দক্ষিণাঞ্চলে আরেকটি পরমাণু বিদ্যুেকন্দ্র হবে :প্রধানমন্ত্রী
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২২:৪৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুেকন্দ্র স্থাপনের পর তার সাফল্য দেখে দেশের দক্ষিণাঞ্চলের চরে আরো একটি পারমাণবিক বিদ্যুেকন্দ্র স্থাপন করা হবে। আর রূপপুর কেন্দ্রের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ বিষয়ে কোন আপোষ করা হবে না।
বুধবার রূপসী বাংলা হোটেলে ‘পারমাণবিক শক্তি: অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক উন্নয়নের সুযোগ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে তিনি এ কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কমিশন রোশাটম যৌথভাবে এই সেমিনার আয়োজন করে।
বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. রফিকুল ইসলাম, রাশিয়ার বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত আলেক্সান্দার এ নিকোলায়েভ বক্তব্য দেন। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান আবু সায়ীদ মোহাম্মদ ফিরোজ।
শেখ হাসিনা বলেন, প্রতিটি ক্ষেত্রেই আমাদের দেশীয় সামর্থ্য অর্জন করতে হবে। এটা অত্যন্ত অপরিহার্য। আপনাদেরই একদিন রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্রের দায়িত্ব নিতে হবে। সেই সামর্থ্য অর্জন করতে হবে। এজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আমরা দেশের প্রতিটি গ্রামে বিদ্যুত্ পৌঁছে দিতে চাই। এজন্য মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়া হয়েছে। এর অংশ হিসাবেই পারমাণবিক বিদ্যুেকন্দ্র স্থাপন করা হচ্ছে।
দু’দিনের এই সম্মেলনে গতকাল উদ্বোধনী পর্বের বিষয় ছিল ‘দেশের আর্থ-সামাজিক উন্নয়নে আণবিক শক্তির ভূমিকা’। এবিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, রোশাটম ওভারসীজের ভাইস প্রেসিডেন্ট ইউরি সোকোলভ , বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের সদস্য পরিকল্পনা প্রকৌশলী এম আলী জুলকারনাইন, অধ্যাপক এএসএম মাকসুদ কামালসহ অন্যরা আলোচনা করেন। দ্বিতীয় পর্বের বিষয় ছিল ‘আণবিক শক্তি উত্পাদনের ক্ষেত্রে নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা’ । এপর্বে রোশাটমের কমিউনিকেশন্স বিভাগের পরিচালক সের্গেই নভিকভ ও রোশাটমের কমিউনিটি বোর্ডের ভাইস চেয়ারম্যান আনাতোলি নাজারভ বক্তব্য রাখেন।
‘শান্তি রক্ষায় বাংলাদেশ বদ্ধপরিকর’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শান্তিরক্ষীরা মালিতেও জাতিসংঘ শান্তি মিশনে অংশ নেবে জানিয়ে বলেছেন, বাংলাদেশ বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রচেষ্টা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সূূচিত পররাষ্ট্রনীতি অনুসরণ করে আমরা বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রচেষ্টা অব্যাহত রাখতে চাই।
গতকাল বুধবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্বশান্তি রক্ষার বাংলাদেশের মানুষ সবসময় পাশে থাকবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শান্তি মিশনে বাংলাদেশ থেকে আরো বেশি সেনা ও পুলিশ সদস্য পাঠানোর লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের শান্তিরক্ষীদের উদ্দেশে বলেন, আপনারা বাংলাদেশকে বিশ্বে একটি শক্তিশালী শান্তি প্রতিষ্ঠাকারী দেশ হিসেবে প্রতিষ্ঠা করবেন; বিশ্বে বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখবেন, এটাই আমাদের প্রত্যাশা।
প্রসঙ্গত, ১৯৮৮ সাল থেকে জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা মিশনে কাজ করে আসছে বাংলাদেশ। সেনা মোতায়েনের সংখ্যার বিচারে এই মিশনে বাংলাদেশের অবদানই এখন সবচেয়ে বেশি। বর্তমানে ১১৬টি দেশের ৯২ হাজার ৫৪১ জন শান্তিরক্ষী বিভিন্ন দেশে শান্তিরক্ষায় দায়িত্ব পালন করছেন, যাদের মধ্যে বাংলাদেশের শান্তিরক্ষীর সংখ্যাই ৮ হাজার ৯৩৬ জন। এর মধ্যে ২২৪ জন নারীও আছেন। শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশের ১১০ জন শান্তিরক্ষীর মৃত্যু হয়েছে।
