তারেক রহমানকে ফিরে আসতেই হবে :কামরুল
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২২:৪৮
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, স্বাভাবিকভাবে কিংবা অস্বাভাবিকভাবে হোক বিএনপি নেতা তারেক রহমানকে দেশে ফিরে আসতেই হবে। ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছে। তারেক রহমানের পাঠানো আইনি নোটিস এখনো পাননি উল্লেখ করে তিনি বলেন, এ নোটিস দেয়া একটা রাজনৈতিক স্টান্টবাজি। শাক দিয়ে মাছ ঢাকতে এই উকিল নোটিস পাঠানো হয়েছে। তবে এসব করে কোনো লাভ হবে না। গতকাল বুধবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতাল বিরোধী অবস্থান কর্মসূচি পালনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হরতালের নামে নাশকতা মোকাবেলায় গতকাল রাজধানীর শতাধিক স্থানে সতর্ক অবস্থায় ছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতা-কর্মীরা। তবে নিষেধাজ্ঞা থাকায় কোন মিছিল বের করেনি ক্ষমতাসীন জোট। কামরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত আমার কাছে কোনো আইনি নোটিস আসেনি। পত্রিকা-টেলিভিশনের মাধ্যমে আমি এ ব্যাপারে জেনেছি। তিনি বলেন, আমি তারেক রহমানের ব্যাপারে যা বলেছি, সঠিক কথা বলেছি। তার বিরুদ্ধে অতিরঞ্জিত কোনো কথা বলিনি। সে পলাতক আসামি। আমি যদি মিথ্যা বলে থাকি, তাহলে সেটা বিএনপি আদালতের মাধ্যমে চ্যালেঞ্জ করুক। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপি আরও হরতাল দেক আমি চাই। আওয়ামী লীগ এমন দল যার বিরুদ্ধে হরতাল দিয়ে কোনো লাভ নেই। আগামী রমজান মাস পর্যন্ত হয়তো দুই একটি হরতাল তারা দেবে। তবে এতে বিএনপির ভোট মাইনাস হবে, আর ১৪ দলের প্লাস হবে।
এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, সহ-সভাপতি মুকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।