সাহিত্যে নোবেল বিজয়ী মো ইয়ান
জনতার প্রতিনিধি হয়ে লিখতে চাই, দলের নয়
প্রকাশ : ৩০ মে ২০১৩, ১৭:৩৮
১৯৫৫ সালে চীনের গাওমি গ্রামের এক কৃষকপরিবারে মো ইয়ানের জন্ম। তাঁর পারিবারিক নাম গুয়ান মোই। চরম দুর্ভিক্ষের মধ্য দিয়ে তাঁর শৈশব কাটে। মাত্র বারো বছর বয়সে দারিদ্র্যের কারণে তাঁকে স্কুল ছাড়তে হয়। মো ইয়ান ‘লাইফ অ্যান্ড ডেথ আর উইয়ারিং মি আউট’ ও ‘গার্লিক ব্যালাডস’-এর মতো কিছু অসাধারণ বই লিখেছেন। এ সব বইয়ে চীনের ইতিহাস-ঐতিহ্য ও সাংস্কৃতিক দৈন্য চিত্রায়িত হয়েছে। নোবেল পাওয়ার পর সাহিত্য ও রাজনীতি—উভয় অঙ্গনে আলোচিত মো ইয়ান ফেব্রুয়ারির শেষ দিকে প্রথমবারের মতো জার্মানির ‘স্পাইজেল’ ম্যাগাজিনকে সাক্ষাত্কার দেন। সাক্ষাত্কারটি অনুবাদ করেছেন
প্রশ্ন:আপনার লেখক নাম মো ইয়ান, যার অর্থ ‘চুপ থাকা’। আপনি সম্ভবত এটি খুব ভালোভাবেই অনুসরণ করেন। প্রকাশ্যে কথা বলতে আপনি বড় বেশি লাজুক। আর সাংবাদিক হলে তো কথাই নেই। কিন্তু কেন?
মো ইয়ান: আমি রাজনৈতিক বক্তব্য দিতে পছন্দ করি না। প্রথমত, আমি একজন লেখক। আমি চিন্তা করি খুব যৌক্তিকভাবে। যখন প্রকাশ্যে কথা বলি, তখন নিজেকে প্রশ্ন করি। আমার রাজনৈতিক মতাদর্শ অত্যন্ত পরিষ্কার। একজন পাঠককে আমার রাজনৈতিক মতাদর্শ জানতে শুধু আমার বই পড়তে হবে।
প্রশ্ন:নোবেল পাওয়ার পর প্রথম জার্মান ভাষায় আপনার বই ‘ফ্রগস’ অনূদিত হয়। এতে আপনি এক সন্তান নীতি নিয়ে কথা বলেছেন, যা এক কোটিরও বেশি মানুষের জীবনে প্রভাব ফেলে। এই এক সন্তান নীতিতে আপনার ব্যক্তিগত অভিমত কী?
মো ইয়ান:একজন বাবা হিসেবে মনে করি, প্রত্যেকেরই ইচ্ছামতো সন্তান নেওয়ার স্বাধীনতা থাকা উচিত। কিন্তু দলের সদস্য হিসেবে আমাকে আইন মানতে হবে, যেমনটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। আর তা তো একের অধিক নয়। চীনের জনসংখ্যার বিষয়টা সহজে সমাধান হওয়ার নয়। আমি শুধু একটি ব্যাপারে জোর দিতে চাই—কাউকে জোরপূর্বক সন্তান নিতে বাঁধা দেওয়া যাবে না।
প্রশ্ন:ঠিক বলেছেন। তারপরও ‘ফ্রগস’ উপন্যাস যা ঘটেছে, তা লেখার উত্সাহটা কী জানতে পারি? এটা কি এক সন্তান নীতি সর্ম্পকে আপনার ব্যক্তিগত অভিমত? না কি কোনো বাস্তব ঘটনা বা গল্পকথা?
মো ইয়ান:এটা আমার ফুপুর জীবনের কাহিনি। ফুপু ছিলেন গাওমির মফস্বল শহরের একটি হাসপাতালের গাইনি বিশেজ্ঞ। তিনি সরকারের এক সন্তান নীতি বাস্তবায়নে গর্ভপাতের দায়িত্ব পালন করতেন। আমার বিবেকই আমাকে এ ব্যাপারে লিখতে উত্সাহিত করে।
প্রশ্ন:‘ফ্রগস’ উপন্যাসের ডাক্তার ‘ওয়ান’ প্রধান চরিত্র। সে খুবই জটিল চরিত্রের অধিকারী ও ভয়াভহ লালসা চরিতার্থকারী। আপনার ফুপু এ ব্যাপারে কী মন্তব্য করেছেন?
