ব্যবসায়ীকে ধরে নির্যাতনের পর কোটি টাকা নিয়ে মুক্তি
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২২:৫৪
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-কমিশনার মোল্লা নজরুল ইসলামের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে ধরে এনে ব্যাপক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। সৈয়দ আবিদুল ইসলাম নামে ওই ব্যবসায়ী পরে এক কোটি ৫ লাখ টাকা দিয়ে মুক্তি পেয়েছেন। আবিদুল ইসলাম নড়াইলের সংসদ সদস্য কবিরুল হক মুক্তির আত্মীয়। বিষয়টি জানার পর কবিরুল হক স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দফতরে নিজের প্যাডে লিখিত অভিযোগ করেছেন। এর সঙ্গে প্রমাণ হিসেবে দিয়েছেন টাকা নেয়ার দৃশ্য সম্বলিত সিসিটিভির ফুটেজ। ওই ফুটেজে টাকা নেয়ার দৃশ্যটি স্পষ্ট। বিষয়টি বর্তমানে একটি গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। গতকাল বুধবার এই বিষয়টি ওই ব্যবসায়ীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর এক উপদেষ্টাকে অবহিত করা হয়েছে।
পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার এ ব্যাপারে ইত্তেফাককে বলেন, এই অভিযোগ তিনি পেয়েছেন। বিষয়টি ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে তদন্ত করতে বলা হয়েছে। তবে পুলিশ কমিশনার এ মুহূর্তে দেশের বাইরে থাকায় তদন্ত কাজ শুরু হয়েছে কি-না সে ব্যাপারে জানা যায়নি। তবে এমপির অভিযোগের ভিত্তিতে অন্য একটি গোয়েন্দা সংস্থা বিষয়টির তদন্ত করছে বলে জানা গেছে। ওই সংস্থার একজন কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। পুরো তদন্ত শেষ হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট জমা দেয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, গুলশান ১ নম্বরের ৭ নম্বর রোডের ১৩ নম্বর বাড়ির বি/১০ নম্বর ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করেন সৈয়দ আবিদুল ইসলাম। গত ৭ এপ্রিল ভোরে ডিবি পরিচয়ে সাদা পোশাকধারী একদল লোক ওই বাসায় যায়। বাসায় কালো একটি ব্যাগে অবৈধ এক কোটি টাকা রাখা আছে দাবি করে ডিবির ওই দলটি পুরো বাসা তল্লাশি করে। এক পর্যায়ে চাবি নিয়ে বাসার আলমারি, ওয়ারড্রোবসহ আসবাবপত্র তছনছ করলেও কোথাও তারা টাকা পায়নি। ফিরে আসার সময় ইন্সপেক্টর আজাহার উদ্দিন ও এসআই হাসনাতের নেতৃত্বে অভিযান চালানো ওই দলটি স্বর্ণের গহনার একটি বাক্স নিয়ে আসতে চায়। আবিদুলের স্ত্রী তাদের বাধা দেন। এক পর্যায়ে আবিদুরকে নিয়ে রওনা দেয় ডিবির দলটি। সকাল ৬ টায় তাকে নিয়ে যাওয়া হয় ডিবির ডিসি (উত্তর) মোল্লা নজরুলের কক্ষে। এটি ডিবির টর্চার সেল হিসাবে পরিচিত।
কবিরুল হকের অভিযোগ থেকে জানা যায়, আবিদুলকে মোল্ল্যা নজরুলের পাশের কক্ষে নিয়ে ব্যাপক পেটাতে থাকে ইন্সপেক্টর আজাহার উদ্দিন ও এসআই হাসনাত। এক পর্যায়ে আবিদুলকে জানানো হয়, বাঁচতে হলে ১০ কোটি টাকা দিতে হবে। এই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে নির্যাতনের পরিমাণ বেড়ে যায়। সকাল ৯টা পর্যন্ত চলে ব্যাপক নির্যাতন। টাকা না দিলে জামায়াতে ইসলামী ও হিযবুত তাহরীর বলে সারা জীবন জেল খাটানোর ভয় দেখানো হয়। এ সময় আবিদুলকে চিন্তাভাবনার জন্য এক ঘন্টা সময় দেয়া হয়। সকাল ১০টায় এসআই হাসনাত তার সিদ্ধান্ত জানতে চান।
হাসনাত বলেন, নজরুল স্যার টাকা ছাড়া কিছু বোঝেন না। অতত্রব টাকা না দিয়ে মুক্তি মিলবে না। খাল-বিলে পাওয়া যাবে তার লাশ। তাই টাকা তাকে দিতেই হবে।
এক পর্যায়ে আবিদুল ইসলাম এক কোটি টাকা দিতে রাজি হন। নজরুলের রুম থেকে ফিরে এসে হাসনাত জানান, স্যার এই টাকাতে রাজি হয়েছেন। এখনই টাকার ব্যবস্থা করেন।
অভিযোগে বলা হয়েছে, এক ডিবি কর্মকর্তার ফোন দিয়ে আবিদুল তার স্ত্রীকে ফোন করেন। সবকিছু শোনার পর তার স্ত্রী ইউসিবিএল ব্যাংকের মিরপুর শাখার ডিপিএস ভেঙে ১২ লাখ ৮০ হাজার ও ব্র্যাক ব্যাংক গুলশান-১ নম্বর শাখা থেকে ৩৭ লাখ ২০ হাজার টাকা তুলে মোট ৫০ লাখ টাকা নিয়ে ডিবি অফিসে মোল্লা নজরুলের রুমে আসেন। এ সময় আবিদুলকেও ওই রুমে আনা হয়।
তখনো বাকি ৫০ লাখ টাকা। স্ত্রীর কাছ থেকে চেকবই নিয়ে এসআই হাসনাতের সঙ্গে বের হন আবিদুল। তার স্ত্রী তখন ডিবি হেফাজতে। আবিদুল তখন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের শান্তিনগর শাখা থেকে ২ লাখ, ব্র্যাক ব্যাংক শান্তিনগর শাখা থেকে ৪৩ লাখ ও ইউসিবিএল ব্যাংকের শান্তিনগর শাখা থেকে ৫ লাখ টাকা তোলেন। এ পুরো ৫০ লাখ টাকাই এসআই হাসনাত ব্যাংক থেকে গ্রহণ করেন।
ব্যাংকের সিসিটিভি ফুটেজে হাসনাতের টাকা নেয়ার দৃশ্য রয়েছে। এ ফুটেজ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও দেয়া হয়েছে। শান্তিনগর থেকে টাকা তোলার পর আবার তারা ডিবি অফিসে যান। সেখানে পুরো এক কোটি টাকা বুঝিয়ে দিয়ে তারা বের হন। এ সময় হাসনাত নিজের জন্য ৫ লাখ টাকা দাবি করেন। তখন আর ওই ব্যবসায়ীর কাছে কোন টাকাই ছিল না। পরদিন দেয়ার আশ্বাসে তারা বের হয়ে আসেন। এ ৫ লাখ টাকা পরদিন ওই ব্যবসায়ী ডিবি অফিসে গিয়ে হাসনাতের কাছে দিয়ে আসেন।
জানা গেছে, টাকা লেনদেনের পুরো বিষয়টির সমন্বয়কারী ছিলেন মোল্লা নজরুল ইসলামের কথিত মামা মিন্টু বিশ্বাস।
ঘটনার পর থেকে কয়েকদিন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন আবিদুল ইসলাম। পরে তিনি ঘটনাটি তার আত্মীয় সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে জানান। কবিরুল হক ব্যাংক থেকে সিসিটিভির ফুটেজ, ব্যাংক থেকে টাকা তোলার নথিসহ আনুষঙ্গিক সব তথ্য সংগ্রহ করে নিজের প্যাডে অভিযোগ লিখে গত ২৪ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দফতর ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে জমা দেন। পাশাপাশি একটি গোয়েন্দা সংস্থাকেও কাগজপত্রসহ বিষয়টি অবহিত করেন। ওই গোয়েন্দা সংস্থাটি সঙ্গে সঙ্গে বিষয়টি তদন্ত শুরু করেছে। গোয়েন্দা সংস্থাটি এর প্রাথমিক সত্যতাও পেয়েছে। এ ঘটনাটি পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশ প্রসাশনের শীর্ষ কর্মকর্তারাও জানেন।
সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ইত্তেফাককে বলেন, সরকারি দলের সংসদ সদস্য হয়েও তিনি অভিযোগ করে কোন প্রতিকার পাচ্ছেন না। অভিযোগের এক মাস পার হলেও পুলিশের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হয়নি। তবে হাল ছাড়তে রাজি নন এ এমপি। বলেন, প্রয়োজন হলে তিনি প্রধানমন্ত্রীর কাছে যাবেন। কারণ এসব দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এভাবে তো চলতে পারে না। এর একটা বিহিত করতেই হবে।
তবে এসব অভিযোগের ব্যাপারে ডিবির উপ-কমিশনার মোল্লা নজরুল ইসলাম গতকাল সন্ধ্যায় ইত্তেফাককে বলেন, আমার সঙ্গে এমপি কবিরুল হক মুক্তির সংসদীয় এলাকার কিছু ঘটনা নিয়ে দ্বন্দ্ব চলছিল। তার কিছু সিদ্ধান্তের আমি প্রতিবাদ করেছিলাম। এ কারণে তিনি আমার উপর ক্ষুব্ধ হয়ে এ ধরনের অভিযোগ করেছেন। সিসিটিভির ফুটেজের ব্যাপারে তিনি বলেন, কোন এসআই অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এর সঙ্গে আমি জড়িত নই।