নারী শ্রমিকদের নিরাপত্তায় এগিয়ে আসুন
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২১:৫০
নারী শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধি ও কর্ম পরিবেশ উন্নয়নে সুইডেন ও কানাডার সহযোগিতা চেয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বুধবার বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত এনেলি লিন্ডাল কেন্নি ও কানাডীয়ান হাইকমিশনার হেদার ক্রুডেন তার সঙ্গে সংসদ ভবনের কার্যালয়ে সাক্ষাত্ করে এ বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপ জানতে চাইলে তিনি এ সহযোগিতা চান।
স্পিকার বলেন, বর্তমানে বাংলাদেশের নারী সমাজ যথেষ্ট সচেতন। তারা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখছে। তাই নারী সমাজের উন্নয়নকে বাধাগ্রস্ত করে এমন কোন কাজকে সরকার সমর্থন করবে না।
নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে পোশাক শিল্প একটি উল্লেখযোগ্য খাত উল্লেখ করে স্পিকার বলেন, বাংলাদেশের কর্মজীবী মহিলাদের বিরাট একটি অংশ এ খাতে নিয়োজিত। তিনি এ খাতে নারী শ্রমিকদের স্বাস্থ্য পরিচর্যা কর্মক্ষেত্রে নিরাপত্তা ও কর্ম পরিবেশের উন্নয়নসহ তাদের মৌলিক চাহিদা পূরণে ভূমিকা রাখার জন্য রাষ্ট্রদূতদের অনুরোধ জানান।