মো ইয়ান:তিনি এটা পড়েননি। আমিও তাঁকে এ উপন্যাস পড়তে সরাসরি বলিনি। কারণ তিনি হয়তো আমার প্রতি ভয়াভহ রাগ করতে পারেন। ‘ফ্রগস’ উপন্যাসে যা ঘটেছে, তা শুধুই ফুপুর বাস্তব কাহিনিকে ভিত্তি করে নয়; কারণ ফুপুর চার সন্তান ছিল। আমি অন্যান্য ডাক্তারদের অভিজ্ঞতা ও আমার অভিজ্ঞতা এতে সংযুক্ত করেছি।
প্রশ্ন:আপনার অনেক উপন্যাসেই অনেক অপ্রিয় সত্য উঠে এসেছে। যেমন, ‘গার্লিক ব্যালাডস’-এ একজন গর্ভবতী মহিলা কাজ করতে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। একইভাবে ‘ফ্রগস’ আপনার সবচেয়ে কঠোর সমালোচনার বই। এই কঠোরতাই কি বইটি লিখতে বেশি সময় নেওয়ার কারণ?
মো ইয়ান:অনেকদিন ধরেই বইয়ের জন্য এই থিম নিয়ে ভাবছিলাম। আর অনেক দেরিতে লেখা শুরু করেও আমি এটি তাড়াতাড়ি শেষ করি। আপনি ঠিকই বলেছেন। যখন আমি এ উপন্যাস লিখি, তখন আমাকে বিষণ্নতা গ্রাস করে। আমি এতে আত্মসমালোচনা খুঁজি।
প্রশ্ন:কোন দৃষ্টিকোণ থেকে মনে করেন, এতে আপনার কোনো ব্যক্তিগত অপরাধ নেই? এই অন্যায় গর্ভপাতের বা জোরপূর্বক গর্ভপাতের জন্য আপনি দায়ী নন।
মো ইয়ান:গত কয়েক দশকে চীন এই নিয়মের মধ্য দিয়ে যাচ্ছে। আর আমাদের মতো অধিকাংশ মানুষ নিজেদের এই নীতির ভুক্তভোগী মনে করে। খুব কম লোকই নিজেকে এ নিয়ে প্রশ্ন করে। যদিও আমি অনেককেই আঘাত করেছি। ‘ফ্রগস’-এ এ সমস্যাটা নিয়েই আলোচনা করেছি। যেমন ১১ বছর বয়সে আমি প্রাথমিক স্কুলে ছিলাম। কিন্তু আমি রেডগার্ডের দলে যোগ দিই। আমি আমার শিক্ষককের সমালোচনায় অংশগ্রহণ করি। আমি অন্যের প্রাপ্তিতে ঈর্ষান্বিত হতাম। অন্য কারও মেধায় বা সৌভাগ্যেও ঈর্ষান্বিত হতাম। তারপর নিজের স্ত্রীকে শুধুই আমার ভবিষ্যতের জন্য গর্ভপাত করতে অনুরোধ করি। আমি অপরাধী।
প্রশ্ন:আপনার বইয়ের প্রচ্ছদ যেন আধুনিক চীনের এক দুঃখভারাক্রান্ত ছবি। এতে অনেকের মনে হতে পারে—আধুনিক চীনের কোনো উন্নতি হয়নি; না আপনার শরীরের, না আপনার সমাজের, না সমগ্র দেশের। যেমনটা অন্যান্য স্থানে হয়ে থাকে।
মো ইয়ান:এ ক্ষেত্রে আমি চীনা নই বলা যায়। কারণ, অধিকাংশ চীনা নাটক ও গল্পে আনন্দায়ক সমাপ্তি আছে। কিন্তু আমার অধিকাংশ উপন্যাসই করুণ রসাত্মক বা বিয়োগান্তক। তারপরও এতে আছে আশা, আত্মমর্যাদা বোধ ও আকর্ষণ করার ক্ষমতা।
প্রশ্ন:আপনার কিছু কিছু বই চলচ্চিত্রের মতো। আপনি গল্পের চরিত্রগুলোর গভীরে প্রবেশ করেননি কেন? যেমন, ভুল সর্ম্পকে পরিষ্কার জানা সত্ত্বেও ‘ফ্রগস’ উপন্যাসে ডাক্তার ‘ওয়ান’ কমিউনিস্ট দলের সাথে লেগেই থাকে আঠার মতো...
