তারেক রহমানের বিরুদ্ধে পরোয়ানা
নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির বিক্ষোভ
বিশেষ প্রতিনিধি, যুক্তরাষ্ট্র
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২২:৫২
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি ও ৩৪ সহযোগী সংগঠন। স্থানীয় সময় সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের প্লাজা চত্বরে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতৃবৃন্দ বলেন, সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়ে বেসামাল হয়ে পড়েছে। মিথ্যা ও সাজানো মামলা দিয়ে তারেক রহমানকে ফাঁসানোর অপচেষ্টা করছে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রে চিকিত্সা নিতে আসা বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা শরাফত হোসেন বাবু, বেলাল মাহমুদ, জসিম উদ্দিন ভুঁইয়া, গোলাম ফারুক শাহীন, রফিকুল মাওলা, মাওলা অলিউল্লাহ্ মোহাম্মদ আতিকুর রহমান, সাইদুর রহমান সাইদ প্রমুখ।
বক্তারা আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরও শত চেষ্টা করেও তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ জনগণের সামনে তুলে ধরতে পারেনি। তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এ সরকার তার বিরুদ্ধে একের পর এক মামলা করছে। বক্তারা যত তাড়াতাড়ি সম্ভব তার বিরুদ্ধে সকল মামলা তুলে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।