পিরোজপুর কক্সবাজার পটুয়াখালী ভোলার বিস্তীর্ণ অঞ্চলে জোয়ারের পানি

ভোলা, পিরোজপুর, কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনা জেলার বিস্তীর্ণ অঞ্চল গতকাল বুধবার পর্যন্ত প্রবল ঝড়ো হাওয়া, ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে ডুবে গেছে। এসব জেলার বহু উপজেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ফসলের মাঠে ও বসতি এলাকা পানিতে সয়লাব। এসব এলাকায় অসংখ্য মানুষ পানিবন্দী। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। ভোলা (দক্ষিণ) : প্রবল ঝড়োহাওয়া, ভারী বর্ষণ ও জোয়ারের পানির তোড়ে ভোলা জেলার আরো বিস্তীর্ণ এলাকা হাঁটু পানিতে সয়লাব হয়ে গেছে। ভোলা সদরের ধনিয়া, কাচিয়া ইউনিয়নের কয়েটি এলাকায় কয়শ বাড়িঘর ও ফসলি জমি গতকাল বুধবার এ রিপোর্ট লেখা পর্যন্ত হাঁটু পানির নিচে। ভোলা শহর থেকে ঐ এলাকার দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। যে কোন মুহূর্তে শহররক্ষা বাঁধের নাজুক অংশ ভেঙ্গে ভোলা শহরতলীতে জোয়ারের পানি ঢোকার আশঙ্কা করা হচ্ছে। মেঘনা উত্তাল থাকায় জেলেরা নদীতে যায়নি। মেঘনা ভাঙ্গনে দিশেহারা মানুষ ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে। অনেক পরিবারে রান্না বন্ধ। অনেকে পাটাতনের উপর আশ্রয় নিয়ে আছে। বুধবার ধনিয়া ইউনিয়নে ভাঙ্গন প্রতিরোধে ভোলা জেলা শহর সংরক্ষণ প্রকল্প উদ্বোধনকালে শত শত মানুষের দুর্বিষহ জীবনযাপনের দৃশ্য দেখা যায়। বোরহানউদ্দিন উপজেলার চর মানিকা গ্রামে কয়েক হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। দৌলতখানে ও সৈয়দপুরে একই দৃশ্য। লালমোহনে মঙ্গল সিকদারে গতকাল বাঁধ ভাঙ্গা স্রোতে আরো এলাকা প্লাবিত হয়েছে। মনপুরা কলাতলীতে পানি বৃদ্ধি পেয়েছে। চরকুকরী মুকরী, চরপাতিলা, ঢালচরসহ বিভিন্ন এলাকায় পানির চার বৃদ্ধি পেয়েছে। বরগুনা (উত্তর) : বাঁধ ভেঙ্গে বরগুনার ব্যাপক এলাকা প্লাবিত। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। ভেসে গেছে ঘরবাড়ি, ক্ষেতের ফসল, আউশের বীজতলা, পুকুরের মাছ। ঘরের চুলায় পানি উঠে বন্ধ রান্না। ক্ষতিগ্রস্ত মানুষ খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছে। কেউ কেউ বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছে অপেক্ষাকৃত উঁচু জায়গায়, জেলে নৌকায়। কেউবা এলাকা ছেড়ে আশ্রয় নিয়েছে দূরে আত্মীয়-স্বজনের বাড়িতে। বরগুনা সদর উপজেলার পুরাকাটা-বুড়ারচর, গোলবুনিয়া, বালিয়াতলী, ডেমা-গুলিশাখালী, বেতাগীর আলিয়াবাদ, দক্ষিণ কালিকাবাড়ি, তালতলীর নলবুনিয়া, তেঁতুলবাড়িয়া, পাথরঘাটার জিনতলা, রুহিতা, কালমেঘা, আমতলীর জয়ালভাঙ্গা, বাশবাড়ীয়া, পশ্চিম ঘটখালী এলাকার পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণবাঁধ পূর্ণিমার জোয়ারের প্রবল চাপে ভেঙ্গে গেছে। ফলে ভাঙ্গা বাঁধ দিয়ে ভিতরে পানি প্রবেশ করায় ওই সব এলাকার কয়েকশ গ্রামের ঘরবাড়ি, ফসলের মাঠ তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় তিন লক্ষাধিক মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানায়, গতকাল বিপদসীমার ৫৩ সে.মি. উপর দিয়ে পানি প্রবাহিত হয়। এতে বরগুনার বড়ইতলা-বাইনচটকি ও পুরাকাটা-আমতলীর ফেরির গ্যাংওয়ে জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় তিন/চার ঘণ্টা ফেরি যোগাযোগ বন্ধ থাকে। দুর্ভোগে পড়ে যাত্রীরা। মঠবাড়িয়া (পিরোজপুর) : বলেশ্বর নদে ৪/৫ ফুট পানি বৃদ্ধিতে উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ভোলমারা ও সাপলেজা ইউনিয়নের খেতাছিড়া বেড়ীবাঁধের ভাঙ্গন অব্যাহত রয়েছে। ফলে নদের পানি ঢুকে উপকূলীয় মঠবাড়িয়ার পাঁচটি ইউনিয়নের ১০টি গ্রামে স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। অর্ধলক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। উপজেলার বলেশ্বর নদের তীরবর্তী সাপলেজা ইউনিয়নের খেতাছিড়া গ্রামের বেড়ীবাঁধের তিনটি স্থান ও বড়মাছুয়া