মো ইয়ান:এটা আসলে আমার জেনারেশনের আধ্যাত্মিক অভিজ্ঞতা। কোনো কোনো মানুষ মনে করে—সাংস্কৃতিক বিপ্লব একধরনের বড় ভুল। আবার তারা এটাও মনে করে—কমিউনিস্ট দল এসব কিছু ঠিক করবে।
প্রশ্ন:আপনি নিজে এ ব্যাপারে কীভাবে ভাবেন? সর্বোপরি, সাংস্কৃতিক বিপ্লবের সময় আপনাকে স্কুল ছাড়তে হয়। আর এখন আপনি কমিউনিস্ট দলের একজন সক্রিয় সদস্য।
মো ইয়ান:চীনের কমিউনিস্ট পার্টির দেশব্যাপী ৮০ লাখ সদস্য আছে। আর এ সদস্যের মধ্যে আমি একজন। আমি পার্ির্টতে যোগদান করি ১৯৭৯ সালে। তখন আমি সেনাবাহিনীতে কর্মরত। আমি অনুভব করতে পারি, সাংস্কৃতিক বিপ্লবটা হচ্ছে ব্যক্তি নেতৃত্বের ব্যর্থতা। পার্টি এ ক্ষেত্রে খুব কমই দায়ী।
প্রশ্ন:বইয়ে আপনি কমিউনিস্ট পার্টির নেতাদের কঠোর সমালোচনা করেছেন। কিন্তু আপনার রাজনৈতিক বক্তব্য মধ্যপন্থীর মতো। আপনি এই স্ববিরোধিতাকে কীভাবে ব্যাখ্যা করবেন?
মো ইয়ান:আমার রাজনৈতিক মতবাদের সাথে লেখক-মতবাদের কোনো বিরোধ নেই, যদিও আমি কমিউনিস্ট পার্টির নেতাদের বইয়ে কঠোরভাবে সমালোচনা করি। বারবার আমি এর ওপর জোর দিতে চেয়েছি। আমি জনতার প্রতিনিধি হয়ে লিখতে চাই, দলের নয়। দুর্নীতিবাজ নেতাদের আমি চরম ঘৃণা করি।
প্রশ্ন:চীনা লেখক লিও শিওবাকে গত বছর জার্মান ‘বুক ট্রেডর পিস প্রাইজ’ লাভ করেন। তখন তিনি ‘স্পাইজেল’-এ আপনাকে সরকারি লেখক বলেন। আর বলেন ‘আপনি সরকারের ঘনিষ্ঠজন।’
মো ইয়ান:আমি তাঁর বক্তব্য পড়েছি, তাঁর পুরস্কার অনুষ্ঠানের ভাষণও শুনেছি। বক্তেব্যে তিনি চীনা লেখকদের এক হাত দেখেয়িছেন। আমি তাঁর সাথে একমত নই। আমি মনে করি, শিওবার জন্মভূমি ‘শিউচান’-এর জনগণ চীন থেকে আলাদা হতে চায় না। হলফ করে বলতে পারি, লিওর বাবা-মাও তা চান না। আমি কখনো বিশ্বাস করি না—লিও আন্তরিকভাবে তা চাইতে পারেন। তিনি আমাকে ঈর্ষা করেন নোবেলপ্রাপ্তির জন্য। আর আমিও তা বুঝি। কিন্তু তাঁর সমালোচনা বিচারবুদ্ধিহীন।
প্রশ্ন:আপনি প্রকৃতার্থে তাঁর কোন সমালোচনা বোঝাতে চাইছেন?
মো ইয়ান:অন্যান্য অভিযোগের পাশাপাশি তিনি আমাকে বো শিয়ালাই-এর তোষামদকারী বলে অভিযুক্ত করেন।
প্রশ্ন:সং ছিং-এর কমিউনিস্ট পার্টির বিগত সমালোচিত প্রধানের কথা বলছেন?
