নিসর্গের জলছবি
প্রকাশ : ৩০ মে ২০১৩, ১৭:৩৯
জলের ধারার দলীয় চিত্রপ্রদর্শনী
জীবন প্রণাম করে আলোকেই। নীল আকাশের গায়ে হেলান দেওয়া সবুজ প্রান্তর আমাদের জীবনের খোঁজ দেয়। তরুণের ভাবনায় আলোর দেখা মিলবেই। ‘জলের ধারা’ শীর্ষক জলরঙে ছবি আঁকার কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীরা একেবারেই তরুণ। প্রাতিষ্ঠানিক শিল্পচর্চার বাইরে এমন আয়োজন শিল্পীশিক্ষার্থীদের দক্ষতা ও নিরীক্ষায় নিবিষ্ট হতে সহায়তা করে। বাংলাদেশে গত শতকের পাঁচের দশক ও এই শতকের একের দশক ধরে অব্যাহত শিল্পচর্চায় জলরং মাধ্যমকে আবশ্যকীয় মাধ্যম হিসেবে যুক্ত করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। জয়নুলের আঁকা জলরং ছবির বিষয়ে সবসময়ই দেখা যায় আবহমান বাংলা, বাংলার মানুষ, পাহাড়ি জনজীবনকে বিষয় করে নিতে। বাংলাদেশের প্রকৃতির বৈচিত্র্যপূর্ণ রঙের মুগ্ধতা পরবর্তী প্রজন্মের শিল্পীদের শিল্পচর্চায় উঠে আসে। ‘জলের ধারা’ দলটির যাত্রা শুরু ২০০৯ সালে। সত্তরের দশকের জলরঙের দক্ষ শিল্প বীরেণ সোম, অলকেশ ঘোষ ও শূন্য দশকের শিল্পী সোহাগ পারভেজের ব্যবস্থাপনা ও সমন্বয়ে এ কর্মশালা প্রথম শুরু হয়। দুই প্রজন্মের মাঝে অংকন-ব্যবস্থাপনা ও মাধ্যমের কৌশল বিনিময়ের একটি আয়োজন বলা চলে। তেলরং, জলরং, আমাদের কাছে অতিচেনা মাধ্যম। যদিও এখন প্রথাগত জলরঙের ব্যবহার কমে এসে সে স্থান দখলে নিয়েছে অ্যাক্রিলিক বা অন্যান্য রং। রঙের সাহায্যে শিল্পী প্রকাশ করেন প্রশান্তি, ত্যাগ, আনন্দ, উষ্ণতা অথবা শীতলতার বোধ।
প্রত্যেক শিল্পীই নিজস্ব অভিজ্ঞতা থেকে তাঁর শিল্পকর্মে রঙের প্রয়োগ করেন। এ প্রদর্শনীতে কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীদের মধ্য থেকে ৫০ জনের বাছাই করা কাজ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, রাজশাহী বিশ্ব্ববিদ্যালয়, শান্তা মারিয়ায়াম বিশ্ব্ববিদ্যালয়, ত্রিশাল কবি কাজী নজরুল বিশ্ব্ববিদ্যালয়, ঢাকা আর্ট কলেজ, নারায়ণগঞ্জ আর্ট কলেজ, রাজশাহী আর্ট কলেজসহ বিভিন্ন শিল্পশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের প্রাণবন্ত অংশগ্রহণের ছাপ তাঁদের কাজে পাওয়া যায়। ঢাকার বিভিন্ন অঞ্চল ধানমন্ডি লেক, রমনার সবুজ উদ্যান, আমিনবাজার ও সদরঘাটের জনমানুষের কোলাহলে উপস্থিত হয়ে ছবির সাথে জীবন ও প্রকৃতিকে এক করে নিয়েছেন শিল্পীরা। শিল্পীদের একাগ্রতা রঙের ব্যবহারে। এবারের এ আয়োজনে শিল্পী হামিদুজ্জামান