বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৫ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর। দৌলতপুর (কুষ্টিয়া) \ উপজেলার কুষ্টিয়া-প্রাগপুর সড়কের মথুরাপুর শেখপাড়া নামক স্থানে বাসের ধাক্কায় এক নসিমন ও ভ্যান চালক নিহত হয়েছে। এসময় ভ্যানের এক আরোহী আহত হয়। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি আটক করেছে। অভয়নগর (যশোর) \ যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক মিজানুর রহমান ও হেলপার আব্দুল নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও পিকআপ জব্দ করলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে। রামু (কক্সবাজার) \ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও বাসস্টেশন গরুর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। নিহত আমির হাকিম উপজেলার কাহাতিয়া পাড়ার ছৈয়দ হোসাইনের পুত্র। জানা যায়, মঙ্গলবার সকালে কক্সবাজারমুখী যাত্রীবাহী মাইক্রোবাসকে পেছন থেকে ছোট মাছ ভর্তি ট্রাক ধাক্কা দিলে মাইক্রোবাসের যাত্রী হাকিম ঘটনাস্থলেই নিহত হয়। এদিকে টেকনাফে সড়ক দুর্ঘটনায় মনোয়ারা বেগম নামে এক শিশু আহত হয়েছে। সে হ্নীলা ইউনিয়নের লেদার পশ্চিমপাড়া এলাকার জাকির হোসেনের কন্যা। মঙ্গলবার দুপুরে লেদা বিজিবি ক্যাম্প এলাকায় শিশু কন্যা মনোয়ারা সড়ক পারাপার করতে গিয়ে কক্সবাজার থেকে টেকনাফগামী মিনিবাসে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়। আদমদীঘি (বগুড়া) \ মঙ্গলবার সকালে আদমদীঘির নশরতপুর কড়ই সড়কের বশিকোড়া তিনমাথা মোড়ে ভটভটি উল্টে এক নারীসহ ১০ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে লক্ষ্মীপুর গ্রামের কল্পনা বেগম ও তিলোছ গ্রামের আব্দুর রউফকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর এবং কাঞ্চনপাড়া গ্রামের ফিরোজ হোসেনকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়।