মো ইয়ান:হ্যাঁ। অথচ তাঁকে নিয়ে আমি একটি স্যাটায়ার কবিতা লিখি। তাঁকে তিরস্কার করি সেই কবিতায়। আমি কবিতাটা একটু আবৃত্তি করি—
‘লাল-সংগ্রামী-গানের কালো চিত্কার হচ্ছে গলা হাঁকিয়ে
জাতি নিজের মাথা সমর্পণ করেছে সং ছিঙের নিকট
যখন সাদা মাকড়শা তার আসল জাল ছড়াচ্ছে ছারপোকা আটকে ফেলতে
একটি কালো ঘোড়া মেকি সংগ্রাম নিয়ে কখনোই সাহসী যুবক হতে পারে না
তেমনি লেখক হয়েও কারও ডান বা বাম দল ভয় করা উচিত নয়
তেমনি কর্মচারী হিসেব প্রত্যেকের তার প্রিয় নাম ধরে রাখবে মৃত্যুর পূর্বে বা পরে
তুমি তো একজন ভদ্রলোক, অশান্ত পানিতে পড়ে থাকা পাথর
আশ্চর্যজনক পাথরের প্রতিচ্ছবি শুধু জিয়ালিং নদীতে আগুনের মতো চমকায়।’
২০১১ সালের শেষ দিকে সং ছিঙের একজন লেখক রীতি অনুযায়ী একটি লেখা চায়। এই কবিতাটাই আমি তাঁকে দিই। আমি জানি না; এ কারণে আমার কাঁদা উচিত, না হাসা উচিত। অনেকেই বো শিয়ালাইকে তাঁর ‘রেড সং’ ও মাফিয়ার সাথে যুদ্ধ করার কারণে প্রশংসা করত। কিন্তু আমি তাঁকে সাদা মাকড়শা বলে আখ্যায়িত করি। আমি চীনের ওই সব যুবকদের প্রশংসা করি, যারা ইন্টারনেটে অসত্ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের ভণ্ডামি ফাঁস করে দেয়। তারা সুবিধাবাদ বুদ্ধিজীবী বা কালো বিড়ালের মুখোশ উন্মোচন করে। আমার কবিতার মাধ্যমে বন্ধুদের বোঝাতে চেয়েছি, ডানপন্থী বা বামপন্থীদের পক্ষ নেওয়ার দরকার নেই। আসো, আমরা জনগণের পক্ষ নিই।
প্রশ্ন:আপনি বলতে চাচ্ছেন, ইচ্ছাকৃতভাবে কবিতাটির অপব্যাখ্যা করা হয়েছে। যাতে করে আপনাকে বো শিয়ালাইয়ের বন্ধু বানানো যায়।
মো ইয়ান:যারা আমার বিরোধিতা করে তারা অধিকাংশই লেখক। তারা ভালোভাবেই জানে, এটা একটা স্যাটায়ার কবিতা। আমি নোবেল পেলাম, তারা পায়নি। তাই তারা আমার দোষ-ত্রুটি বের করতে আতশী কাঁচ ব্যবহার করে। কখনো কখনো আমার কবিতার অর্থও বিকৃত করে।
প্রশ্ন:আপনার সমালোচকদের আরেকটি বক্তব্য—মাও সেতুংয়ের কুখ্যত ‘ইয়ান স্পিচ অব ১৯৪২’ বইয়ের প্রকাশনা উত্সব উদ্যাপনে আপনি বড় ভূমিকা রাখেন। অথচ তিনি তাঁর বক্তব্যে চীনা লেখকদের স্বাধীনতার সীমাবদ্ধতা তৈরি করেছেন।
মো ইয়ান:মাও সেতুংয়ের ভাষণের যেমন যৌক্তিকতা আছে, তেমনি ঐতিহাসিক দিক থেকে এর সীমাবদ্ধতাও আছে। আমি ও আমার সময়ের লেখকেরা এই সীমবদ্ধতা আস্তে আস্তে কাটিয়ে উঠি। যে বা যারা আমার লেখা সেই সময় থেকে পড়েছে, তারা বলতে পারবে না—আমি এসবের সমালোচনা করিনি।
প্রশ্ন:কিন্তু এই বইয়ের প্রজেক্টে আপনি কেন প্রধান ভূমিকা রাখেন?