ইউনিয়নের চরভোলমারা গ্রামের বাঁধের দুইটি স্থান ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। এর ফলে বড় মাছুয়া ইউনিয়নের চরভোলমারা ও দক্ষিণ বড় মাছুয়া গ্রামের ৪৮২টি পরিবার, সাপলেজা ইউনিয়নের খেতাছিড়া ও কচুবাড়িয়া গ্রামের পাঁচ শতাধিক পরিবার নতুন করে পানিবন্দী হয়ে পড়েছে। মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দর, থানা পাড়া, গরু হাটসহ আমড়াগাছিয়া ও বেতমোর ইউনিয়নের ১০টি গ্রামের ২০ হাজার পানিবন্দী পরিবার গত কয়েক দিন ধরে মানবেতর জীবন যাপন করছে। পানিবন্দী এসব এলাকার অর্ধলক্ষ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। সাপলেজা ইউপির সাবেক ইউপি সদস্য মো. কবির হোসেন জানান, বলেশ্বরের জোয়ারের অতিরিক্ত পানি ভাঙ্গা বাঁধ দিয়ে লোকালয়ে প্রবেশ করায় তার এলাকার ৩ হাজার মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। বড় মাছুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহমান বি,এসসি জানান, ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে নিম্ন চাপ স্থায়ী রূপ নিয়ে অব্যাহত বর্ষণে জলাবদ্ধতা ও বাঁধ ভেঙে পূর্ণিমার জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ায় চরভোলমারা ও দক্ষিণ বড় মাছুয়া গ্রামের কয়েকশ পরিবার চরম দুর্ভোগে রয়েছে। টকনাফ (কক্সবাজার) : টেকনাফ উপকূলীয় এলাকা পানিতে থই থই করছে। উপকূলে রাতে ঘুম হারাম হয়ে যায়। সাবরাং ও শাহপরীর দ্বীপের জনগণ ঝুঁকিতে রয়েছে। শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আব্দুস সালাম জানিয়েছেন, গত কয়েকদিনে সৃষ্ট লঘুচাপে বঙ্গোপসাগরে জোয়ারের পানি বৃদ্ধি ও প্রবল বর্ষণে শাহপরীর দ্বীপ অরক্ষিত বেড়ীবাঁধ দিয়ে সাগরের পানি প্রবেশ করে প্রায় ৪শ বসতবাড়ি পানিবন্দী হয়ে পড়ে। সাগরে জোয়ারের সময় এই সব এলাকার লোকজন বাড়িঘর ছেড়ে উঁচু এলাকায় আশ্রয় নিয়েছে। বর্তমানে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া, উত্তরপাড়া, নয়াপাড়া, হারিয়াখালী, কচুবুনিয়া, লামারপাড়া, লাপার ঘোনা, সাবরাং বিওপি বিজিবির ক্যাম্প পানিতে তলিয়ে যাচ্ছে। অন্যদিকে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া, নাজিরপাড়া, মৌলভীপাড়া নাফনদী বেড়ীবাঁধের উপর দিয়ে প্রবেশ করে লোকালয়ে প্রবেশ করছে। সোমবার সাগরের জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে সেন্টমাটিনে স্মরণকালের ভয়াবহ ভাঙ্গন ও জলোচ্ছ্বাসের ঘটনা ঘটে। এ সময় দ্বীপের অধিকাংশ এলাকা প্লাবিত হয়। টেকনাফ উপকূলে টেকসই বাঁধ না থাকায় এ অবস্থার কথা বলছেন স্থানীয়রা। টেকনাফে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাহিদ উদ্দিন জানিয়েছেন, উপকূলীয় এলাকায় ৫শ বাড়িঘর পানিবন্দী। দুমকি (পটুয়াখালী) : শ্রীরামপুর, মুরাদিয়া, আঙ্গারিয়া ও পাঙ্গাশিয়া ইউনিয়নের বেড়ীবাঁধের বাহিরে ফসলি জমিতে আউশ ধানের বীজ ও ডাল, মরিচ, ভুট্টা, সূর্যমুখী, পানের বরজ, শাক-সবজি প্রচণ্ড বৃষ্টি ও জোয়ারের পানিতে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রচণ্ড বৃষ্টি ও জোয়ারের পানিতে ফসলের ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ। আঙ্গারিয়া ইউনিয়নের আঙ্গারিয়া, বাহেরচর, মোল্লাখালী গ্রামের নদীর পার্শ্বস্থ বেড়ীবাঁধ ভেঙ্গে ঘরবাড়ি পানিতে ডুবে আছে। স্থানীয় জনসাধারণ আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছে। তাদের ধারণা, যে কোন মুহূর্তে ঝড় হতে পারে। পাঙ্গাশিয়া ইউনিয়নের চান্দখালী, রাজগঞ্জ, মুরাদিয়ার পাংশিঘাট, সন্তোষদিসহ বিভিন্ন এলাকা জোয়ারের পানিতে নিমজ্জিত রয়েছে। চরফ্যাশন (ভোলা) : চরফ্যাশন উপজেলায় মঙ্গলবার জোয়ারের পানির চাপে চরমাদ্রাজ ইউনিয়নের চরনিউটন দক্ষিণাংশের বেড়ীবাঁঁধ ভেঙ্গে চরনিউটন ও মোহাম্মদপুর গ্রাম প্লাবিত। রাতে পানি বেড়ে যাওয়ায় লোকজন অতিকষ্টে কাটিয়েছেন। বুধবার দুপুরের জোয়ারে চরনিউটন ও মোহাম্মদপুর এলাকা ৩/৪ ফুট পানিতে তলিয়ে যায়।