বিদ্যুত্ ও জ্বালানি খাতে বরাদ্দ বাড়ছে দেড় হাজার কোটি টাকা

২০১৩-১৪ অর্থ বছরের বাজেটে বিদ্যুত্ ও জ্বালানি খাতে দেড় হাজার কোটি টাকা বেশি বরাদ্দ রাখা হচ্ছে। আগামী বাজেটে এই খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ থাকছে। জানা গেছে, বর্ধিত অর্থ নতুন বিদ্যুত্ কেন্দ স্থাপন, চলমান কেন্দ গুলোর কাজ এগিয়ে নেয়া এবং গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে খরচ করা হবে। বিদ্যুত্ খাতের মোট বরাদ্দের ৯০ শতাংশই খরচ করা হবে বিদ্যুত্ উত্পাদনে। আগামী অর্থবছরে বিদ্যুত্ ও জ্বালানি খাতে প্রায় ১১ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে। এর মধ্যে বিদ্যুত্ খাতে আট হাজার ৬০০ কোটি টাকা ও জ্বালানি খাতে দুই হাজার ২২৫ কোটি টাকা বরাদ্দ থাকছে। এছাড়াও ছয় হাজার কোটি টাকা থোক বরাদ্দ রাখা হতে পারে বিদ্যুত্ ও জ্বালানির ভর্তুকি হিসেবে, বিশেষ করে জ্বালানি তেল আমদানিতে ভর্তুকি দেয়ার জন্যে। সূত্র জানান, বিদ্যুতের জন্য প্রায় ১০ হাজার কোটি টাকার প্রস্তাব দেয়া হয়েছিল। তবে এটি কমিয়ে অর্থ মন্ত্রণালয় আট হাজার ৬০০ কোটি টাকার জন্য সুপারিশ করেছে। এরমধ্যে ছয় কোটি ৪০ লাখ টাকা বাদে পুরোটা উন্নয়ন বাজেটে বরাদ্দ থাকবে। বিদ্যুতের উন্নয়ন বাজেটে মোট ৫৪টি প্রকল্পর জন্য বরাদ্দ দেয়া হচ্ছে। এর মধ্যে মাত্র ৬টি প্রকল্প নতুন। বাকিগুলো চলমান। কোনটা শেষ পর্যায়ে কোনটা শুরু হয়েছে মাত্র। বড় প্রকল্পগুলোর মধ্যে ভোলায় বিদ্যুত্ কেন্দ্রের জন্য ৪৫০ কোটি টাকা, ৮৫০ মেগাওয়াট ক্ষমতার পিকিং পাওয়ার প্লান্টের জন্য ৭৫০ কোটি টাকা, সিদ্ধিরগঞ্জ ৩২৫ মেগাওয়াট বিদ্যুত্ কেন্দ্রের জন্য এক হাজার ৩৭ কোটি টাকা, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির জন্য ৪০০ কোটি টাকা, হরিপুরের ৩৩৬ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুত্ কেন্দ্রের জন্য ৫৭১ কোটি টাকা, সিরাজগঞ্জ ১৫০ মেগাওয়াট বিদ্যুত্ কেন্দ্রের জন্য ৬০০ কোটি টাকা বরাদ্দ রাখা হবে। এর বাইরে আরইবির ১৮ লাখ গ্রাহকের বিদ্যুত্ সংযোগ প্রকল্পের জন্য ৯৭৫ কোটি টাকা, বিবিয়ানা-কালিয়াকৈর সঞ্চালন লাইনের জন্য ৩১০ কোটি টাকা, ভারত থেকে বিদ্যুত্ আনতে গ্রিড লাইন স্থাপনে ২১০ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে। পাওয়ার জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) বিদ্যুতের সঞ্চালন লাইন স্থাপনে ৮৬৪ কোটি টাকা চেয়েছে। আরইবি চেয়েছে দুই হাজার ৪০০ কোটি, ঢাকা বিদ্যুত্ বিতরণ কোম্পানির চাহিদা ৬০০ কোটি টাকা, পশ্চিমাঞ্চল বিদ্যুত্ বিতরণ কোম্পানি চেয়েছে ১০৬ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, এবারের বিদ্যুতের উন্নয়ন বাজেটে অনেকগুলো বড় প্রকল্প থাকায় খরচও বেশি হবে। প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি আছে পল্ল¬ী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি)। আরইবির চলতি প্রকল্পগুলোর প্রাক্কলিত খরচ প্রায় নয় হাজার ২০০ কোটি টাকা। বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চলমান প্রকল্প মোট খরচ দুই হাজার ৩৮২ কোটি টাকা, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) প্রকল্প খরচ এক হাজার ৬০৮ কোটি টাকা। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির চলতি প্রকল্পের প্রাক্কলিত খরচ এক হাজার ৪১৮ কোটি টাকা। অন্যদিকে জ্বালানি খাতের ২০১৩-১৪ অর্থবছরের উন্নয়ন বাজেটে মোট ৩০টি প্রকল্পের জন্য খরচ ধরা হয়েছে দুই হাজার ২২৫ কোটি টাকা। জ্বালানি খাতে গত অর্থবছর বরাদ্দ ছিল এক হাজার ৬৪৮ কোটি টাকা। যার মধ্যে অনুন্নয়ন খাতে বরাদ্দ ছিল ৪০ কোটি এবং উন্নয়ন খাতে এক হাজার ৬০৮ কোটি টাকা। অর্থাত্ এ বছর ৫৭৭ কোটি টাকা বেশি বরাদ্দ দেয়া হচ্ছে।