মো ইয়ান:সত্যি কথা বলতে কি, এটা ছিল একটা বাণিজ্যিক প্রজেক্ট। প্রকাশনাসংস্থার সম্পাদক ছিল আমার পুরোনো বন্ধু। সে-ই মূলত এই থিম নিয়ে এগিয়ে আসে। বইয়ের প্রকাশনা উত্সবে সে আমার আগেই ১০০ লেখককে উপস্থিত থাকতে রাজি করায়। সে প্রায়ই কলম ও খাতা নিয়ে আমার পিছু পিছু ঘুরত আর অনুরোধ করত মাও সেতুংয়ের বক্তব্য নিয়ে একটা অনুচ্ছেদ লিখে দিতে। আমি তাকে প্রশ্ন করি ‘আমার কি লেখা উচিত?’ সে বলে, ‘আমি তোমার জন্য এ প্রবন্ধটা পছন্দ করেছি।’ আমি আসলে তাকে ফিরিয়ে দিতে ব্যর্থ হলাম।
প্রশ্ন:আপনার উপন্যাস ‘লাইফ অ্যান্ড ডেথ উইয়ারিং মি আউট’-এ উল্লেখ করেন, একজন নাস্তিক প্রোটাগনিস্ট মাও সেতুংয়ের ব্যাজ ল্যাট্রিনে ফেলে। আপনার আত্মজীবনীমূলক বই ‘চেঞ্জ’-এ লিখেছেন, কীভাবে আপনি মাও সেতুংয়ের মূর্তিগুলো ইঁদুর তাড়াতে ব্যবহার করতেন। কেন বইয়ে এত জোরগলায় সাহসিকতা প্রকাশ করেছেন? কিন্তু প্রকাশ্যে ব্যক্তিগত মতামত প্রকাশে সাবধানতা অবলম্বন করেন?
মো ইয়ান:আপনি কি মনে করেন, আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশে সর্তক? যদি তা সত্য হয়, তবে এই সাক্ষাত্কার দিতে রাজি হতাম না। আমি একজন লেখক, অভিনেতা নই। যখন আমি এসব লিখেছি, তখন সমাজের ট্যাবুগুলো ভেঙে গেল কি না, ভাবিনি। যদি মানুষকে বোঝাতে পারতাম—মাও হচ্ছে একজন মানুষ, খোদা নন; তবে ভালো লাগত। কিন্তু কৈশরে আমি তাঁকে ঈশ্বর ভাবতাম।
প্রশ্ন:আজ আপনি চীনা রাইটার অ্যাসোসিয়েশনের উপপ্রধান। চীনে সরকারের সাথে সুসম্পর্ক ছাড়া কোনো ব্যক্তি কি এই পদে থাকতে পারে?
মো ইয়ান:নিঃসন্দেহে এটি সম্মানজনক পদ। আর নোবেল পাওয়ার আগে কেউ এ ব্যাপারে প্রশ্ন তোলেনি। এমন অনেকেই আছে, যারা মনে করে শুধু সরকার বিরোধীরাই নোবেল পেতে পারে। এটাই কি হওয়া উচিত? নোবেল সাহিত্য পুরস্কার তো লেখকের রচিত সাহিত্যকর্মের জন্যই হওয়া উচিত, রাজনীতির জন্য নয়।
প্রশ্ন: কিন্তু চীনে অনেক নির্যাতিত লেখকও আছেন, যাঁরা গ্রেপ্তার হন তাঁদের লেখার জন্য। তাঁদের প্রতি কি আপনার কোনো দায়িত্ব নেই? আপনি কি নিজের যশ, খ্যাতি ও পুরস্কারের মাধ্যমে সহকর্মীদের সমর্থন করতে পারেন না?
মো ইয়ান:আমি প্রকাশ্যে ঘোষণা করেছি—লিও শিওবাকে যথাশীঘ্র মুক্তি দেওয়া হোক। কিন্তু একটু আগেই সমালোচিত হলাম সরকারের ঘনিষ্ঠ বলে। এখন আবার আমাকে বাধ্য করা হলো এ ব্যাপারে কথা বলতে।
প্রশ্ন:লিও শান্তিতে নোবেল পেয়েছে ২০১০ সালে। আপনার এই ধরনের মন্তব্যের চেয়ে পরিপূর্ণ সমর্থন ভালো মনোভাব তৈরি করতে পারে।
মো ইয়ান:আপনি কি আনুষ্ঠানিকভাবে তাঁকে সাংস্কৃতিক সংগ্রামে সমর্থন করার কথা মনে করিয়ে দিচ্ছেন? যদি আমি সিদ্ধান্ত নিই কথা বলার, তবে আমাকে কেউ থামাতে পারবে না। যদি সিদ্ধান্ত নিই চুপ থাকার, তবে গলায় ছুরি রেখেও কেউ কথা বলাতে পারবে না।
প্রশ্ন:আপনার আরেক সমালোচক জার্মানিতে সুপরিচিত, শিল্পী আই ওয়েই ওয়েই।
মো ইয়ান:আমাকে নিয়ে তাঁর আবার কী বলতে হলো?
