আচরণবিধি লঙ্ঘনে মোবাইল কোর্টে জেল-জরিমানা

সিটি করপোরেশন নির্বাচনে কঠোরভাবে আচরণবিধি লংঘনের ঘটনা ঠেকাতে মোবাইল কোর্টের মাধ্যমে জেল-জরিমানার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক বরাদ্দের পরই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রকাশ্য মিছিল-মিটিং ও শো-ডাউন করেছে। এই অবস্থায় প্রার্থীদের আচরণবিধি সঠিকভাবে মেনে চলার তাগিদ দিয়েছে কমিশন। একই সঙ্গে মন্ত্রিসভার সদস্যসহ দায়িত্বশীল সরকারি পদে থাকা ব্যক্তিদের নির্বাচনী প্রচারণা বা কার্যক্রমে অংশগ্রহণ না করার আহ্বান জানানো হয়েছে। এ প্রসঙ্গে ইসি সচিবালয়ের সচিব ড. মোহাম্মদ সাদিক ইত্তেফাককে বলেন, ২৪ ঘন্টায় আচরণবিধি মনিটরিং করা হচ্ছে। কোন প্রার্থী আচরণবিধি লংঘন করলে তার প্রার্থিতা বাতিল করা হবে। ইসি সূত্র জানিয়েছে, গত সোমবার প্রতীক বরাদ্দের পর চার সিটি নির্বাচনী এলাকায় কয়েকজন মেয়র ও কাউন্সিলর প্রার্থী প্রকাশ্য মিছিল-মিটিং করেছেন। এমনকি খুলনা সিটি করপোরেশনের এক মেয়র প্রার্থীর পক্ষে দুইটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি অংশ নিয়েছেন। কমিশন বলছে, কেউ আচরণবিধি লংঘন করলে এখন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কোন প্রার্থী বা তার কোন সমর্থক আচরণ বিধি লংঘন করলে সংশ্লিষ্টকে ছয় মাস কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার চিন্তা-ভাবনা করা হচ্ছে। দ্রুত এই বিধান বাস্তবায়ন করা হবে। এদিকে, চার সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র, কাউন্সিলর প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের কর্মকাণ্ডের উপর গোপন নজরদারি শুরু করেছে কমিশন। ইসির নিজস্ব টিম তাদের গতিবিধি সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। সামনে কিংবা অগোচরে কোন ধরনের ঘটনা ঘটলে তাত্ক্ষণিক সতর্ক করে চিঠি দেয়া হচ্ছে। ইতিমধ্যে মেয়র ও কাউন্সিলরসহ প্রায় অর্ধশতাধিক প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সতর্ক করা হয়েছে। আচরণবিধি ঠিকভাবে পালন করা হচ্ছে কিনা তা পর্যালোচনা করার জন্য ইতিমধ্যে চার সিটিতে ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। গত সোমবার থেকে ১৬ জুন পর্যন্ত ২১ দিনের জন্য তারা দায়িত্ব পালন করবেন। দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট আইন, ২০০৯, এর আওতায় দায়িত্ব পালন করবেন। তাত্ক্ষণিক বিচার কার্য সম্পন্ন করার জন্য প্রতিটি করপোরেশন এলাকায় পাঁচ জন করে মোট ২০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হচ্ছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা ভোটগ্রহণের পূর্বের দুই দিন, ভোটগ্রহণের দিন এবং ভোট গ্রহণের পরের দিন অর্থাত্ ১৩ জুন থেকে ১৬ পর্যন্ত চারদিন ভ্রাম্যমাণ সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করবেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কমিশনের সঙ্গে আজ বৃহস্পতিবার আইন-শৃঙ্খলা বাহিনীর বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠক থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে ইসি। মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বিষয়ে নিষেধাজ্ঞা কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালার ১৪ ধারা অনুযায়ী-জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চীফ হুইপ, হুইপ এবং সরকারের কোন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপ-মন্ত্রী বা তাঁদের সমপদ মর্যাদাসম্পন্ন সরকারি সুবিধাভোগী কোন ব্যক্তি, নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। এছাড়াও কোন সরকারি কর্মকর্তা, কোন নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ বা নির্বাচনী কার্যক্রমে হস্তক্ষেপ করতে পারবেন না। তবে উল্লিখিত ব্যক্তি বা ব্যক্তিগণ সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হলে তিনি কেবল তার ভোট প্রদানের জন্য উক্ত এলাকায় যেতে পারবেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর সিটি করপোরেশন এলাকায় কোন প্রার্থী বা তার পক্ষে কেউ নির্বাচনী কাজে সরকারি প্রচারযন্ত্র, সরকারি যানবাহন, অন্য কোন সরকারি সুযোগ-সুবিধা ভোগ এবং সরকারি কর্মকর্তা বা কর্মচারিগণকে ব্যবহার করতে পারবেন না। নির্বাচন-পূর্ব সময়ে সিটি করপোরেশনের মেয়র বা কাউন্সিলর বা অন্য কোন পদাধিকারী সংশ্লিষ্ট সিটি করপোরেশন এলাকায় উন্নয়নমূলক কোন প্রকল্প অনুমোদন বা ইতিপূর্বে অনুমোদিত কোন প্রকল্পে অর্থ অবমুক্ত বা প্রদান করতে পারবেন না।