অহিংসতার প্রতিশ্রুতি দিয়ে সভা-সমাবেশ করা যাবে :স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়নি। সভা-সমাবেশের নামে নৈরাজ্য বন্ধের পদক্ষেপ নেয়া হয়েছে। নৈরাজ্য-সহিংসতা না করার প্রতিশ্রুতি দিয়ে সভা-সমাবেশ করা যাবে। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৪৭তম বৈঠকে সভা-সমাবেশ নিয়ে সরকারের ব্যাখ্যা চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান বলে বৈঠক সূত্র জানিয়েছে। সূত্র জানায়, বৈঠকে জাতীয় পার্টির (এ) সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু সভা-সমাবেশ প্রসঙ্গে প্রশ্ন উঠালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সভা-সমাবেশ করা যাবে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন কোনো নিষেধাজ্ঞা জারি করেনি। তবে আন্দোলনের নামে সহিংসতা, নৈরাজ্য, ভাঙচুর, অগ্নি-সংযোগ, করাত দিয়ে গাছ কাটা, পবিত্র কোরআন পোড়ানো হবে না এমন নিশ্চয়তা কোনো দল কিংবা ব্যক্তি দিলে অবশ্যই সমাবেশের অনুমতি দেয়া হবে। তবে সরকার কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করবে না। বৈঠকে গত ৫ মে রাজধানীর মতিঝিলে সমাবেশের নামে হেফাজতে ইসলামের সংঘটিত বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হেফাজতের ষড়যন্ত্র রক্তপাতহীনভাবে মোকাবেলা করায় এবং সাভার রানা প্লাজা ধসের কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সংসদীয় কমিটির পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়। বৈঠকে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ানের (র্যাব) সার্বিক কার্যক্রম নিয়ে প্রতিবেদন উপস্থাপন এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি র্যাবকে আরও বেশি কার্যকর ও গতিশীল করার জন্য কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মোহাম্মদ ছায়েদুল হকের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, হুইপ মির্জা আজম, মো. মুজিবুল হক, মো. নূরুল ইসলাম সুজন, সানজিদা খানম, মো. সফিকুল ইসলাম প্রমুখ। এছাড়া বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি কিউ কে মুসতাক আহমদ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, র্যাবের মহাপরিচালক (ডিজি) মো. মোখলেছুর রহমানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।