‘যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী’
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২১:২৩
‘সাহসী জননী বাংলা’ কি হিংসা করিতে পারে ‘বঙ্গবাণী’কে? এমন প্রশ্ন উত্থাপিত হইবার মতো ঘটনার জন্মই আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এই বত্সর আমাদের নবম-দশম শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তকে আবদুল হাকিমের ‘বঙ্গবাণী’ ও আবু জাফর ওবায়দুল্লাহর ‘মাগো ওরা বলে’ কবিতা দুইটির অপনয়ন হইয়া অন্তর্ভুক্ত হইয়াছে একজন নূতন কবির কবিতা। ঘটনাচক্রে ওই কবি আবার বর্তমান দায়িত্বপ্রাপ্ত শিক্ষাসচিব। ইহা লইয়া বিগত কয়েক মাস সংবাদপত্র এবং আন্তর্জালের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক কম হয় নাই। অবশেষ শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি বিষয়টির একটি সুরাহা আনিতে উদ্যোগী হইয়াছে এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নিকট তাহারা ব্যাখ্যা চাহিয়াছে এমন অনভিপ্রেত কর্মের। একই সঙ্গে কমিটি নির্দেশনাও দিয়াছে অবিলম্বে এই কবিতা দুইটি স্বস্থানে পুনঃস্থাপনের।
‘বঙ্গবাণী’ কবিতার কবি আবদুল হাকিম (১৬২০-১৬৯০) বাঙলা সাহিত্যের মধ্যযুগের অন্যতম খ্যাতনামা কবি। তাঁহার সৃষ্টির শীর্ষখ্যাতিতে রহিয়াছে এই ‘বঙ্গবাণী’ কবিতাখানি। বাংলা ভাষা, বাঙালির চেতনা ও সংস্কৃতিতে ‘বঙ্গবাণী’ হইয়া উঠিয়াছে অমৃতবাণী-তুল্য। সুতরাং তাঁহার কবিতা অপনয়নের চিন্তা দু:সাহস বলিলেও কম বলা হয়। কর্তৃপক্ষ এই সংক্রান্ত ব্যাখ্যায় বলিয়াছে, কবিতা দুইটি উচ্চতর ক্লাসে পড়াইবার চিন্তা হইতেই বাদ দেওয়া হইয়াছে। যে সকল কবিতা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুর্বোধ্য তাহা উচ্চতর ক্লাসের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করিবার কথা বলিয়াছেন সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন। ইহা অন্য বিতর্ক। তবে এইখানে স্মরণ করা যাইতে পারে যে, একই কবিতা বা গল্প যুগপত্ নিম্ন ও উচ্চ শ্রেণীতে রাখিবার উদাহরণও বিরল নহে। এককালে আমরা সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত ‘পাদটীকা’ গল্পখানি স্নাতক শ্রেণীর পাশাপাশি নিম্ন মাধ্যমিক শ্রেণীর বাংলা পাঠ্যসূচিতে ‘পণ্ডিত মশাই’ নামে অন্তর্ভুক্ত হইতে দেখিয়াছি বত্সরের পর বত্সর। তাহা লইয়া প্রশ্ন উঠে নাই। কারণ গল্পটি এমন যে, তাহা ওই দুইটি শ্রেণীর জন্য একইসঙ্গে দুর্বোধ্য বা অধিক সহজ নহে। এমন সাহিত্যের সংখ্যা বিরল নহে। আলোচ্য কবিতা দুইটি যে কোনোভাবেই সেই পর্যায়ের নহে, তাহা নিশ্চিত হওয়াও এত সহজ নহে। এইসব প্রশ্ন উঠিতেছে কবিতা দুইটি প্রসঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বক্তব্যের সততা বা গ্রহণযোগ্যতা লইয়া। কবিতা দুইটি আমাদের বাংলা ভাষার মর্যাদা এবং ভাষা আন্দোলন লইয়া রচিত বলিয়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এই জাতীয় ব্যাখ্যা সন্তোষজনক বলিয়া মনে করে নাই সংসদীয় কমিটিও। যদি ধরিয়া নেওয়া হয় যে, কর্তৃপক্ষের উদ্দেশ্য অসত্ নহে, তাহা হইলেও আমরা আরো স্পষ্ট করিয়া বলিতে পারি, ‘বঙ্গবাণী’ বা ‘মাগো ওরা বলে’ কবিতা দুইটি উচ্চ শ্রেণীর পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করিবার আগেই ছাঁটিয়া ফেলা উচিত হয় নাই।
যেই সচিবের কবিতার অন্তর্ভুক্তির প্রেক্ষিতে এত কাণ্ড, তাহার ‘সাহসী জননী বাংলা’ কবিতাখানি লইয়া আমরা প্রশ্ন তুলিব না। কবিতাখানি পাঠ্যসূচিতে প্রবেশ করিবার যথার্থমান ধারণ করে কিনা তাহা বিচার করিবে মহাকাল। কিন্তু ‘ক্ষমতা’য় থাকিয়া যদি স্বয়ং রবীন্দ্রনাথও নিজের রচনা পাঠ্যভুক্ত করিবার নির্বুদ্ধিতা দেখাইতেন, তাহা হইলে বিতর্ক তাঁহারও পিছু ছাড়িত না। এমন কর্মে অবনমিত হইতেন স্বয়ং কবি। তাহা বুঝিবার মতো বিচক্ষণতার জন্য কি অধিক ধীশক্তির দরকার পড়ে? আমাদের বোধহয় পড়ে। তাই এমত কর্ম দেখিয়া আমাদের আক্ষেপ ব্যতীত অধিক কিছু করিবার থাকে না।