এই মিশনে যোগ দেয়া সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠা প্রদর্শন করে যুদ্ধবিধ্বস্ত দেশে শান্তি ফিরিয়ে আনছেন। ওইসব দেশের জনগণের আস্থা অর্জন করছেন। দেশের জন্য প্রশংসা বয়ে আনছেন। বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, যা আমাদের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে। জাতিসংঘের বহুজাতিক বাহিনীতে বাংলাদেশের শান্তিরক্ষীদের কাজ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং অর্থনৈতিক ও সামরিক দিক দিয়ে অগ্রসর দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী আর্থার এরকেনও অনুষ্ঠানে বক্তৃতা করেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট এ্যান্ড ট্রেনিংয়ের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আনিসুজ্জামান ভূঁইয়া এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ ডেস্ক) সাইয়েদা মুনা তানসিম যৌথভাবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। পরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের কর্মকাণ্ডের ওপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধানগণ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), কূটনীতিক এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বিশ্বের বিভিন্ন স্থানে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে আত্মদানকারী বাংলাদেশী শান্তিরক্ষীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। গত এক বছরে নিহত দুইজন শান্তিরক্ষীর পরিবার এবং পাঁচ আহত শান্তিরক্ষীকে সম্মাননা দেন প্রধানমন্ত্রী। তিনি শান্তিরক্ষা মিশনে নিহত পুলিশ সদস্য কনস্টেবল মোহাম্মদ আজগর আলী এবং উপ পরিদর্শক শাহ আলমের স্ত্রীর হাতে ক্রেস্ট তুলে দেন।
এছাড়া শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের সময় আহত সেনাবাহিনীর সদস্য প্রাইভেট এ বি এম তাজুল ইসলাম, সার্জেন্ট মোহাম্মদ মিজানুর রহমান, সার্জেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ, কর্পোরাল মোহাম্মদ ফিরোজ আলম এবং ল্যান্স কর্পোরাল আমজাদ হোসেনের হাতেও ক্রেস্ট তুলে দেয়া হয়। এর আগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ওপর ‘জার্নি টুয়ার্ডস পিস’ শিরোনামে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।
অনুদান গ্রহণ করবেন
প্রধানমন্ত্রী আজ সাভার ভবন ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য অনুদানের চেক গ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ গতকাল বুধবার সাংবাদিকদের জানান, শেখ হাসিনা আজ সকাল সাড়ে ১০টায় তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাভারের মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান প্রদানে আগ্রহী সংস্থা ও ব্যক্তি বিশেষের কাছ থেকে অনুদানের অর্থের চেক গ্রহণ করবেন।
মেহেরুন্নেসার মৃত্যুতে শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম নারী আইনজীবী এডভোকেট মেহেরুন্নেসা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মেহেরুন্নেসা ১৯৬১ সালে ঢাকা হাইকোর্টে আইন পেশায় যোগ দেন। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মেহেরুন্নেসা খাতুন ২৪ মে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি প্রখ্যাত শিক্ষাবিদ ও তত্কালীন পাকিস্তান কেন্দ ীয় পাবলিক সার্ভিস কমিশনের সদস্য প্রয়াত এম ফজলুর রহমানের স্ত্রী।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী মেহেরুন্নেসা ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকারের সংসদ সদস্য নির্বাচিত হন। নারী উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১১ সালে তিনি বেগম রোকেয়া পদক পান। তিনি দুই পুত্র, চার কন্যা এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।