উত্তর কোরিয়া এক সপ্তাহেরও কম সময়ে দ্বিতীয়বারের মত দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী একথা জানিয়েছে। উত্তর কোরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনো-রি ঘাঁটি থেকে ছোড়া এ ক্ষেপণাস্ত্র দু’টি ৪২০ কিলোমিটার এবং ২৭০ কিলোমিটার পথ অতিক্রম করেছে। এ ক্ষেপণাস্ত্রগুলো ঠিক কি ধরনের তা তাত্ক্ষণিকভাবে বলতে পারেননি বিশ্লেষকরা।
জানা গেছে, ক্ষেপণাস্ত্র দুটি পূর্ব দিকে ছোড়া হয়। পরমাণু আলোচনায় অচলাবস্থা অবসানের পথ খুঁজতে শীর্ষ এক মার্কিন দূত দক্ষিণ কোরিয়া সফরে থাকাকালে উত্তর কোরিয়া এ পরীক্ষা চালাল। ধারণা করা হচ্ছে, বাণিজ্যিক নিষেধাজ্ঞার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো ছাড় না পেয়ে এখন তাদের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে উত্তর কোরিয়া।
জাহাজ আটক: এদিকে, যুক্তরাষ্ট্র জানিয়েছে আন্তর্জাতিক বাণিজ্যিক নিষেধাজ্ঞা অমান্য করার জন্য উত্তর কোরিয়ার একটি কয়লার জাহাজ আটক করা হয়েছে। ওয়াশিংটন এবং পিয়ংইয়ংয়ের মধ্যে সাম্প্রতিক অবনতি হওয়া সম্পর্কের মধ্যেই জাহাজ আটকের ঘটনাটি ঘটল। তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। -বিবিসি