মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প বলেছেন, চীন বাণিজ্য আলোচনায় ‘চুক্তি ভঙ্গ করেছে’। দুই পক্ষের মধ্যে বাণিজ্য আলোচনা শুরু হওয়ার আগে বুধবার ফ্লোরিডায় এক প্রচারণা সমাবেশে তিনি এই অভিযোগ করেন। যুক্তরাষ্ট্র চীনা পণ্যে শুল্ক বৃদ্ধি করলে পাল্টা ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ নেওয়া হবে, বেইজিং এমনটি জানানোর পর ট্রাম্প এ মন্তব্য করেন।
শুক্রবারেই কয়েকটি চীনা পণ্যে আরোপিত ১০ শতাংশ শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে বলে হুমকি দেন ট্রাম্প। এছাড়া শুল্ক আরোপ করা হয়নি এমন পণ্যে খুব শিগগিরই ২৫ শতাংশ শুল্কারোপ করা হবে বলেও জানিয়েছেন তিনি। এসব সত্ত্বেও বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন ও চীনা প্রতিনিধি দলের মধ্যে বাণিজ্য আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
এই আলোচনা শুরু হওয়ার আগে ‘যে বাণিজ্যের চুক্তির জন্য যুক্তরাষ্ট্র আলোচনা করছে’ তা ভঙ্গ করার জন্য চীনা নেতাদের অভিযুক্ত করেছেন ট্রাম্প। ফ্লোরিডার ওই সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘তারা চুক্তি ভেঙেছে। তারা এটি করতে পারে না। তাই তাদের মূল্য দিতে হবে।’ তিনি বলেন, যদি দুই পক্ষ কোনো চুক্তিতে পৌঁছাতে না পারে সেক্ষেত্রে ‘বছরে ১০০ বিলিয়নের বেশি নেওয়া ভুল হবে না।’
সম্প্রতি মনে হচ্ছিল, দুই পক্ষ একটি সমঝোতার খুব কাছাকাছি চলে এসেছে এবং তা বাণিজ্য যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারে। কিন্তু রবিবার এক টুইটে ট্রাম্প শুক্রবার ২০০ বিলিয়ন ডলারের চীনা পণ্যে শুল্ক বৃদ্ধির ঘোষণা এবং নতুন শুল্ক আরোপের কথা বলার পর পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায়। তার এ ঘোষণায় যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ার বাজারের সূচকে বড় ধরনের ধস নামে। ইউরোপিয় শেয়ার বাজারেও এর ধাক্কা লাগে। প্যারিস এবং জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট শেয়ার সূচকও প্রায় দুই শতাংশ নেমে যায়।
ইত্তেফাক/এসআর