বিশ্ব শান্তিরক্ষী দিবস নিয়ে কিছু কথা
লে. কর্নেল ওয়ালিউল্লাহ (অব.)
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২১:২৪
গতকাল ছিল বিশ্ব শান্তিরক্ষী দিবস। এ দিনটিতে বিভেদ ও অনৈক্যের বীজ উত্পাটিত করার শপথ নেয়ার দিন। পৃথিবীতে এক শান্তিময় পরিবেশ রচনার জন্যে সারাবিশ্বের আপামর জনগণ নতুন ব্রত নিয়ে তাদের শান্তি প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে এগিয়ে আসেন। বক্তাগণ সেমিনার-সিম্পোজিয়ামের মাধ্যমে দিনটির তাত্পর্য তুলে ধরেন। শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করেন সেসব পরিশ্রমী আত্মত্যাগী মানুষদের যাদের অবদানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে যুদ্ধরত দেশগুলোতে। গত কয়েক যুগ ধরে ক্রমবর্ধমান কলহ ও বিভেদের কারণে বিবদমান গোষ্ঠীগুলো জড়িয়ে পড়ে গৃহযুদ্ধে। কেমন করে সবুজ, শ্যামলিমা ঘেরা, প্রাকৃতিক সৌন্দর্য ও খনিজ পদার্থ সমৃদ্ধ দেশগুলো হারিয়ে ফেলে তাদের ধন-সম্পদ তা একমাত্র সে দেশগুলোতে কর্মরত থাকলেই অনুধাবন করা যায়। উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প-কারখানা, শস্যক্ষেত্র, গবাদিপশু ইত্যাদি কি করে মনুষ্য সৃষ্ট সংকটের কারণে ধ্বংস হয়ে যায় তা চোখে দেখেও বিশ্বাস করতে কষ্ট লাগে। বিভত্স ও ভয়ংকর সব কর্মকাণ্ড শান্তিপ্রিয় মানুষের উপর ভয়াবহ আকারে নেমে আসে।
সারাবিশ্বে ছড়িয়ে পড়া ব্লু হেলমেট পরিহিত শান্তিরক্ষী বাহিনীর কার্যক্রমের ফলে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি নেমে এসেছে। যে দেশগুলো কয়েক যুগ ধরে বিবদমান দলগুলোর সংঘর্ষে লিপ্ত হয়ে সাধারণ মানুষকে ঘরছাড়া করে মানবেতর জীবনযাপনে বাধ্য করেছে তাদের মাঝে শান্তির প্রলেপ ছুঁয়ে দিতে শান্তিরক্ষী বাহিনী গঠিত হয়েছিল। আন্তর্জাতিক শান্তিরক্ষা দিবস এমন একটি দিন যেদিন সারাবিশ্বের শান্তিকামী জনগণ শান্তিরক্ষী বাহিনীর বিশ্বব্যাপী কার্যক্রমকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। ২০০২ সালের ১১ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৫৭/১২৯ প্রস্তাবনার আলোকে প্রতি বছর ২৯ শে মে’কে শান্তিরক্ষী বাহিনী দিবস হিসাবে নির্ধারণ করা হয়। জাতিসংঘের সভাপতি ও মহাসচিব শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে এদিন তাদের ভূমিকার প্রশংসা করেন। শান্তিরক্ষায় অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ শান্তিরক্ষী বাহিনীকে ১৯৮৮ সালে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।
শান্তিরক্ষী বাহিনীর প্রতিটি সদস্য যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা কার্যক্রমে তাদের অনবদ্য ভূমিকা রেখে চলেছেন। সারাবিশ্বের অন্যান্য বাহিনীর সদস্যদের ন্যায় বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর সদস্যগণ যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত ও মানবেতর জীবন যাপনকারী জনগণের মুখে হাসি ফোটানোর জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সারাবিশ্বের বিভিন্ন অঞ্চলে নিয়োজিত এ বাহিনীর সদস্যগণ সে সব দেশের নানাবিধ সমস্যা সমাধানে কর্মরত রয়েছেন। বহুজাতিক বাহিনীর সমন্বয়ে গড়ে ওঠা শান্তিরক্ষী বাহিনীর সদস্যগণ নিয়োগকৃত অঞ্চলের মানুষের দুঃখকে আলিঙ্গন করে তাদের জন্য সেবামূলক কার্যক্রম পরিচালনা করে চলেছে। দুঃখজনক ঘটনাগুলোকে শান্তিরক্ষী বাহিনীর সদস্যগণ তাদের মমত্ববোধ দিয়ে ভুলিয়ে দিতে সচেষ্ট রয়েছেন। গত ছয় দশক ধরে জাতিসংঘ, আন্তর্জাতিক সমাজের জন্য হুমকি বিভিন্ন জটিল সমস্যার সমাধান দিয়ে চলেছে।
