বরিশালে মাইক ব্যবসা
জমজমাট, প্রতিদিনের রেট ৫শ’ টাকা
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২১:৫১
দীর্ঘ সাড়ে ৪ বছর পর সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে মাইক ব্যবসা। মেয়র থেকে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী পর্যন্ত সকলেই প্রচার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন মাইকিং। মাইকের হঠাত্ করে চাহিদা বেড়ে যাওয়ায় মাইক ব্যবসায়ীরা দীর্ঘদিনের লোকসান পুষিয়ে কয়েকগুণ লাভ করছেন। কয়েকগুণ বেশি ভাড়া দিয়েও অনেক প্রার্থী যথাসময়ে মাইক পাচ্ছেন না। ভোরের আলো ফোটার সাথে সাথেই ৬০ বর্গ কিলোমিটার নগরীতে শুরু হয় মাইকের গর্জন। কান ফাটা শব্দে নানামুখী শ্লোগান চলে গভীর রাত পর্যন্ত। প্রার্থীর মার্কা ও তাদের নামের সাথে ছন্দ মিলিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে রিকশা, অটো রিকশা ও টেম্পো নিয়ে চলে এ মাইকিং। বড় ধরনের কোনো জনসভার পরিবর্তে প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন।
মাইক দোকানীরা জানান, প্রতিদিন একজন প্রার্থীর কাছে প্রতিটি মাইক ভাড়া দেয়া হচ্ছে ৫শ’ থেকে ৬শ’ টাকায়। তার পরও প্রার্থীদের চাহিদা অনুযায়ী মাইক সরবরাহ সম্ভব হচ্ছে না।