ভেনিজুয়েলায় গুয়াইদোর ডেপুটি আটক, যুক্তরাষ্ট্রের ক্ষোভ প্রকাশ

ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদোর কংগ্রেসনাল ডেপুটি এদগার জামব্রানোকে আটক করেছে দেশটির গোয়েন্দা সংস্থা । বুধবার নিজের গাড়ির ভেতরে বসে থাকা অবস্থাতেই আটক হন তিনি। একটি ট্রাকের সাহায্যে এদগারের গাড়িকে টানতে টানতে নিজেদের সদর দফতরে নিয়ে যান গোয়েন্দারা। এই ঘটনায় ক্ষোভ জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। এদগারকে মুক্তি না দিলে পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।

নির্বাচনি কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে এ বছরের শুরুতে ভেনিজুয়েলায় বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে গত জানুয়ারিতে নিজেকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন গুয়াইদো। বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে অবৈধ উল্লেখ করে তাকে সরে দাঁড়াতে আহ্বান জানান। কিন্তু দাবি উপেক্ষা করে ক্ষমতা আঁঁকড়ে আছেন মাদুরো। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশের সমর্থন পেয়েছেন গুয়াইদো। গত সপ্তাহে এক ভিডিও বার্তায় আকস্মিক অভ্যুত্থানের ঘোষণা দেন গুয়াইদো। ভিডিওতে তার সঙ্গে বেশ কয়েকজন সামরিক সদস্যকেও দেখা যায়। তবে পরদিনই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, গুয়াইদোর ষড়যন্ত্র নস্যাত করে দেয়া হয়েছে।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এদগার একটি টুইট করেন। সেখানে তিনি লিখেছিলেন, গোয়েন্দা সংস্থার সদস্যরা রাজধানীর লা ফ্লোরিডাতে ডেমোক্র্যাটিক অ্যাকশন পার্টির সদর দফতরের বাইরে তার গাড়ি ঘেরাও করে রেখেছে। পরে গাড়িসহ তাকে টেনে নিয়ে যাবার কথা জানান। যুক্তরাষ্ট্র এই ঘটনাকে ‘অবৈধ ও অমার্জনীয়’ বলে হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে, টুইটারে গুয়াইদো বলেছেন, সরকার তার ভাইস প্রেসিডেন্টকে অপহরণ করেছে। -বিবিসি