ভোলা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার ঘোষণা তোফায়েলের

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহম্মেদ এমপি বলেছেন, নির্বাচন কমিশনকে শক্তিশালী করে তাদের হাতে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেয়া হবে। অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। চার বছরে উপনির্বাচনসহ বিভিন্ন নির্বাচন নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার মাধ্যমে প্রমাণিত হয়েছে এ সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। পৃথিবীর যে সমস্ত দেশে সংসদীয় গণতন্ত্র আছে, তারাই মেয়াদ শেষে নির্বাচনকালীন সময়ে শুধু দৈনন্দিন কাজ পরিচালনার মাধ্যমে দেশ পরিচালনা করে থাকে। তিনি বিরোধী দলকে সংসদে এসে তাদের বক্তব্য ও পরামর্শ দেয়ার আহবান জানান। তিনি বলেন, বিএনপি যেমন চারটি সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রার্থী দিয়েছে তেমনি জাতীয় নির্বাচনেও অংশগ্রহণ করবে এটাই আমাদের প্রত্যাশা। তোফায়েল আহমদ আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে ভোলা-১ (সদর) থেকে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি গতকাল বুধবার ভোলা সদরের ধনিয়া সিনিয়র মাদ্রাসা সংলগ্ন মেঘনায় জিও ব্যাগ ফেলে একশ’ তিন কোটি টাকার ভোলা শহর সংরক্ষণ প্রকল্পের কাজ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মাদ্রাসা মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি প্রধান অতিথির ভাষণ দেন। সমাবেশে পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, পুলিশ সুপার, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, মোশারেফ হোসেন, জহুরুল ইসলাম নকীব, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, প্রাক্তন সভাপতি আবু তাহের প্রমুখ বক্তৃতা করেন।