সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে জুনে অভিযান
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২১:৫১
জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানবাহনের বিরুদ্ধে ৯ জুনের পর সর্বাত্মক অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। তিনি বলেন, যতই অপ্রিয় হোক ও যত বাধাই আসুক এ অভিযান অব্যাহত থাকবে। বুধবার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) প্রধান কার্যালয়ে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, যদিও সরকারের শেষ সময়, তবুও কাজটি সম্পন্ন করে যেতে চাই। এজন্য প্রধানমন্ত্রী গত ২৭ মে নিরাপদ সড়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করে দিয়েছেন। এ কমিটির প্রথম বৈঠক বসবে ৯ জুন। তবে মঙ্গলবারই সাভার থেকে এ কার্যক্রম শুরু করা হয়েছে।
ঢাকার গণপরিবহন সংকট নিরসনে সরকার উদ্যোগ নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার এসি মিনিবাস আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। চার-পাঁচ হাজার মিনিবাস ও ট্যাক্সিক্যাব আনা হবে।
বিআরটিএ’র চেয়ারম্যান আনম আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক বার্কিজ গোমেজ প্রমুখ।