হাইকোর্টের নির্দেশে প্রার্থিতা
ফিরে পেলেন সরিফুল
ইসলাম বাবু
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২১:৫০
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) এক নম্বর প্যানেল মেয়র ও ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু হাইকোর্টের নির্দেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন। আদালতের নির্দেশে রিটার্নিং অফিসার তাকে ‘কেতলি’ প্রতীক বরাদ্দ দিয়েছেন। গত ১৯৯৪, ২০০২ ও ২০০৮ সালের রাসিক নির্বাচনে ১২ নং ওয়ার্ড থেকে হ্যাটট্রিক নির্বাচিত কমিশনার/কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু আসন্ন নির্বাচনে একই ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু প্রাথমিক বাছাইয়ের সময় রিটার্নিং অফিসার ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেন। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে বাবু বিভাগীয় কমিশনারের নিকট আপিল করেন। কিন্তু বিভাগীয় কমিশনার হেলালুদ্দীনও তার মনোনয়নপত্র বাতিলের আদেশ বহাল রাখেন। উক্ত আদেশের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট করেন। সোমবার শুনানি শেষে হাইকোর্ট বিভাগের দ্বৈত ডিভিশন বেঞ্চের বিচারপতি নাঈমা হায়দার এবং বিচারপতি জাফর আহমেদ তার প্রার্থিতা বৈধ ঘোষণা এবং রিটার্নিং অফিসারকে নির্বাচনী প্রতীক বরাদ্দের আদেশ দেন।