শেওড়াপাড়ায় গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

বিনা নোটিশে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধের প্রতিবাদে রাজধানীর শেওড়াপাড়ায় শ্রমিকরা বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেছে। এসময় পুলিশ শ্রমিকদের ওপর লাঠিচার্জসহ সাউন্ড গ্রেনেড ব্যবহার করলে অন্তত ১৫ শ্রমিক আহত হয়। গতকাল বুধবার শেওড়াপাড়ায় শানিন গ্রুপের ৮ টি গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করে দিলে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ শ্রমিককে গ্রেফতার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোকেয়া সরণীতে একটি ভবনে শানিন গ্রুপের ৮টি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। ৫ দফা দাবিতে কয়েকদিন আগে থেকেই শ্রমিকরা আন্দোলন করছে। দাবিগুলো হলো সর্বনিম্ন বেতন আট হাজার টাকা, দুপুরের খাবার বাবদ ৬০০ টাকা, হাজিরা বাবদ ৫০০ টাকা, মাতৃত্বকালীন ছয় মাসের ছুটি ও অতিরিক্ত কাজের মজুরি বৃদ্ধি। গত মঙ্গলবার সন্ধ্যায় শ্রমিকরা কাজ শেষ করে বাসায় ফিরে যায়। গতকাল সকালে শ্রমিকরা কারখানায় এসে দেখেন গেটে কারাখানা বন্ধের নোটিশ ঝুলছে। দুইদিনের জন্য ফ্যাক্টরি কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। এতে কারখানার সামনে শ্রমিকরা জড়ো হতে থাকে। সকাল ৯ টার দিকে শ্রমিকরা ফ্যাক্টরির সামনে রোকেয়া সরণীর একদিক অবরোধ করে বিক্ষোভ করে। কারখানার শ্রমিক লাবণী জানান, তারা তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নে গার্মেন্টেসের মালিককে অনুরোধ করেছিলেন। কিন্তু মালিক সেসব দাবি না মেনে হঠাত্ করেই কারখানা বন্ধ করে দিয়েছেন। এতে ক্ষুদ্ধ হয়ে শ্রমিকরা মিছিল করে। এ ঘটনার পর কাফরুল ও মিরপুর থানার পুলিশ শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার করার অনুরোধ জানায়। কিন্তু পুলিশকে উপেক্ষা করে তারা সড়ক অবরোধ করে সমাবেশ করতে থাকে। এক পর্যায়ে পুলিশ সেখানে লাঠিচার্জ করে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সেখানে ৭টি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। কাফরুল থানার ওসি জানান, সকাল থেকে দুই ঘন্টা শ্রমিকরা রাস্তা অবরোধ করেছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শ্রমিকদের দাবিগুলোর ব্যাপারে আজ মালিক পক্ষের সঙ্গে শ্রমিক পক্ষের বৈঠক হওয়ার কথা রয়েছে।