গাজীপুরে বিএনপি’র দুই প্রার্থীর দলীয় সমর্থন পাওয়ার দাবি
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২২:৫৩
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির দুই প্রার্থীর দলের হাইকমান্ডের সমর্থন পাওয়ার দাবিকে কেন্দ্র করে বিপাকে পড়েছেন নেতা-কর্মীরা। মঙ্গলবার দুপুরে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি হাসান উদ্দিন সরকার জেলা শহরের দলীয় কার্যালয়ে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে দাবি করেছিলেন তিনি দলের সমর্থনের সবুজ সংকেত পেয়েছেন। সমর্থনও তিনি পাবেন। বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এসে একই দাবি করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নান।
এদিকে দলীয় প্রার্থী সমর্থনের ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) হান্নান শাহ জানান, নির্বাচনে মেয়র পদে এখনো কোন প্রার্থীকে সমর্থন দেয়া হয়নি। দলের চেয়ারপার্সন ভেবে-চিন্তে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবেন।
অপরদিকে দলের হয়ে মেয়র প্রার্থী হতে অপর বিএনপি নেতা শওকত হোসেন সরকার জানান, দলের পক্ষ থেকে সমর্থন দিলে তিনিও প্রতিদ্বন্ধিতা করতে প্রস্তুত রয়েছেন। হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। তিনিও সমর্থন পাবেন বলে আশাবাদী।