আশাবাদের উত্সবের প্রতীক্ষায়

এখনো প্রচণ্ড দাবদাহে বাজছে কোরকবিনাশী সুর উষর ধূসর খরায় এ প্রলয়কবল জুড়ে কেবলই মাতম— কোথায় আজ বৃষ্টির ধারা কোথায় আজ কাঙ্ক্ষিত আর্দ্রতার আদরমাখা প্রলেপ কোন সুদূরে হারিয়ে গেছে বাতাসের মৃদুমন্দ গতি মস্তিষ্কের স্নায়ুকোষে মরুভূমির লু-হাওয়ায় চাষাবাদহীন দীর্ঘ দিবস দীর্ঘ রজনী অপেক্ষার কাল গুনতে গুনতে ক্লান্তির চাদরে ঢাকা পড়ে যায় আমাদের প্রত্যাশার বীজ কখন আবার আরাধ্য ফসলে ভরে উঠবে মাঠ— প্রতীক্ষার এ-কাল পেরিয়ে হাতে তুলে নেব স্বপ্নের ভান্ডার দাবদাহ নেভে যাবে। আগ্নেয় গিরির লাভাস্রোতে বয়ে যাবে শখের জলপ্রপাত শুধুই অপেক্ষা শুধুই প্রতীক্ষা— মিছে হাঁ-পিত্যেশ ঝেড়ে ফেলে এসো সারি বেঁধে দাঁড়িয়ে যাই। দাঁড়ানো শৃঙ্খলায় ঢেলে দিই যতটুকু যার আছে মেধা ও মনন বীর্যবান আমার-তোমার সামর্থ্যের যতটুকু এখনো অগণন।