বাবুনগরীর তড়িঘড়ি জামিন সিসিইউতে স্থানান্তর
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২২:৫০
হেফাজতে ইসলামের মহাসচিব মোহাম্মদ জুনায়েদ বাবুনগরীকে পুলিশ হত্যাসহ তিনটি মামলায় গতকাল বুধবার তড়িঘড়ি করে জামিন দেয়া হয়েছে। ২৫ মে থেকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিত্সাধীন বাবুনগরীকে গতকাল বিকাল পাঁচটার দিকে ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (মেডিসিন) স্থানান্তর করা হয়েছে। বারডেমের পরিচালক শহীদুল হক মল্লিক সাংবাদিকদের জানিয়েছেন, বাবুনগরী অসুস্থ হলেও শঙ্কামুক্ত। এদিকে হেফাজত নেতৃবৃন্দ অভিযোগ করে বলেছেন, রিমান্ডে বর্বরোচিত নির্যাতন করে বাবুনগরীকে মৃত্যুমুখে ঠেলে দেয়া হয়েছে। তার কোমর থেকে পা পর্যন্ত ক্ষত-বিক্ষত করে দেয়া হয়েছে। হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, বাবুনগরীর কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে।
গত ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ৬ মে লালবাগ এলাকা থেকে বাবুনগরীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে পুলিশ সদস্য মিজান হত্যা মামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের পৃথক তিনটি মামলা দায়ের হয় মতিঝিল থানায়। গত ৭ মে তাকে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড চায় পুলিশ। প্রথমে তাকে ৯ দিন এবং ১৬ মে পৃথক তিনটি মামলায় ২২ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেয় আদালত। ১৩ দিনের রিমান্ড শেষে ২১ মে এক মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়। গত ২৫ মে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে সরকারের পক্ষ থেকে বাবু নগরীর পরিবারকে আদালতে জামিনের পরামর্শ দেয়া হয় বলে আইনজীবী এডভোকেট সানাউল্লাহ মিয়া জানান। সেমতে এডভোকেট সানাউল্লাহ মিয়া একইসঙ্গে তিনটি মামলারই জামিনের আবেদন করেন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে। সাধারণত কোন আসামি জামিনের আবেদন করলে ধার্য তারিখে অথবা নিকটবর্তী কোন দিনে ম্যাজিস্ট্রেট শুনানির দিন ধার্য করেন। কিন্তু গতকাল জামিনের আবেদন দাখিলের পর অতি দ্রুততার সঙ্গে ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে শুনানি হয়। শুনানিতে বাবুনগরীর আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতকে বলেন, ইসলাম ও মহানবীকে (স.) ‘কটূক্তি’ করার প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সময় পুলিশ বিনা উস্কানিতে পাখির মতো গুলি করে মানুষ খুন করে। এ ঘটনায় শত শত মানুষ আহত হয়। বাবুনগরীকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়। নির্মম নির্যাতনে তিনি অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি বারডেম হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। এ অবস্থায় চিকিত্সার সুবিধার জন্য তার জামিন হওয়া প্রয়োজন। মহানগর পিপি আবদুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেননি। শুনানি শেষে তিনটি মামলায় বাবুনগরীর জামিন মঞ্জুর করেন আদালত। দ্রুততার সঙ্গে জামিননামা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়া হয়। বিকাল সাড়ে তিনটায় কারাগার কর্তৃপক্ষ বারডেমে এসে তিনি মুক্ত বলে ঘোষণা দেন এবং পাহারা তুলে দেন।
বারডেম হাসপাতালের পরিচালক শহীদুল হক মল্লিক সাংবাদিকদের জানান, জুনায়েদ বাবুনগরী বর্তমানে সুস্থ আছেন। তিনি ডায়াবেটিসে ভুগছেন। তার পায়ে পেছনে একটি অংশে পুঁজ জমেছিল। গতকালই তা পরিষ্কার করা হয়েছে। তার শরীরে পটাশিয়ামের পরিমাণ কিছুটা বেড়ে যাওয়ায় তার কিডনি ডায়ালাইসিস করা হয়েছে। বাড়তি সতর্কতার জন্য তাকে নিবিড় পরিচর্যাকেন্দে রাখা হয়েছে।
ঢাকা কেন্দ ীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী জানিয়েছেন, বাবুনগরী প্রফেসর নুরুজ্জামানের তত্ত্বাবধানে চিকিত্সাধীন রয়েছেন। গতকাল তাকে মুক্তি দেওয়ার সময় তিনি তার (বাবুনগরীর) শারীরিক অবস্থা জানতে চিকিত্সককের সঙ্গে কথা বলেছেন। চিকিত্সকরা তাকে জানিয়েছেন, বাবুনগরী বর্তমানে সুস্থ আছেন। গতকাল দুপুরের দিকে তার ডায়ালাসিস করা হয়। এছাড়া বিকেলের দিকে পায়ে এমআরআই করানো হয়েছে।
বাবুনগরী সুস্থ আছেন জানিয়ে অধ্যাপক নুরুজ্জামান জানান, তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাকে সব ধরনের মেডিক্যাল সাপোর্ট দেওয়া হচ্ছে। সবধরনের উন্নত চিকিত্সা দেয়া হচ্ছে।
