সমঝোতার পথে হেফাজত!

অবশেষে হেফাজতে ইসলাম সমঝোতার পথে এগুচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে সংগঠনটির দায়িত্বশীল সূত্র জানায়, সবকিছুই আলোচনার ভিত্তিতেই হচ্ছে। বিভিন্ন পর্যায়ের রাজনৈতিকবৃন্দ ও সরকারি কর্মকর্তা হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে বৈঠকের পরিপ্রেক্ষিতে আপাততঃ কৌশলী ভূমিকা নিয়েছে বলে অনেকের অভিমত। তাদের মতে, গত ৫ মে’র ঘটনার পর হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা এবং শীর্ষ নেতৃবৃন্দের আত্মগোপনের ফলে বর্তমানে হেফাজতে ইসলামের ঘুরে দাঁড়ানোর পরিস্থিতি নেই। সরকার দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গোয়েন্দা বিভাগের লোকজনের আল্লামা শফির সাথে প্রতিটি বৈঠকে পুলিশি মামলার বিষয়গুলো উঠে আসে। এমনকি তাদের বক্তব্যে হেফাজতে ইসলামকে আন্দোলনের পথ থেকে ফিরে আসার বিষয়গুলোই প্রাধান্য পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। তাছাড়া কওমী মাদ্রাসাসমূহের বার্ষিক পরীক্ষা থাকায় হেফাজতে ইসলামের পক্ষে পত্রিকায় বিবৃতি ও বক্তব্য দেয়া ছাড়া কোন প্রকার বৃহত্তর আন্দোলন গড়ে তোলার তেমন একটা সুযোগ নেই। হেফাজতের অনেক নেতৃবৃন্দ বলেন, পরীক্ষাকে সামনে রেখে কোন প্রকার আন্দোলনে না যাওয়াই একটি কৌশল হিসেবে নেয়া হয়েছে। হেফাজতের মহাসচিব জুনাইদ বাবুনগরীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের কয়েকদিনের মাথায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর সমঝোতার পথ আরো প্রশস্ত হয়েছে। বাবুনগরীর জবানবন্দিতে ৫ মে’র ঢাকা অবরোধে ১৮ দলের সম্পৃক্ততার বিষয় উল্লেখ করা হয়। কিন্তু ওই বক্তব্যের পর আল্লামা শফি উক্ত বক্তব্যের ব্যাপারে দ্বিমত পোষণ করেন। তিনি সন্ধ্যায় তার স্বাক্ষরিত বক্তব্য পত্রিকায় পাঠানোর পর অজ্ঞাত কারণে কয়েক ঘণ্টার মধ্যে তা প্রত্যাহারও করেন। এরপর পুলিশের গোয়েন্দা বিভাগের একজন অতিরিক্ত ডিআইজি ঢাকার হেফাজতে ইসলামের কয়েকজন নেতৃবৃন্দসহ চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসায় এসে আল্লামা শফির সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠকে কী আলোচনা হয়েছে তা হেফাজতে ইসলাম থেকে জানানো হয়নি। জানা যায়, ওই বৈঠকেও সরকারের সমঝোতার মনোভাব তুলে ধরা হয়। একই সাথে মামলার বিষয়গুলোও আসে। কিন্তু প্রতিদিন সারা দেশ থেকে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ আল্লামা শফি’র সাথে সাক্ষাত্ করে ১৩ দফা দাবিতে আন্দোলনের কথা বলেন। আল্লামা শফিও তাদের ১৩ দফা দাবি আদায়ে তার কঠোর মনোভাব প্রকাশ করেন। সূত্রে জানা যায়, হেফাজতে ইসলাম বর্তমানে সরকারের বিভিন্নমুখী চাপ ও মামলার কারণে সমঝোতায় পৌঁছালেও তা শেষ পর্যন্ত টিকবে কিনা সন্দেহ রয়েছে। কারণ হেফাজতের দেশব্যাপী নেতা-কর্মীদের যে মনোভাব তা থেকে কেউ পিছপা হতে পারবে না। সূত্র জানায়, সরকারের সাথে আলোচনার প্রেক্ষিতে বর্তমানে পুলিশী হয়রানি এক প্রকার বন্ধ রয়েছে। শীর্ষ নেতৃবৃন্দ পলাতক থাকলেও মধ্যম সারির নেতৃবৃন্দ মোটামুটি বিভিন্ন স্থানে বৈঠক ও শলাপরামর্শ করছেন। হেফাজতে ইসলামের নেতা ও ইসলামী ঐক্যজোটের চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা আবদুর রহমান বলেছেন, সরকারের অনেকেই আল্লামা শাহ আহমদ শফির সাথে সাক্ষাত্ করেছেন। কিন্তু হুজুর ১৩ দফা আন্দোলনের ব্যাপারে অবিচল রয়েছেন। তিনি বলেন, ১৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত হেফাজতে ইসলামের আন্দোলন চলবে।