ফুলবাড়ী সীমান্ত রক্ষা বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোটাল সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফ’র কাঁটাতারের বেড়া নির্মাণ করা নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। চলতি মাসের মাঝামাঝি সময়ে বিএসএফ অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বিজিবি তীব্র প্রতিবাদ করে। তখন তারা নির্মাণ করা কাঁটাতারের বেড়া সরিয়ে নেয়। এরপর গতকাল বুধবার বিকালে আবার একই সীমান্তে বিএসএফ সদস্যরা জড়ো হয়ে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে উত্তেজনা দেখা দেয়। এ পরিস্থিতিতে ওই সীমান্ত এলাকায় বিজিবির অতিরিক্ত টহল জোড়দার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারতীয় কিশামত করলা এবং বাংলাদেশের খলিশাকোটাল আন্তর্জাতিক পিলারের পূর্ব পাশ দিয়ে ভারতের কুর্শারহাট দিনহাটা রাস্তার আন্তর্জাতিক সীমানা পিলারের জিরো লাইন থেকে ৫০ গজ ভারতের সীমানার ভেতরে গতকাল ৩ ফুট উঁচু কাঁটাতারের বেড়ার নির্মাণ শুরু করে বিএসএফ। বিষয়টি বিজিবি জানতে পেরে তীব্র প্রতিবাদ জানিয়ে ১২৪ বিএসএফ বশকোটাল বিওপিকে প্রতিবাদপত্র পাঠায়। এ নিয়ে গতকাল বুধবার বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে স্থানীয়রা জানায়। কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল জিয়াউল হক খালেদ জানান, অনুমোদিত এলাকা ছাড়া বিএসএফ যদি কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায়; তা আমরা করতে দেব না। অবশ্যই আমাদের জানিয়ে বিএসএফকে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হবে।