গাজীপুর সিটি নির্বাচন
বিএনপি’র সম্ভাব্য মেয়র
প্রার্থী হাসানউদ্দিনের
মতবিনিময়
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২১:৪৯
গাজীপুর সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি থেকে সম্ভাব্য মেয়র প্রার্থী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার গত মঙ্গলবার জেলা শহরের দলীয় কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। সভায় হাসান উদ্দিন সরকার বলেন, আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া হবে না। বিএনপি নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক। তবে আমরা অস্ত্রমুক্ত, সন্ত্রাসমুক্ত নির্বাচন চাই। এ নির্বাচন হবে একটি টেস্ট কেস। তিনি বলেন, এ নির্বাচনে বিএনপি ঐক্যবদ্ধ থেকে মেয়র পদে একক প্রার্থী দেবে। বিএনপি থেকে মনোনয়ন দেয়া হলে তিনি নির্বাচন করবেন। সভায় পৌর বিএনপির সভাপতি মীর হালিমুজ্জামান ননী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ডা. মাজহারুল ইসলাম, সাখাওয়াত্ হোসেন সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মতিয়ার রহমান জানান, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদে আরো দুই জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হলেন- বিএনপি নেতা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার ও মেজবাহ উদ্দিন সরকার রুবেল। এ নিয়ে মেয়র পদে মোট ৬ জন প্রার্থী মানোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়া সংরক্ষিত মহিলা পদে মঙ্গলবার পর্যন্ত ৯৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৮৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।