প্রশ্ন:তিনি আপনাকে সরকারের ঘনিষ্ঠজন বলেন। তিনি বলেন, আপনি নাকি বাস্তবতা বিবর্জিত একজন মানুষ। আপনি জনতার প্রতিনিধিত্ব করেন না।
মো ইয়ান:চীনের মূল ভূ-খণ্ডের অনেকেই কি চীনের সরকারি শিল্পী নয়? ওই প্রফেসাররা কী, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক? যারা সরকারি পত্রিকায় লেখে, তারা কী? তবে কোন বুদ্ধিজীবী বলতে পারে, তিনি চীনের জনমানুষের প্রতিনিধিত্ব করেন? আমি তো নিশ্চিত হয়ে তা বলি না। আই ওয়েই ওয়েই কি তা বলতে পারে? আসলে যারা চীনের প্রতিনিধিত্ব করে, তারা কাদা ছোড়াছুড়ি করে।
প্রশ্ন:আপনি শুধু পার্টির একজন সদস্যই নন। আপনি বারবার বলেছেন, আপনি কাল্পনিক কমিউনিস্ট রাষ্ট্রের উদ্দেশ্যেকে পুনরুজ্জীবিত করেছেন। অথচ পর্যাক্রমে আপনার বইয়ে দেখাননি—এই কল্পিত রাজ্যব্যবস্থা সবসময়ই বাস্তবে দেখা যায় না।
মো ইয়ান:মার্কস তাঁর কমিউনিস্ট ম্যানিফেস্টোতে অসাধারণ দর্শন লিখেছেন। যদিও তাঁর এই স্বপ্ন বাস্তবায়ন করা কঠিন। তারপরও আমি উত্তর ইউরোপিয়ান দেশগুলোকে দেখে অবাক হই। আসলে এ ধরনের কল্যাণধর্মী রাষ্ট্রব্যবস্থা কি সম্ভব ছিল মার্কস ছাড়া? আমরা চীনকে মার্কসের মতো ভাবাতে চাই। কারণ পশ্চািমারাই মার্কস থেকে বেশি উপকৃত হয়েছে। আমারা, রাশিয়ান ও পশ্চিম ইউরোপিয়ানরা মার্কসকে ভুল বুঝেছি বলে মনে হয়।
প্রশ্ন:আপনার একজন শ্রেষ্ঠ শুভাকাঙ্ক্ষী জার্মান লেখক, মার্টিন ওয়ালসার আপনার উপন্যাসকে ‘যর্থাথ মাদকতা, নিষ্ঠুরতা ও সৌন্দর্যের সংমিশ্রণ’ বলে অভিহিত করেছেন।
মো ইয়ান: আমি মার্টিনকে খুবই শ্রদ্ধা করি। আমি চীনা ভাষায় অনূদিত তাঁর সব বই পড়েছি। তিনি খুবই প্রতিশ্রুতিশীল লেখক। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে জার্মানদের মানসিক অবস্থা ভালোভাবে তুলে ধরেছেন। নিঃসন্দেহে তাঁকে জার্মান লেখদের মধ্যে নোবেল পুরস্কারের যোগ্যতর ব্যক্তি বলা যায়। গুন্টার গ্রাসকেও আমি পড়েছি। তাঁকে খুবই সম্মান করি। তিনি ইতিমধ্যে নোবেলও পেয়েছেন। আমি হারতা মুয়েলারকেও পড়েছি। তাঁর কিছু কিছু লেখা অসাধারণ।
প্রশ্ন:গ্রাস কিন্তু মতামত প্রকাশে সম্পূর্ণ আপনার বিপরীত। সরকারের বিরোধী অবস্থান তিনি উপভোগ করেন।
মো ইয়ান:হ্যাঁ, আমি তাঁকে সম্মান করি প্রকাশ্যে জনগণের স্বার্থসংস্লিষ্ট বিষয়ে বির্তকে অংশগ্রহণ করার কারণে। আমার নিজের সেই সক্ষমতা নেই। যেমনটা শুরুতেই বলেছি। আমি লোকজনের ভিড়ে কথা বলতে পছন্দ করি না।
প্রশ্ন:তবে স্টকহোমের বড় বড় সব আয়োজন ও আনুষ্ঠানিক পরিবেশ আপনার জন্য অবশ্যই কিছুটা অস্বস্তিকরও বটে।
মো ইয়ান:আমি সবসময়ই আত্মরক্ষার্থে হাতে একটা অস্ত্র জমা রাখি।