পুনঃঅর্থায়নে তহবিল দেবে বাংলাদেশ ব্যাংক
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২১:৫১
শেয়ারবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফ ও ঋণ পুনঃতফসিল করতে এক হাজার ২৬৬ কোটি ৬৯ লাখ টাকার তহবিল দেবে বাংলাদেশ ব্যাংক। তবে বাংলাদেশ ব্যাংক সরাসরি মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোকে পুনঃঅর্থায়ন করবে না। বাংলাদেশ ব্যাংক তার মুনাফা থেকে সরকারকে যে অর্থ দেয়, তা থেকেই এ তহবিল গঠন করা হবে। আর এ তহবিলের ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি।
সোমবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে সরকারকে তহবিল দেয়ার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে বৈঠকে পর্ষদের বেশিরভাগ সদস্য এবং কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ১০ মাসের মুনাফার ওপর গড় করে চলতি ২০১২-১৩ অর্থবছরে চার হাজার কোটি টাকা ধরা হয়েছে। এ মুনাফা থেকে আইসিবিকে অর্থ দেয়া হবে। আগের অর্থবছরে মুনাফা হয়েছিলো দুই হাজার ৫০০ কোটি টাকা। এছাড়াও বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের ২০১১-১২ অর্থবছরের সংশোধিত বার্ষিক হিসাব বিবরণী এবং এসএমই ঋণের ওপর একটি পর্যবেক্ষণ উপস্থাপনসহ অভ্যন্তরীণ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে।