বগুড়ায় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় অস্ত্রসহ গ্রেফতার ৫
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২২:৫০
বগুড়ায় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়েছে। এ সময় পুলিশ ৫জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে রাশেদ নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে। এদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিনসহ তিন রাউণ্ড গুলি, ফেনসিডিল ও কাটার উদ্ধার করেছে পুলিশ। গুলিবিদ্ধ রাশেদ সাবেক ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন জুয়েল হত্যা মামলার আসামি।
গতকাল বুধবার দুপুরে শহরের ফুলবাড়ি এলাকায় পানি উন্নয়ন বোর্ড চত্বর থেকে এই সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালাতে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে তিন রাউণ্ড গুলি ছোঁড়ে। পুলিশও ১১ রাউণ্ড গুলি ছুঁড়লে দলের হোতা রাশেদ গুলিবিদ্ধ হয়। অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে।