ম্যান বুকার ইন্টারন্যাশনাল বিজয়ী লিডিয়া ডেভিস
ছোট গল্পের বড় লেখক
প্রকাশ : ৩০ মে ২০১৩, ১৭:৩৮
গল্প
কী
কঠিন!
আমার মা সবসময় বলতেন আমি স্বার্থপর, বেখেয়ালি ও দায়িত্বজ্ঞানহীন। আমাকে নিয়ে তিনি বেশ বিরক্তই ছিলেন। যদি তাঁর কথায় আমি কোনোদিন প্রতিবাদ করতাম, তবে তিনি তাঁর দুই হাত দিয়ে কান ধরে রাখতেন। তিনি অনেক চেষ্টা করেছিলেন আমাকে বদলাবার। কিন্তু আমি বদলাইনি। কিংবা হয়তো বদলেছিলাম। আমি আসলে এ বিষয় নিয়ে নিশ্চিত নই যে আদৌ বদলেছিলাম কি না। কারণ আমার মা আমাকে আর বলার সুযোগ পাননি যে, তুমি আর স্বার্থপর, বেখেয়ালি ও দায়িত্বজ্ঞানহীন নও।
এখন আমি নিজেই নিজেকে বলি, কেন আমি অন্যদের কথা চিন্তা করিনি? কেন নিজের কাজগুলোর প্রতি মনোযোগী ছিলাম না। কিংবা যা মনে রাখার প্রয়োজন ছিল, সেগুলোকে কেনইবা ধরে রাখিনি। আমি নিজেই এখন নিজেকে নিয়ে বিরক্ত। এসব ভাবনা আমার মধ্যে মায়ের জন্য সহানুভূতি তৈরি করে। আমাকে নিয়ে মায়ের জীবন বেশ কঠিনই ছিল। তাঁর জন্য কতটা বিরক্তিকর ছিলাম আমি। কিন্তু সেসব কথা কখনোই তাঁকে বলা হয় না। কারণ, যখন আমি নিজেকে শোধরাবার কথা ভাবছিলাম, তাঁকে সহানুভূতি জানানোর কথা মনে করছিলাম, তখন আমি টেলিফোনে তাঁর এই পুরোনো অভিযোগগুলোই শুনছি এবং নিজের পক্ষে যুক্তি-তর্ক নিয়ে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছি।
নোবেলের পর সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক ‘ম্যান বুকার ইন্টারন্যাশনাল’ পেয়ে মার্কিন লেখক লিডিয়া ডেভিস বিশ্বের সাহিত্যপ্রেমীদের কাছে নতুন করে পরিচিত হলেন। একেবারে মার্বেল সাইজের গল্পের লেখিকা লিডিয়া ডেভিসের লেখনী ইতোমধ্যে পাঠকদের বিমোহিত করেছে। ম্যান বুকার পাওয়ার আগে সমালোচক ও অনুবাদক হিসেবেই বেশি পরিচিত ছিলেন এই লেখক। পুরস্কার পাওয়ার পর নিজেই জানালেন, পুরস্কারের জন্য লেখার ব্যাপারে তার আলসেমি কাজ করে। তাই লোকচক্ষুর অন্তরালেই রয়েছেন তিনি।
বলে নেওয়া ভালো, ‘ম্যান বুকার ইন্টারন্যাশনাল’ আর ‘ম্যান বুকার’ পুরস্কারের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। বুকার পুরস্কার কেবল কমনওয়েলথভুক্ত দেশগুলোর ইংরেজি ভাষার লেখকদের দেওয়া হয়। ১৯৬৮ সাল থেকে এর চল হয়েছে। অন্যদিকে ইন্টারন্যাশনাল যুক্ত পুরস্কারটি প্রতি দু-বছর অন্তর অন্তর ইংরেজি ভাষা বা ভিন্নভাষার লেখকদের ইংরেজি অনুবাদ করা সাহিত্যকর্মের জন্য দেওয়া হয়। ২০০৫ সাল থেকে ম্যান বুকার আন্তর্জাতিক লেখকদের দেওয়া হচ্ছে। প্রথম এই পুরস্কার পেয়েছিলেন আলবেনিয়ার লেখক ইসমাইল কাদারে। এর পর ২০০৭ সালে নাইজেরিয়ার চিনুয়া আচেবে, ২০০৯ সালে কানাডার এলিস মুনরো, ২০১১ সালে যুক্তরাষ্ট্রের ফিলিপ রথ। এ বছরও পুরস্কার গেল যুক্তরাষ্ট্রের ঘরেই।
লিডিয়ার প্রতিদ্বন্দ্বীরা :এ বছর লিডিয়া ডেভিসের প্রতিদ্বন্দ্ব্বী ছিলেন আরও নয় মহারথী লেখক। সমালোচকদের মতে এবার যাঁরা ম্যান বুকারের ক্ষুদ্র তালিকায় ছিলেন, তাদের তুলনায় লিডিয়া একেবারে নস্যি লেখক। তালিকার প্রথমেই ছিলেন, কর্ণাটকে জন্ম নেওয়া ভারতীয় লেখক ইউ আর অ্যানাথামুরথি। গান্ধীবাদী এই লেখক কানাড়া ভাষায় নতুন ধারার সাহিত্যের জন্ম দিয়েছেন। ৮০ বছর বয়সে এসেও হাল না ছেড়ে লিখে যাচ্ছেন এই চিরতরুণ। পাঁচ উপন্যাস ও ছয় গল্পসংকলনের জনক অ্যানাথামুরথি জনপ্রিয়তায় লিডিয়ার চেয়ে বেশ এগিয়েই ছিলেন।
এর পরেই ছিলেন ইউক্রেনের লেখক আহারন অ্যাপেলফেল্ড। ৮০ বছর বয়সী এই লেখকের মূল ভাষা ছিল হিব্রু। ইহুদিদের জীবনাচরণ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ঘটনাই তাঁর লেখার মূল বিষয়বস্তু।
ভারতে জন্ম নেওয়া পাকিস্তানি লেখক ইন্তিজার হোসেন ছিলেন তালিকার তৃতীয় অবস্থানে। ১৯২৫ সালে জন্ম নেওয়া ইন্তিজার হোসেন ৪৭ সালের দেশভাগের সময় পাকিস্তানে স্থায়ী হন। পাকিস্তানের রাজনৈতিক উত্থান-পতন নিয়ে উপন্যাস লিখেই তিনি সাহিত্যপ্রেমীদের নজর কেড়ে নেন।
চীনা লেখক ইয়ান লিয়াংকি তাঁর নিজ দেশে তুমুল জনপ্রিয় লেখক। জীবন, বন্ধুত্ব, সম্পর্ক ও বাস্তবিক টানাপোড়েনের গল্প লিখেই তিনি পাঠকদের হূদয় জয় করে নেন। ইংরেজি ভাষায় অনূদিত তাঁর সাহিত্যকর্মগুলো বিশ্বের জনগণের কাছেও ব্যপক সমাদৃত।
ফরাসি নাট্যকার মেরি এন ডিয়াই হচ্ছেন এবার ম্যানবুকার শর্ট লিস্টের সবচেয়ে কমবয়সী লেখক। মাত্র ১৮ বছর বয়সে ‘রিগার্ডিং টু রিচ ফিউচার’ নামক উপন্যাস লিখে তিনি পাঠকমহলে সাড়া ফেলে দেন। গত বছর তিনি লেখেন ‘থ্রি স্ট্রং উইমেন’ সেই বইটির জন্য বেশ কয়েকটি পুরস্কারও জিতে নেন মেরি।
লিডিয়ার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ লেখকের কথা যদি বলা হয়, তবে হাঙ্গেরির জোসিপ নাভাকোভিচের নাম সর্বাগ্রে থাকবে। তিনি একাধারে গল্পকার, প্রাবন্ধিক ও ঔপন্যাসিক। পেশাজীবনে চিকিত্সক এই লেখক সমপ্রতি কানাডার নাগরিকত্ব গ্রহণ করেছেন। কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের ক্রিয়েটিভ রাইটিংয়ের শিক্ষক হিসেবে কর্মরত জোসিপের মাত্র তিনটি ছোটগল্পের সংকলন ও চারটি উপন্যাস রয়েছে। তবে অগণিত পাঠকপ্রিয় প্রবন্ধের জন্যই তিনি সর্বজন-সমাদৃত। পাশাপাশি তাঁর ছোটগল্প তো রয়েছেই।
এই তালিকার আরেক লেখক মেরিলিন রবিনসন ছিলেন লিডিয়ার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। মার্কিন এই লেখক তাঁর লেখার চেয়ে হয়তো বা পুরস্কার জয়ের জন্য অধিক পরিচিত। ‘হাউসকিপিং’ উপন্যাসের জন্য তিনি পাননি এমন কোনো পুরস্কার নেই। তিনটি উপন্যাসের জন্য তিনবার পুলিত্জার পেয়েছেন মেরিলিন রবিনসন।
রাশিয়ান গল্পকার ও নাট্যকার ভ্লাদিমির সরোকিন ছিলেন তালিকার শেষের দিকে। আধুনিক গল্পকার হিসেবে তিনি বেশ সমাদৃত ছিলেন। বিশ্বব্যাপী তিনি জনপ্রিয় হয়েছেন তাঁর ত্রয়ী উপন্যাস ‘দ্য আইস’ দিয়ে।
একেবারে হিসেব কষে নাকি লেখেন পিটার স্ট্যাম। হিসাববিজ্ঞানে পড়াশোনা করা এই সুইস লেখক সম্পর্কে এমন মন্তব্যই করেছে জনপ্রিয় মার্কিন দৈনিক ‘নিউ ইয়র্ক টাইমস’। আনফর্মড ল্যান্ডস্কেপ নামক একটি উপন্যাস লিখেই বিশ্বব্যাপী জনপ্রিয় হয়েছেন পিটার। এ ছাড়া অসংখ্য ছোটগল্প আর নাটক তো রয়েছেই।
এই নয় সর্বজনবিদিত লেখককে ছাপিয়ে লিডিয়া যখন বুকার জয় করলেন, তখন অভিনন্দিত হওয়ার চেয়ে সমালোচিত হতে হয়েছেন বেশি। বিশেষ করে, গণমাধ্যমে লিডিয়াকে নিয়ে সেরকম কোনো তোলপাড় লক্ষ করা যায়নি। মোটামুটি সব গণমাধ্যমে খুব সাধারণভাবেই লেখা হয়েছে ‘ম্যান বুকার ইন্টারন্যাশনাল পদক পেলেন লিডিয়া ডেভিস’। অনেক গণমাধ্যমে আবার নিজদেশের মনোনয়নপ্রাপ্ত লেখক যে পদক পাননি সেটার কথাই তুলে ধরছেন। কিন্তু লিডিয়া পেয়েছেন, সে কথা একেবারেই সামান্য ছিল। লিডিয়াকে নিয়ে সবচেয়ে বেশি কটাক্ষ করে মন্তব্য করেছে আইরিশ গণমাধ্যম ‘নিউজটক’। নিউজটকের শিরোনামে লেখা হয়, ‘বাক্যসম গল্পলেখিকা লিডিয়া ডেভিস বুকার পেলেন।’ আসলে তাঁর ছোটগল্প এতটাই ছোট যে, এরপর কী হবে কী হতে পারত এমন ভাবনাই পাঠককে তাড়িয়ে বেড়ায়। লিডিয়া অবশ্য সে রকমটা মানতে রাজি নন। তাঁর মতে, গল্পের চরিত্রগুলোকে অকারণ বাড়তে দিতে ইচ্ছুক নন তিনি। কাজটা অনেকটা টেনে-হিঁচড়ে রাবার বড় করার মতো। সেদিকে তাঁর আগ্রহ নেই বললেই চলে। শুধু চরিত্র নয়, গল্পের পরিধির প্রসার নিয়েও তাঁর আপত্তি রয়েছে। তাঁর কথা, যদি অল্পকথায় তিনি পাঠককে সব জানাতে পারেন, তবে কেন মিছে এই বিশালাকৃতির গল্প লেখা।
১৯৭৪ সালে ম্যাসাচুসেটসের নর্থহ্যাম্পটনে জন্ম নেন লিডিয়া। বাবা রবার্ট গরহ্যাম ডেভিস ইংরেজি সাহিত্যের শিক্ষক ও সাহিত্যসমালোচক ছিলেন। লিডিয়া বাবার সমালোচনার ধাত পেয়েছেন। ক্ষুদ্র গল্পকার লিডিয়ার চেয়ে সমালোচক লিডিয়া ডেভিস অনেক বেশিই সমাদৃত। আরও একটি তকমা রয়েছে তাঁর নামের পেছনে, সেটি হচ্ছে—তিনি অনুবাদক। ফরাসি ভাষা থেকে তিনি অনুবাদ করেছেন অসংখ্য গল্প ও প্রবন্ধ। এই ছোট ছোট মার্বেল সাইজ গল্প লেখার অনুপ্রেরণাটাও পেয়েছেন ফরাসি ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও ছোটগল্পকার মার্শেল প্রুস্তের থেকে। পুরস্কার গ্রহণের সময় লিডিয়া বলেন, ‘আসলে প্রুস্তের রচনা অনুবাদের সময়ই ভাবছিলাম, একটা ছোটগল্প কত ছোট হতে পারে। কত অল্প কথায় পুরো কথা বলা যায়।’
একটি উপন্যাস ও সাতটি ছোটগল্প সংকলন রয়েছে লিডিয়ার। উপন্যাসটির নাম ‘দ্যা এন্ড অব দ্য স্টোরি’ (১৯৯৫)। গল্পগ্রন্থগুলো হচ্ছে, ‘দ্য থার্টিন ওমেন অ্যান্ড আদার স্টোরিজ’, ‘স্কেচেস ফর অ্যা লাইফ অব ওয়াসিলি’, ‘ব্রেক ইট ডাউন’, অলমোস্ট নো মেমোরিল’, ‘স্যামুয়েল জনসন ইজ ইনডিগন্যান্ট’ ও ‘ভ্যারাইটিস অব ডিসটার্বেন্স’, সর্বশেষ ২০০৯ সালে প্রকাশিত হয় ‘দ্য কালেকটেড স্টোরিস অব লিডিয়া ডেভিস’।
২০১৪ সালে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত হতে যাচ্ছে লিডিয়ার আরেকটি বই ‘কান্ট অ্যান্ড ওন্ট’। বাংলায় বইটির নামের অনুবাদ করলে দাঁড়ায় ‘পারব না ও করব না’। এ ছাড়াও তাঁর রয়েছে অসংখ্য অনুবাদ ও সমালোচনাধর্মী প্রবন্ধ। অনুবাদকর্মের জন্য তিনি ফ্রান্স সরকার প্রদত্ত বিশেষ সম্মাননা সেভালিয়ার অব দ্যা অরডার অব আর্টস অ্যান্ড লেটার্স-এর জন্যও মনোনয়ন পেয়েছিলেন। এ ছাড়া ম্যাকার্থ ফেলোশিপ ফর ফিকশন জয় করেন তিনি। ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ জাতীয় সাহিত্যপুরস্কারের জন্যও মনোনীত হন।
গণমাধ্যমে লিডিয়ার পুরস্কারপ্রাপ্তি নিয়ে যত বিতর্কই থাকুক না কেন, তাঁকে পুরস্কার দিতে পেরে বুকার ইন্টারন্যাশনালের বিচারক প্যানেল বেশ সন্তুষ্ট। বুকার ইন্টারন্যাশনালের বিচারক প্যানেলের চেয়ারম্যান স্যার ক্রিস্টোফার রিকস ডেভিস সম্পর্কে বলেন, তাঁর গল্পগুলো সাহিত্যের অনেক কাঠামো ও গঠনশৈলী ভেঙে দিয়েছে। আর এ জন্য তাঁর সাহিত্যকর্মকে একটি সীমিত একক অভিধায় নিয়ে আসা কঠিন।’
ব্রিটিশ লেখক ও অভিনেত্রী নাতালি হেইনেস অবশ্য লিডিয়ার পুরস্কারপ্রাপ্তিকে একটু ভিন্নভাবে দেখেছেন। তিনি বলেন, বুকার ইন্টারন্যাশনালের বিচার করতে গিয়ে প্রতিদিন বিচারকদের একটি করে বই পড়তে হয়েছে। তিন মাসে কেউ কেউ ৫০টির বেশি বই পড়েছিলেন। সে সময়ই ৯০০ পৃষ্ঠা বা তারচেয়েও বেশি পৃষ্ঠার বই ছাপিয়ে একেবারে ক্ষীণকায় একটি বই হয়তো তাদের অনেক বেশি আকর্ষণ করেছিল। একজন লেখক ৯০০ পাতায় যা বলতে চেয়েছেন, লিডিয়া ডেভিস এক পাতায় সেটি বলার ক্ষমতা প্রকাশ করতে পেরেছেন। তাই বাক্যসম গল্পের লেখিকা লিডিয়া এই পুরস্কার পেয়েছেন।
ব্রিটিশ সাহিত্যসমালোচক অ্যালি স্মিথ দাবি করেন, লিডিয়া ডেভিস বর্তমানকালে পাঠকদের লেখক। পাঠকের জন্য তিনি এই ক্ষুদ্রাকার গল্প লেখার সাহস দেখাতে পেরেছেন। তবে এমন নয় যে, তিনি তাঁর লেখায় জীবনবোধের কোনো অংশকে অবমূল্যায়ন কিংবা অবজ্ঞা করেছেন। একাধারে, হাস্যরস, বুদ্ধিমত্তা, অর্থনীতি সবকিছুরই মিশেল রয়েছে লিডিয়ার গল্পে। দুই লাইন বা এক অনুচ্ছেদেই লিডিয়া জীবনকে প্রকাশ করতে সক্ষম।
এ ধরনের ভিন্নধর্মী লেখার জন্য লিডিয়াকে অস্টিস্টিক বা বুদ্ধিপ্রতিবন্ধীর খেতাবও পেতে হয়েছে। মার্কিন ঔপন্যাসিক ও সাহিত্যসমালোচক বেন মার্কাস লিডিয়ার সাহিত্যকর্মকে অটিস্টিক বলে আখ্যা দেন। তাঁর মতে লিডিয়ার লেখা অনেকটা অপরিণত। পাঠকের আগ্রহ ও লেখকের বর্ণনার সম্মিলনে ব্যাপক ঘাটতি রয়েছে বলেই মনে করেন মার্কেজ। মার্কেজের এমন মন্তব্যে লিডিয়া বলেছিলেন, আমি টেনে লম্বা করা গল্প লিখতে আগ্রহী নই। বলা যায়, এ ধরনের কাজ করতে আমি কিছুটা লজ্জা পাই। লেখালেখিতে লিডিয়া কৃত্রিমতার সমাবেশ ঘটাতে আগ্রহী নন। যতটুকু স্বতঃস্ফূর্ত, তাতেই তিনি সন্তুষ্ট থাকতে চান। তিনি মনে করেন, একটি গল্পের সত্যিকারের বিস্তার ঘটবে পাঠকের মস্তিস্কে। কোনো একটি সাহিত্যকর্ম পাঠ করার পর সেটি শেষ হয়ে যায় না। পাঠকের মস্তিস্কে সেটি বড় হয়। সেটুকু অনুভূতিকে আদি ও অকৃত্রিম বলে মনে করেন লিডিয়া। তিনি বলেন, যখন কেউ কোনো দৃশ্য নিয়ে ভাবে তখন সেটি শুধুই একটি দৃশ্য থাকে এর আদ্যোপান্ত বা খুঁটিনাটি ভাবার অবকাশ থাকে না। খুঁটিনাটি ভাবনাগুলো আসলেই সেটি, আর প্রাথমিক ভাবনা থাকে না এবং লেখা তার স্বকীয়তা হারায়।
লিডিয়া তাঁকে গল্পের লেখক বলতে নারাজ। বরং নিজেকে দৃশ্যের স্রষ্টা বলে মনে করেন। যা দেখেন চলতি পথে, সে ধরনের দৃশ্যকে ধরে রাখতে চান। বাস লাইনে বা দোকানে দাঁড়িয়ে থাকা, পথে চলা মানুষগুলো থেকেই লেখার অনুপ্রেরণা পান। তাদের কথাই তুলে ধরেন তিনি। তাই পাঠকরাও তাঁর লেখায় সবসময় নিজেদের খুঁজে পান।