রাজধানীতে হরতালে ৪০ ককটেল বিস্ফোরণ সংঘর্ষ আগুন ও গুলি
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২২:৫১
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের গতকাল বুধবারের হরতালে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রায় ৪০টি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এসময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ, মিছিল ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ফাঁকা গুলি, রাস্তায় পেট্রোল ঢেলে আগুন লাগানোর মতো ঘটনাও ঘটেছে। তবে বড় ধরনের কোন সহিংসতা না হওয়ায় কেউ হতাহত হয়নি। নগরবাসীর জীবনযাত্রা প্রায় স্বাভাবিক ছিল। হরতালে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক দিনের মতো। অনেক দোকানপাটও ছিল খোলা। ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল ছিল স্বাভাবিক। তবে রাজধানী থেকে দূরপাল্লার রুটে কোন বাস ছেড়ে যায়নি। এদিকে হরতালে পিকেটিংকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৭ জনকে আটক করে পুলিশ।
সকাল পৌনে ৮টায় যাত্রাবাড়ীর দনিয়াতে হরতালের সমর্থনে মিছিল বের করে ছাত্রদল। এ সময় হরতাল সমর্থকরা গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। ভোর ৬টায় তেজগাঁওয়ে বিজি প্রেসের সামনে ছাত্রদল একটি মিছিল বের করে। এক পর্যায়ে তারা মিছিল থেকে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায়। সকালে ‘সমকাল’ পত্রিকার কার্যালয়ের সামনে থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা আরেকটি মিছিল বের করার চেষ্টা চালায়। পুলিশ ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। সেখান থেকে একজনকে আটক করে পুলিশ। সকাল সাড়ে ৭টায় আজিমপুর বটতলা মোড়ে হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল বের করে। মিছিলটি ছাপড়া মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় ২টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ভোর সাড়ে ৫টার দিকে মীরহাজিরবাগে হরতালের সমর্থনে বের হওয়া মিছিলটি ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পুলিশ। সেখান থেকে চারজনকে আটক করে পুলিশ। সকাল ৮টার দিকে নয়াপল্টন এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। মিছিলকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। প্রায় একই সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা লক্ষ্মীবাজার এলাকায় মিছিল বের করে পিকেটিং করে।
সকাল পৌনে ৮টায় শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সামনে হরতাল সমর্থনে ৩৪ নম্বর ওয়ার্ড ছাত্রদল ঝটিকা মিছিল বের করে। এ সময় রাস্তায় টায়ারে আগুন জ্বালানো হয়। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল ৯টার দিকে শাহজাহানপুরের ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে থেকে পাঁচটি ককটেলসহ স্বপন আহমেদ (২২) নামের একজনকে আটক করে পুলিশ।
সকাল পৌনে ১০টার দিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ের ভেতরে দুটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। সকালে কুঁড়িল বিশ্বরোড এলাকায় বাড্ডা থানা ছাত্রদলের মিছিল থেকে গাড়িতে ভাঙচুর চালানো হয়। পুলিশ তাদের ধাওয়া দিলে তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
ভোরে বনশ্রী এলাকায় জামায়াত-শিবির কর্মীরা মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এক পর্যায়ে পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। সকাল ৭টায় মিরপুর চিড়িয়াখানা রোড সনি সিনেমা হলের সামনে মিছিল করে ছাত্রদল মহানগর উত্তর। পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীরা ৬টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়লে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে দ্রুত পালিয়ে যায়। সকাল সোয়া ৭টায় মিরপুর বাঙলা কলেজের সামনে ছাত্রদল মিছিলের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে। সকাল সোয়া ১০টায় শ্যামলী আদাবর এলাকায় মিছিল করেছে আদাবর থানা যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি নবোদয় হাউজিং থেকে শুরু হয়ে কিছু দূর এগুতেই স্থানীয় ছাত্রলীগ কর্মীরা লাঠি নিয়ে তাদের ধাওয়া করে। এসময় যুবদলের কর্মীরা বিভিন্ন গলিতে আশ্রয় নেয় এবং কয়েক দফা ধাও?য়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সকাল ৬টা ১৬ মিনিটে মিরপুর অর্জিনাল ১০ বেনারসি পল্লীর ভেতরে হরতালের সমর্থনে ১০/১২ জন জামায়াত কর্মী মিছিল বের করে। মিছিল শেষে হরতালকারীরা রাস্তায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
সকালে সংসদ ভবনের পূর্ব পাশে হরতাল সমর্থনে মিছিল বের করে বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এতে উপস্থিত ছিলেন আবুল খায়ের ভুঁইয়া, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, হারুন-অর-রশিদ, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নাজিম উদ্দিন আহমেদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, হাফিজ উদ্দিন, হাফিজুর রহমান, নিলুফার চৌধুরী মনি, শাম্মী আক্তার, রানু আক্তার প্রমুখ। এছাড়া হরতালের সমর্থনে সকালে রাজধানীর শ্যামপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, জুরাইন, শাহজাহানপুর, বিমানবন্দর, উত্তরখান, সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় মিছিল বের হয়।
আমাদের বিশ্ববিদ্যালয় রিপোর্টার জানান,
গতকাল দুপুরে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিদুল হাসান হিরুর নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল শাহবাগের শিশু পার্কের সামনে থেকে শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হতে থাকলে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এর আগে সকালে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজের নেতৃত্বে আরো একটি মিছিল শহীদ মিনার এলাকা থেকে বের হয়।
এদিকে হরতালের সমর্থনে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের উদ্যোগে রাজধানীর গ্রীন রোডে একটি মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন বজলুল করিম চৌধুরী আবেদ, রাজিব আহসান, ওবায়দুল হক নাসির। সেগুন বাগিচায়ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিজয়নগর মোড়ের দিকে অগ্রসর হতে থাকলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। এ মিছিলে নেতৃত্ব দেন আনোয়ার হোসেন টিপু, শফি মোহাম্মদ খান, তরুন দে, যুগ্ম সম্পাদক আকরামুল হাসান, সেলিনা সুলতানা নিশিতা, মনিরুজ্জামান রেজিন।
সকালে ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি আবুল মনসুর খান দীপকের নেতৃত্বে একটি মিছিল তেজগাঁওয়ে এবং ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইসহাক সরকার ও সাধারণ সম্পাদক খন্দকার এনামুল হক হরতালের সমর্থনে মতিঝিল এলাকায় একটি মিছিল বের করে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল বলেন, শান্তিপূর্ণভাবে মিছিল করার অধিকার আমাদের আছে। অথচ সেই শান্তিপূর্ণ মিছিলেই পুলিশ হামলা করছে।