ভারতে পাচার স্কুলছাত্রী ফিরল বাবা-মার কোলে

ভারতে পাচার হওয়া বাংলাদেশি এক স্কুলছাত্রীকে পাচারকারিদের খপ্পর থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট পুলিশের সহায়তায় তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। গত ২১ মে এক নারী পাচারকারি যশোহরের বেনাপোল সীমান্ত দিয়ে তাঁকে পাচার করা হয়েছিল। ওই স্কুলছাত্রী টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বেকারকোণা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। বর্তমানে তাঁরা ঢাকার বাড্ডার পুরাণ থানা রোডের শফিকের বাড়ীর ভাড়াটিয়া। সে শেরেবাংলা কিন্ডার গার্ডেন আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। উদ্ধার হওয়া ছাত্রীটি জানায়, ওইদিন সকালের দিকে পাশের ভাড়াটিয়া মনোয়ারা বেগম ওরফে লিপি (৪২) আন্টি আমাকে তাঁর বাসায় ডেকে নিয়ে যাই। এসময় বাসায় দেখি ৬-৭ জন ছেলে মেয়ে বসে আছে। আন্টি আমাকে বলে চলো আমরা সবাই আমার গ্রামের বাড়ী ফরিদপুরে বেড়াতে যাই। আমি বলি কখন আসবেন, আন্টি বলে বিকেলের দিকে চলে আসবো। আন্টির কথায় সবাই মিলে গেলে আন্টি আমাকে বেনাপোল সীমান্তের কাছে একটি নদীর পাশদিয়ে ভারতে পাচার করে দেয়। তখন বুঝতে পারি আন্টি আমাকে ভারতে পাচার করার জন্য নিয়ে এসেছে। হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের অফিসার ইনচার্জ (ওসি) খাজা মুদ্দিন বলেন, ওই স্কুলছাত্রীকে টাকার বিনিময়ে তাঁর প্রতিবেশি মনোয়ারা বেগম ভারতে পাচার করে।