কামরান-আরিফুলকে ঘিরেই উত্তাপ
বিবেচনায় জাতীয় ইস্যুগুলোও
হুমায়ুন রশিদ চৌধুরী, সিলেট অফিস
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২১:৫১
এবার সিসিক নির্বাচনে শুরুতেই বৈরী আবহাওয়া। তারপরও ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে নগরী। এগুলো আবার বৃষ্টিতে ভিজে গেলে প্রার্থীদের বাড়তি খরচ যোগ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই নগরীতে ভোট চেয়ে মাইকিং এর আওয়াজে পাড়া-মহল্লা মুখরিত। প্রার্থীরা ব্যাপক প্রচারণায় মেতে উঠেছেন। তবে সিলেটে ৩ জন মেয়র পদ প্রার্থীর মধ্যে দুজনকে ঘিরেই ধীরে-ধীরে উত্তাপ বইতে শুরু করেছে। অপরজন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিমন তালা প্রতীক নিয়ে যেন তালাবদ্ধ হয়েই আছেন। এখনো আলোচনায় আসতে পারছেন না তিনি। যে দু’জন মেয়র প্রার্থীকে নিয়ে উত্তাপ—তারা হচ্ছেন: ১৪ দল প্রার্থী সাবেক মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এবং ১৮ দলের প্রার্থী ও সিলেট মহানগর বিএনপি’র সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরী।
নির্বাচনী প্রচারণার তৃতীয় দিন বুধবার ১৮ দল ও ১৪ দলের দুই মেয়র প্রার্থী সকাল থেকেই গণসংযোগে নামেন। সকাল ৯টায় নগরীর ১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেন সম্মিলিত নাগরিক জোট মনোনীত ১৮ দলের প্রার্থী আরিফুল হক চৌধুরী। তিনি রাজারগলি এলাকায় প্রথমে গণসংযোগ করেন। এ সময় জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাদ্রাসার ছাত্রদের সাথে কুশল বিনিময় করেন। বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সমপাদক ডা: সাখাওয়াত হাসান জীবনসহ দলীয় নেতা-কর্মীরা তার সাথে ছিলেন। এদিকে, ১৪ দল সমর্থিত সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান সকাল সাড়ে ১০টায় নগরীর সিলেট রেলস্টেশন ও ভার্থখলা এলাকায় গণসংযোগ করেন। তিনি রেলস্টেশন এলাকায় নারী-পুরুষ ও রিকশা চালকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি এ সময় হযরত গাইবী শাহ (রহ:)এর মাজার জিয়ারত করেন।
যদিও সিটি কর্পোরেশন নির্বাচন স্থানীয় সরকারের অধীনে কিন্তু সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনটি জাতীয় রাজনৈতিক প্রভাবমুক্তও নয়। চলে এসেছেন কেন্দ্রীয় নেতারাও। কেন্দ্রের বাছাই করা বক্তাদের আনারও প্রস্তুতি নেয়া হয়েছে। তখন বুঝি ভোট যুদ্ধের মাত্রা আরো এক ধাপ বৃদ্ধি পাবে। ইতিমধ্যে অবশ্য নির্বাচনী প্রচারণায় জাতীয় পর্যায়ের রাজনৈতিক ইস্যুগুলোও প্রাধান্য পাচ্ছে। এ আলোচনায় সরকার ও বিরোধী দলের পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক চলছে।
নগরীর সচেতন অনেক ভোটার বলছেন ‘‘ধীরে ধীরে সিসিক নির্বাচনে সেই বিচার বিশ্লেষণেই রায় হবে’’। তাদের যুক্তি, সংসদ নির্বাচনে সিলেট-১ আসনকে গুরুত্ব দেয়া হয়। মনে করা হয় এ আসনে যে দলের প্রার্থী জয় লাভ করেন সে দল সরকার গঠন করে থাকে। আর এ মিথ্যটি কয়েক দশক থেকে চালু আছে। তাই স্বাভাবিক ভাবে সিলেট সিটি নির্বাচনে দল সমর্থিত মেয়র প্রার্থীর প্রতি কেন্দ্রের আগ্রহ বেশি।
তাই সিলেটের দু’বারের মেয়র,কামরানের সাথে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি’র হাইকমান্ড বেশ ভেবে-চিন্তে নিজ ঘরানার চার প্রার্থীকে বসিয়ে দিয়ে একক প্রার্থী দিয়েছে আরিফুল হক চৌধুরীকে । অবশ্য এ ক্ষেত্রে আওয়ামী লীগও যে বসে আছে তা নয়। কেন্দ্রীয় নেতারা এমনকি সরকার ও দলের প্রভাবশালীরা সার্বক্ষণিক মনিটরিং করছেন ১৪ দল প্রার্থীর বিষয়ে। সূত্র মতে তারা সিলেটের অনেককেই ঢাকায় নিয়ে তাদের পক্ষে কাজ করার জন্য অনুরোধ করেছেন।
এদিকে সিলেটের দু’মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ও আরিফুল হক চৌধুরী স্থানীয় ইস্যুগুলো নিয়ে ভোটারদের মন কাড়তে চাচ্ছেন।
এই দুই হেভিওয়েট প্রার্থীর নির্বাচনী প্রচারণা বেশ জমে উঠেছে। আরিফ পেয়েছেন টেলিভিশন প্রতীক, কামরান পেয়েছেন আনারস প্রতীক। তারা প্রতীক হাতে সমাজের উচ্চবিত্ত থেকে খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে যাচ্ছেন। নিজ নিজ পক্ষে যুক্তি দিচ্ছেন। আর নির্বাচিত হলে কি করবেন- প্রতিশ্রুতি দিচ্ছেন। এবার বদর উদ্দিন কামরানের ভোটের ইস্যু হচ্ছে:সিলেট নগরীকে আধ্যাত্মিক ও পর্যটন নগরী হিসাবে গড়ে তোলা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা। আর আরিফুল হকের প্রধান ইস্যু হচ্ছে: দুর্ভোগ ও জঞ্জালমুক্ত পরিকল্পিত আধুনিক নগরী উপহার দেয়া।