এশিয়া মহাদেশের আটটি দেশের চৌদ্দটি মিশনে, ইউরোপের পাঁচটি দেশের ছয়টি মিশনে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হাইতির একটি মিশনে উঁচুমানের পেশাগত দক্ষতা প্রদর্শন করে মিশন সম্পন্ন করেছে বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর ২২৪ জন মহিলা সদস্যসহ মোট ৮৯৩৬ জন সদস্য ৮টি মিশনে কর্মরত রয়েছেন। ১৯৮৮ সাল থেকে অদ্যাবধি বাংলাদেশের ১ লাখ ১ হাজার ৩২৪জন সদস্য ৪৭টি মিশনে ৩৬টি দেশে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছেন।
সর্বক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়ার আলোকবর্তী কার্যক্রম সবাইকে অনুপ্রাণিত করবে অনাদিকাল ধরে। এ সাফল্যের গাঁথা, বীরের গাঁথা এ দেশের সন্তানদের কঠোর পরিশ্রম আর আত্মত্যাগের মাধ্যমে রচিত হয়েছে। আজকের দিনে আমরা সেসব বীরদের স্মরণ করি যাদের আত্মত্যাগের ফলে শান্তিরক্ষা সম্ভব হয়েছে এবং বাংলাদেশ বিশ্বে তার অবস্থান সমুজ্জ্বল করতে পেরেছে। এ দেশের সেনা সদস্যদের নিষ্ঠা এবং দৃঢ় নেতৃত্বের ফলে বহুজাতিক শান্তিরক্ষী বাহিনীর নেতৃত্ব ফোর্স কমান্ডারের পদটি অর্জন সম্ভব হয়েছে। শান্তিরক্ষী বাহিনীর কার্যক্রমে অংশগ্রহণ করে এ দেশের সন্তানেরা শুধু বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনেননি, এনেছেন বহু কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা। শান্তিরক্ষী কার্যক্রমে অংশগ্রহণ করে আমাদের সেনারা তাদের সহায়ক সামগ্রী বয়ে নিয়ে গেছেন, ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হয়েছে।
একমাত্র পেশাগত দক্ষতা, সাহসী ভূমিকা এবং আনুগত্যের ফলে শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা শান্তি প্রত্যাশী মানুষের প্রশংসা ও গর্বের কারণ হয়ে দাঁড়িয়েছে। সশস্ত্র বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রশাসক, পুলিশ অফিসার, অর্থনীতিবিদ, আইন বিশেষজ্ঞ, নির্বাচন পর্যবেক্ষক, মানবাধিকার কর্মী, বেসামরিক প্রশাসনের বিশেষজ্ঞরা, মানবিক কার্যক্রমে অংশগ্রহণকারী কর্মীরা আজ বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন। আজকের বিশ্ব বহুমুখী চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ায় জাতিসংঘ বাহিনীকে নতুন থেকে নতুনতর পরিস্থিতি মোকাবেলা, আবহাওয়া পরিবর্তন, দূষণসহ বিভিন্ন সমস্যা সমাধানের পথ খুঁজতে হচ্ছে।
এ দিনটিতে বাংলাদেশ বিশেষভাবে স্মরণ করে সেই ১০৮জন সোনার সন্তানদের যারা বিশ্বশান্তি প্রতিষ্ঠার মহান উদ্দেশ্যে দেশ ছেড়ে সুদূর প্রবাসে গিয়ে জীবনদান করেছেন। তাদের আত্মত্যাগে আজ বাংলাদেশ সবার কাছে শান্তি স্থাপনকারী বীরের দেশ হিসাবে প্রতিভাত হচ্ছে।
লেখক :সাবেক সেনা কর্মকর্তা