ট্রাম্পের ছেলেকে সিনেট ইন্টেলিজেন্স কমিটিতে তলব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়রকে তলব করেছে দেশটির সিনেটের ইন্টেলিজেন্স কমিটি। তিনি সিনেটের বিচার বিভাগীয় কমিটির সামনে ২০১৭ সালের সেপ্টেম্বরে যে সাক্ষ্য দিয়েছেন সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতেই তলব করা হয়েছে। বর্তমানে মার্কিন সিনেট ক্ষমতাসীন দল রিপাবলিকানদের দ্বারাই নিয়ন্ত্রিত। কিন্তু বিচার বিভাগীয় কমিটির সামনে দেয়া ট্রাম্প জুনিয়রের বক্তব্যের সঙ্গে প্রেসিডেন্টের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের বক্তব্যে অমিল পাওয়া গেছে। একারণে তাকে ফের তলব করা হয়েছে।

মাইকেল কোহেন সমপ্রতি মার্কিন কংগ্রেসে উন্মুক্ত সাক্ষ্য দিয়েছেন যা ট্রাম্প জুনিয়রের দেয়া বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পক্ষে রুশ হস্তক্ষেপের অভিযোগে একটি দীর্ঘ তদন্ত শেষ হয়েছে। সিনেটের ইন্টেলিজেন্স কমিটি সেই তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট। কমিটিতে ট্রাম্পের জামাতা জারেড কুশনারও দু’বার সাক্ষ্য দিয়েছেন। সিনেটের বিচার বিভাগীয় কমিটিতে ট্রাম্প জুনিয়র সাক্ষ্য দিতে গেলে মস্কোতে একটি ট্রাম্প টাওয়ার নির্মাণ পরিকল্পনার বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়েছিলো। জবাবে এই প্রকল্পের বিষয়ে আগে থেকে তেমন কিছু জানতেন না বলে মন্তব্য করেছিলেন ট্রাম্পপুত্র। তবে মাইকেল কোহেন এই বিষয়ে তাকে ও তার বোন ইভাঙ্কা ট্রাম্পকে প্রায় ১০ মিনিট ধরে বুঝিয়েছিলেন বলে সাক্ষ্য দিয়েছেন মাইকেল কোহেন। একারণে ট্রাম্প জুনিয়রকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করতে চায় ইন্টেলিজেন্স কমিটি। -সিএনএন