাঁশখালীর উপকূলীয় এলাকা।
গত কয়েক বছর ধরে বন বিভাগ সৃজিত মনগ্রোভ বাগান এবং প্যারাবন ধ্বংস করছে এক শ্রেণির দুষ্কৃতকারীরা। এর ফলে বাঁশখালী উপকূল মারাত্মক পরিবেশ বিপর্যয়ের মুখোমুখী। বেড়িবাঁধ অরক্ষিত হওয়ায় উপকূলীয় এলাকায় বসবাসকারী ৭ লক্ষাধিক মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। প্রতিবছর বর্ষায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে উপকূলবাসীর মাঝে। ৯১-এর ঘূর্ণিঝড়ের পর বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আধুনিক বেড়িবাঁধ নির্মাণ ও সাগর পাড়ে সাইক্লোন সেন্টার এবং আশ্রয় কেন্দ্র নির্মাণের ওয়াদা দীর্ঘ ২২ বছরেও বাস্তবায়ন হয়নি। বিভিন্ন দাতা সংস্থা ও বিদেশি দানশীল ব্যক্তিবর্গ প্রায় ১১৬টি সাইক্লোন শেল্টার নির্মাণ করলেও তা সাধারণ জনগণের উপকারে আসছে না। অধিকাংশ সাইক্লোন শেল্টার বর্তমানে মাদকসেবী, নেশাখোর ও মাস্তানদের আস্তানায় পরিণত হয়েছে।