বাবুনগরীর আইনজীবী এডভোকেট সানাউল্লা মিয়া গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় তার সঙ্গে দেখা করেছেন। তিনি বলেছেন, বাবুনগরীর সঙ্গে তার কথা হয়েছে। তিনি ইশারায় তার জন্য দোয়া করতে বলেছেন।
হেফাজতে ইসলাম নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, জুনায়েদ বাবুনগরীকে দিনের পর দিন রিমান্ডে বর্বর কায়দায় শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছে। তার জীবন সংকটাপন্ন। কোমর থেকে পায়ের নখ পর্যন্ত কালচিটে দাগ আর ক্ষত বিক্ষত। নখের ভেতর আলপিন জাতীয় কিছু ঢুকিয়ে নির্যাতন করা হয়েছে। তার পায়ে পচন ধরেছে। তাকে যখন গ্রেফতার করা হয়েছিল স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারলেও তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগী ছিলেন। গ্রেফতারের পর তার চিকিত্সার আবেদন করা হয়েছিল কিন্তু চিকিত্সার কোনো ব্যবস্থা না করে রিমান্ডে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ের নামে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। হেফাজত নেতারা অভিযোগ করেন, আজ যখন তার জীবন নিয়ে সংশয় দেখা দিয়েছে, তখন তার আইনজীবীদের ধরে এনে তাদের উপর চাপ প্রয়োগ করার পরে জামিন নিতে বাধ্য করা হয়েছে। যেখানে না চাইতেই ২২ দিন রিমান্ডে নেয়া হয়, সেখানে স্বপ্রণোদিত হয়ে এই জামিনের আয়োজন সরকারের দায় এড়াতে সাহায্য করবে না। ইসলামী ঐক্যজোট নেতারা বলেছেন, বাবুনগরীর কিছু হলে এর পুরো দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।
গতকাল বারডেমে চিকিত্সাধীন বাবুনগরীকে দেখে এসে এবং বিবৃতিতে ও দোয়া অনুষ্ঠানে হেফাজত নেতারা সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।
এদিকে বাবুনগরীর জামাতা মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ গতকাল সাংবাদিকদের জানান, তার শ্বশুর মুমূর্শু। বারডেম হাসপাতালেই তার চিকিত্সা দেয়া হবে। গতকাল তার পা কেটে ফেলা হয়নি। এখন পর্যন্ত চিকিত্সকরা এধরনের কথা বলেনি। বাবুনগরীর ভাগ্নে মাওলানা মো. সালাহউদ্দিন বলেন, তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। তার দুই পায়ে পচন ধরেছে। তার পা দুইটি ব্যান্ডেজ করা অবস্থায়। তিনি বারডেম হাসপাতালের ৭০১ নম্বর কক্ষে আইসিইউতে আছেন।
গতকাল ঢাকায় লালবাগ মাদ্রাসায় বাবুনগরীর সুস্থতা কামনায় আয়োজিত বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন-মহানগর আহবায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী, তৈয়্যব হোসাইন, আব্দুর রব ইউসুফী প্রমুখ।
বাবুনগরীর জামিনে মুক্ত হওয়ার কথা শুনে অনেক হেফাজত নেতা বারডেম হাসপাতালে ছুটে যান। হেফাজতের কয়েকজন নেতা সাংবাদিকদের জানান, তাদের মহাসচিবকে তারা নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার কথা বলার কোনো শক্তি নেই। এদিকে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ বাবুনগরীর শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
এদিকে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ এক বিবৃতিতে বাবুনগরীকে বেআইনীভাবে গ্রেফতার করে দীর্ঘদিন রিমান্ডে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ করে এর নিন্দা জানিয়েছেন।
বাবুনগরীর কিছু হলে দায় সরকারের:আল্লামা শফী
আমাদের চট্টগ্রাম অফিস জানায়, হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী গতকাল এক বিবৃতিতে বলেছেন, আল্লামা জুনায়েদ বাবুনগরীর কিছু হলে এর দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে। তিনি বলেন, তাকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করা হল। বিনা কারণে একের পর এক রিমান্ডে নেয়ার ফলে আজ তার জীবন চরম সংকটাপন্ন। শুধু আমি নই, জুনায়েদ বাবুনগরীর জন্য আজ সারাদেশের মানুষ উদ্বিগ্ন। বাবুনগরী জীবনভর মাদ্রাসায় কুরআন-হাদীসের ব্যাখ্যামূলক জটিল জটিল গ্রন্থসমূহের ক্লাসদানে রত ছিলেন। তিনি এ দেশের জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব। তিনি কখনো প্রচলিত রাজনীতি ও সহিংসতার সাথে জড়িত ছিলেন না। কারো অন্যায় আক্রোশ ও খামখেয়ালির কারণে বাবুনগরীর খারাপ কিছু ঘটলে এর দায়ভার সংশ্লিষ্টরা কোনোভাবেই এড়াতে পারবেন না।