চার সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের ঘুম হারাম

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে দেশের চার মহানগরীতে এখন সাজ সাজ রব। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির মেয়র ও কমিশনার প্রার্থী- সমর্থকদের ঘুম প্রায় হারাম হওয়ার পর্যায়ে এসে ঠেকেছে। অপরিচিতজনরাও এখন আত্মীয় হিসেবে পরিচিতি পাচ্ছেন প্রার্থীদের কাছে। প্রতীক বরাদ্দের পর সিলেট সিটি কর্পোরেশনের প্রার্থীরা ছুটে গেছেন ওলিকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারতে। নিজ নিজ নির্বাচনী অফিস উদ্বোধন করতে এখন ব্যস্ত প্রার্থীরা। সোমবার ১৪ দল প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করে প্রচারণা শুরু করেছেন। নির্বাচনী প্রচারণার তৃতীয় দিন বুধবার গণসংযোগ শুরু করেন সম্মিলিত নাগরিক জোট মনোনীত ১৮ দলের প্রার্থী আরিফুল হক চৌধুরী। সিলেটের দু’বারের মেয়র কামরানের সাথে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি’র হাইকমান্ড বেশ ভেবে-চিন্তে নিজ ঘরানার চার প্রার্থীকে বসিয়ে দিয়ে একক প্রার্থী দিয়েছে আরিফুল হক চৌধুরীকে। এদিকে সিলেটের দু’মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ও আরিফুল হক চৌধুরী স্থানীয় ইস্যুগুলো নিয়ে ভোটারদের মন কাড়তে চাচ্ছেন। বরিশালে সম্মিলিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন গতকাল বুধবার গণসংযোগের পাশাপাশি বেশ কয়েকটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। তিনি দলমতের ঊর্ধ্বে থেকে টেলিভিশন প্রতীকে উন্নয়নের স্বার্থে ভোট প্রদানের অনুরোধ করেন। দীর্ঘ সাড়ে ৪ বছর পর সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে মাইক ব্যবসা। মেয়র থেকে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী পর্যন্ত সকলেই প্রচার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন মাইকিং।