নওগাঁয় ডাক্তারদের কর্মবিরতি অব্যাহত

নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্ত্রাসী হামলা, ভাংচুর, ডাক্তার ও কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করায় ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে জেলার সকল হাসপাতালে মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালে কর্মবিরতি পালন করা হচ্ছে। নওগাঁ সদর হাসপাতালসহ ১১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহিঃবিভাগে রোগী দেখা বন্ধ রয়েছে। হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চিকিত্সক নেতৃবৃন্দ। সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, মেডিক্যাল সার্টিফিকেট নেয়ার ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আখতারুজ্জামান আলাল জানান, তিনিসহ মেডিক্যাল অফিসার ডা. দেবাশীষ দাস, ডেন্টাল বিভাগের মেডিক্যাল অফিসার ডা. মোফাজ্জল হোসেন, সিনিয়র ষ্টাফ নার্স শিল্পী খানম ও ল্যাব সহকারী মিঠুন কুমার দেবনাথ ও ভর্তি রোগীদের লোকজনসহ কমপক্ষে ১০ আহত হয়। উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল লতিফ গত কয়েকদিন ধরে তার এক রোগীর জন্য প্রত্যাশিত মেডিক্যাল সার্টিফিকেট দাবি করে আসছিলেন। এ নিয়ে তার সাথে হাসপাতালের চিকিত্সকদের মতবিরোধ দেখা দেয়। এক পর্যায়ে মেম্বার আব্দুল লতিফ সোমবার সকাল ১০টার দিকে ২০/২৫ জন লোক নিয়ে হাসপাতালে হামলা চালান। এ ঘটনায় মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। গোপালপুর ইউপির মেম্বার আব্দুল লতিফ, খোসপাড়ার উফসের ও মিলনসহ অজ্ঞাত প্রায় ২০/২৫জনকে আসামি করা হয়েছে। মহাদেবপুর থানার ওসি আব্দুর রশিদ জানান, এ ঘটনায় সেজদাদুল ও আফজাল নামের ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।