রামু সহিংসতার ৮ মাস
এখনো ধরাছোঁয়ার বাইরে ঘটনার মূল পরিকল্পনাকারীরা
রামু (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২২:৪০
কক্সবাজার এর রামু উপজেলায় গত বছরের ২৯ সেপ্টেম্বরের সহিংসতায় ১২টি প্রাচীন বৌদ্ধবিহার ও ৩০টি বসতবাড়িতে অগ্নিসংযোগসহ শতাধিক বসতবাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। ঘটনার আট মাস পার হলেও এ পর্যন্ত ঘটনার মূল হোতা বা পরিকল্পনাকারী শনাক্ত হয়নি। তবে সহিংসতার পর পরই সরকার সেনাবাহিনীর তত্ত্বাবধানে বৌদ্ধ বিহার পুনঃনির্মাণ ও সংস্কার কাজ শুরু করে এবং বিজিবি’র তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পুনঃনির্মাণ ও সংস্কার কাজের দায়িত্ব দেয়। ইতিমধ্যে বসতবাড়ির কাজ সম্পন্ন করে বাড়ির মালিকদের বুঝিয়ে দিয়েছে বিজিবি। অপরদিকে বৌদ্ধ বিহার পুনঃনির্মাণ ও সংস্কার কাজ শেষ হতে আরও একমাস লাগবে বলে জানা গেছে। বৌদ্ধ বিহার ও বসতবাড়ি পুনঃনির্মাণ হলেও ঘটনার জড়িত দুর্বৃত্তরা আইনের আওতায় না আসায় বৌদ্ধদের মাঝে আস্থার সংকট কাটছে না।
রামুতে এক বৌদ্ধ যুবকের ফেসবুকে পবিত্র কোরআন অবমাননার ছবি সংযুক্ত (ট্যাগ) করার অভিযোগে গত বছরের ২৯ সেপ্টেম্বর একদল দুর্বৃত্ত ১২টি প্রাচীন বৌদ্ধবিহার ও ৩০টি বসতবাড়ি পুড়িয়ে দেয়। এ ঘটনায় আরো শতাধিক বসতবাড়িতে ভাঙচুর করা হয়। হামলার পরপরই পুলিশ বাদী হয়ে আটটি পৃথক মামলা করে। মামলায় ২০৩ জন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। এদের মধ্যে অনেকেই জামিনে বেরিয়ে এসেছে। রামু কেন্দ্রীয় বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের অন্যতম নেতা পলক বড়ুয়া (আপ্পু) ঘটনার আট মাসে বৌদ্ধ বিহার ও বসতবাড়ি’র পুনঃনির্মাণ কাজের সন্তোষ প্রকাশ করে বলেন, সহিংস ঘটনায় অভিযুক্তদের অনেকেই এখনো প্রকাশ্যে রয়েছে। তাদের আইনের আওতায় না আনা পর্যন্ত রামুর হারানো সমপ্রীতি যেমন ফিরে আসছে না, তেমনি বৌদ্ধদের উদ্বেগ উত্কণ্ঠাও কাটছে না। বাংলাদেশ বৌদ্ধ সমিতির রামু শাখার সভাপতি সুরেশ বড়ুয়া (বাঙ্গালী) বলেন, দুর্বৃত্তরা বৌদ্ধ বিহার থেকে স্বর্ণ, কষ্টি পাথর, শ্বেত পাথরের দুর্লভ শত শত বুদ্ধ মূর্তি লুট করে। আট মাস পেরিয়ে গেলেও ছোট আকৃতির মাত্র ১২টি পিতলের বৌদ্ধ মূর্তি উদ্ধার করা হয়েছে। রামু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকসেদুল মোমেন জানান, ‘রামু সহিংসতা মামলার কার্যক্রম নিষ্পত্তি করতে, তদন্ত কার্য অতি দ্রুততার সাথে এগিয়ে চলছে। মনিটরিং সেলের মাধ্যমে মামলা তদারকি করা হচ্ছে’। তাই এ ব্যাপারে বিস্তারিত কিছুই বলা যাচ্ছে না।