খান, বীরেণ সোম, অলকেশ ঘোষ, রনজিত্ দাস ও কামালুদ্দিনের জলরঙে আঁকার অভিজ্ঞতা বিনিময়ের মধ্যদিয়ে তরুণদের প্রাপ্তিযোগ হয়েছে। এতে তরুণ শিল্পীদের রং ব্যবহারের দক্ষতা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি বিষয় নির্বাচনে কৌশলী হয়েছেন। শিল্পকলার ইতিহাসে জলরং মাধ্যমের ব্যবহার রেনেসাঁ পর্ব থেকে শুরু। রেনেসাঁর শিল্পী আলবার্ট ডুরার (১৪৭১-১৫২৮) সবুজ বন-বনানী, নীল আকাশ, বন্যপ্রাণী, সমুদ্র, নিসর্গের রূপ নির্মাণ করেছেন জলরং চিত্রে। ডুরারের জলরঙের শক্তি এতটাই গতিময় যে, ছবির বাস্তবতারও অধিক মাত্রায় গড়ে উঠত। ২০ শতকের জলরং মাধ্যমে বিশ্বমাতানো শিল্পীরা হলেন কান্দিনস্কি, এমিল মলডে, পল ক্লি, রাহুল ডাওফি প্রমুখ। পাশ্চাতের জলরং চিত্রের ধারাবাহিকতায় প্রাচ্যে মোগল রীতির ফরমায়েশি চিত্রকলায় প্রভাব পড়ে। প্রাচ্যশিল্পে জলরং বিশেষ স্থান দখল করে আছে।
উপমহাদেশে জলরং মাধ্যমকে প্রাধান্য দিয়ে ছবি এঁকেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, সফিউদ্দিন আহমেদ, অবনীন্দ্রনাথ ঠাকুর, যামিনীরায় প্রমুখ। জলরঙের বাস্তবধর্মী চিত্র নির্মাণরীতির নিরীক্ষা তাঁদের কাজে দৃশ্যমান। প্রাচ্যশিল্পের প্রধান মাধ্যম হিসেবে স্থান করে নিয়েছে জলরং। সেই ধারাবাহিকতায় শূন্যের দশকে পরবর্তী সময়ে তরুণদের মাঝে জলরং ব্যবহার করে ছবি আঁকার চেষ্টা অব্যাহত রয়েছে। প্রদর্শিত কাজের মাঝে উল্লেখযোগ্য হলো সুবীরের নদী ও নৌকা বিষয়ে আঁকা ছবি। আকাশের স্পেস নির্ধারণ; তার সাথে যুক্ত নদী ও নৌকার রঙের ঐক্য ছবির বিষয়কে স্পষ্ট করে তুলেছে। সুমন সরকারের কাজে আলো-ছায়ার ব্যবহারে দেখা যায় পরিশীলিত রূপ। জলরঙের কাজে বহিঃরেখা প্রয়োগ খানিকটা মৌলিকত্ব ক্ষুণ্ন করে। তবুও এ ক্ষেত্রে শিল্পীর স্বাধীন রং প্রয়োগের ইচ্ছাই মুখ্য। তিলোত্তমার কাজে ব্যবহূত উজ্জ্বল গাঢ় সবুজ শহরের সবুজ রং স্পষ্ট হয়েছে। তিশা বুড়িগঙ্গার ঘাটে ভেড়ানো লঞ্চের সারি আর নৌকার চলাচলে নীল রঙের প্রয়োগ করেছেন। রঙের প্রয়োগের সাথে কালো বহিঃরেখা ছবির আকৃতিকে স্পষ্ট করেছে। ফারজানা ইসলাম আলট্রা মেরিন ব্লু ও প্রুশিয়ান ব্লুর মিশ্রণে নদীর স্পন্দন এনেছেন। দিদিনের সিটি স্কেপ প্রাণের খোঁজ দেয়। দৃষ্টির সীমায় চেনা নিসর্গের বৈচিত্র্য বৈভব ফ্রেমবন্দী হয়ে আবার উপস্থিত হয় ছবির দর্শকের সামনে। ‘জলের ধারা’র এবারের প্রদর্শনী তরুণদের যেমন প্রাণিত করবে, তেমনি দর্শক-বোদ্ধাদের মনে আশা জাগাবে।