ঋতুপর্ণ ঘোষ (৩১ আগস্ট ১৯৬৩ থেকে ৩০ মে ২০১৩)
কাছের মানুষের স্মৃতিতে
প্রকাশ : ৩০ মে ২০১৩, ১৯:৪০
তাকে বলা হতো সত্যজিত রায়, ঋত্বিক ঘটকের পর অন্যতম মেধাবী এক চলচ্চিত্রকার। গতকাল সকালে নিজ বাসায় ঘুমের ভেতরেই চলে গেলেন এই বরেণ্য নির্মাতা, পশ্চিমবাংলার সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন ‘আনন্দলোক’-এর প্রাক্তন সম্পাদক ঋতুপর্ণ ঘোষ। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৯ বছর। বাংলা চলচ্চিত্রের গুণী এই নির্মাতার অকাল প্রয়াণে বিনোদন প্রতিদিন-এর শ্রদ্ধাঞ্জলি।
সৌমিত্র চট্টোপাধ্যায় :অত্যন্ত ভয়ংকর একটা খবর এটা আমার কাছে। বাংলা সিনেমার এ সময়ের সবচেয়ে গুণী মানুষটার চলে যাওয়া। খুবই কষ্টের, খুবই দুঃখের... আমি আর কিছু বলতে পারছি না।
অমিতাভ বচ্চন :আমি শুনে খুবই অবাক। এত তরুণবেলায় এত মেধাবী একটা ছেলে চলে গেল। বাংলা চলচ্চিত্রের জন্য অনেক বড় ক্ষতি। আমি ওকে বলতাম, আরও নিয়মিত হিন্দি ছবি কর তুমি। কিন্তু ঋতু চলত ওর ছন্দে। সত্যিই মর্মান্তিক এই খবরটি।
মমতা শঙ্কর :এটা সত্যিই বিশ্বাস হচ্ছে না এখনও আমার। ওর সাথে আমার তিনটে ছবি আর একটা সিরিয়াল হয়েছে। ও আমার একেবারে আদরের ছোটভাই ছিল। ও চলে গেছে... কী বলব আমি ভাবতেই পারছি না। আমি কী বলব... ওকে নিয়ে এভাবে বলতে হবে এটাই ভাবতে কান্না পাচ্ছে।
ঐশ্বরিয়া রাই :আমার জীবনের অন্যতম ছবি ‘রেইনকোট’ আর ‘চোখের বালি’। কি বলব, ঋতুদার সাথে আমাদের একেবারে পারিবারিক ওঠাবসা। খুব কষ্টের এই খবরটি।
অনুরাগ বসু :এইতো মাত্র কিছুদিন আগে কথা হলো সুজয়ের সাথে। ওর শুটিংয়ে যাব। ঋতুদাও আসবেন। একসাথে খুব করে আড্ডা দেবো। এত অল্প সময়ে চলে গেলেন। এটা তো যাওয়ার সময় নয় ঋতুদা! খুব অল্প সময়ে এত ভালো ভালো ছবি দিয়ে গেলেন। উফ্ কিছুতেই মানতে পারছি না।
মীর আফসার আলী :আমার শোতে ঋতুদা অনেকবার এসেছেন। মাঝে আমাদের ভেতরে মান-অভিমান ছিল। কিন্তু আমার শোতে এসে খুব নাচানাচি করে আমায় জড়িয়ে ধরে বলল, লোকে আমাদের নিয়ে যা ইচ্ছে বলুক। চল একসাথে হাঁটি। আমি আজ রেডিও শোতে ছিলাম। সেখান থেকেই খবরটা পেলাম হঠাত্। শুনে বিশ্বাস হচ্ছিল না। কেবল লাশটা দেখে বের হলাম। একেবারে চুপচাপ ঘুমিয়ে আছেন নিশ্চিন্তে। কি আর বলব প্রিয় এই মানুষের এ রকম প্রস্থানে। শুধু এটুকু বলা যায়, ঋতু আর জ্বালাব না তোমায় সকাল বেলা!
রাইমা সেন :আমি হতবাক! বিস্মিত! কী বলব! এত এত কাজ করেছি। কাজের বাইরে এত আড্ডা এত স্মৃতি। এভাবে কিছু না বলেই চলে যাবে। এত মেধাবী একজন। আমাদের বাড়িতে কেউই বিশ্বাস করছে না। সবাই খবরটা শুনে রীতিমতো বিস্মিত।