শরীরচর্চা শিক্ষকগণ পেশাগত বৈষম্যের শিকার
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২১:২৫
সরকারি-বেসরকারি কলেজের শরীরচর্চা শিক্ষকগণ নানাবিধ পেশাগত বৈষম্যের শিকার। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা-অভিজ্ঞতা থাকলেও নিয়োগবিধির কারণে পদোন্নতির সুযোগ নেই। নিম্ন পদমর্যাদার এই শিক্ষক শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয়ের শিক্ষক হওয়া সত্ত্বেও কলেজের ক্রীড়া উপ-কমিটির সম্পাদক হতে পারেন না। স্বাভাবিক নিয়মে শরীরচর্চা শিক্ষককে কলেজ পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি হওয়ার সুযোগ দেয়া হয় না। শিক্ষক পরিষদের সদস্য হয়ে অন্যদের নির্বাচিত করার সুযোগ থাকলেও অন্য শিক্ষকগণ ক্রীড়া শিক্ষককে নির্বাচিত বা মনোনীত করার ঔদার্য দেখান না। কেননা বরাবরের মতো কলেজের সকল কমিটিতে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারি অধ্যাপক ও প্রভাষকের জ্যেষ্ঠ্যতা বিচার করা হয়। প্রভাষক থেকে নিম্ন পদমর্যাদার হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষকের মতামত উপেক্ষিত, গুরুত্বহীন। শিক্ষকের নিম্ন পদমর্যাদা ও শারীরিক শিক্ষা একাদশ-দ্বাদশ শ্রেণীতে ২০১৩ সালে পাঠ্যক্রমভুক্ত হওয়ার সিদ্ধান্ত থাকলেও বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কলেজ পর্যায়ে খেলাধুলা ক্রমশঃ স্তিমিত হতেই থাকবে। প্রাণচাঞ্চল্যে ভরা ব্যাপক ক্রীড়া উত্সাহী শিক্ষকটিও একসময় চোখ-কান বুজে কোনোরকমে চাকরি জীবন পার করতে ব্যস্ত। প্রসঙ্গত, ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ানদের ডিপ্লোমার সঙ্গে মাস্টার্স ডিগ্রির ভিত্তিতে প্রভাষককে অনুরূপ বেতন স্কেল ও পদোন্নতি দেয়া হয়। একইভাবে অতীতে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রির অপ্রতুলতায় স্নাতকসহ কোর্স সার্টিফিকেটের সঙ্গে যে কোনো বিষয়ে মাস্টার্সের ভিত্তিতে কম্পিউটার শিক্ষা ও সাচিবিক বিদ্যার প্রভাষক নিয়োগের বিধান থাকলেও শরীরচর্চা শিক্ষকদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হয় না। শারীরিক শিক্ষা একটি স্বীকৃত বিষয়, যে বিষয়ে আমাদের দেশে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্স, মাস্টার্স ও বিপিএড ডিগ্রির পাশাপাশি ক্রীড়া বিজ্ঞানে ডিপ্লোমা দেয়া হচ্ছে। এই পেশায় আকৃষ্ট করতে কলেজের শরীরচর্চা শিক্ষক নিয়োগ বিধির পরিবর্তন আবশ্যক। এক্ষেত্রে স্নাতক বিপিএডসহ সংশ্লিষ্ট বিষয় বা অন্য বিষয়ে মাস্টার্সের ভিত্তিতে শরীরচর্চা শিক্ষকদের আপগ্রেড করে প্রভাষকের মর্যাদা দিয়ে দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনা বৈষম্যের অবসান করার জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
চঞ্চল কুমার কর্মকার,
শরীরচর্চা শিক্ষক, কুমারখালী কলেজ, কুষ্টিয়া