খবর নিজেই যখন আরেক খবর!
প্রকাশ : ৩০ মে ২০১৩, ১৯:৫৯
দিন চারেক আগের ঘটনা। অনেক খোঁজাখুজি করেও কিছুতেই সন্ধান মিলছিল না আমেরিকার মেইন অঙ্গরাজ্যের লিমিংটন শহরের অধিবাসী রবার্ট ম্যাকডনো। একেতো বয়স ৭৩ পেরিয়েছে ম্যাকডনোর, তার উপরে তিনি আবার ভুগছিলেন ডিমেনসিয়ার মতো মানসিক রোগে। সবমিলিয়ে ম্যাকডনো নিখোঁজ হওয়ার প্রায় বারো-চৌদ্দ ঘন্টা পেরিয়ে যাবার পরও যখন তার সন্ধান মিলছিল না তখন সেটি স্বাভাবিকভাবেই ভাবিয়ে তুলেছিল পরিবারের সদস্য আর এ ধরনের ঘটনার অনুসন্ধানে তত্পর থাকা স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে। বিশ্বের অনেক দেশে এতো অল্প সময়ের মাঝে নিখোঁজ থাকা কোনো ব্যক্তিকে নিয়ে সে অর্থে আলোচনা শুরু হলেও পাশ্চাত্যের মিডিয়া বলে কথা! তাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে শুরু করে স্থানীয় অনেক টেলিভিশন চ্যানেলও। আর এ কারণেই রীতিমতো ম্যাকডনো এর বাসার সামনে থেকে সরাসরি ঘটনার সর্বশেষ অবস্থা জানাতে রিপোর্টার পাঠিয়ে দেয় নিউজ এইট নামের একটি চ্যানেল। কিন্তু বিপত্তি বাধে তখনই যখন ম্যাকডনো এর নিখোঁজ সংবাদের আদ্যোপান্ত বলতে থাকা রিপোর্টার এর পেছন দিয়েই সরাসরি সম্প্রচারের ফ্রেমে দেখা মেলে নিখোঁজ ম্যাকডনোর। কোনো ধরনের ভ্রুক্ষেপ ছাড়াই আস্তে আস্তে রিপোর্টার নর্ম কার্কোসের কাছে এসে হাজির হন ম্যাকডনো। রিপোর্টিং এ ব্যস্ত থাকার কারণে ম্যাকডনোকে স্বভাবতই লক্ষ করেননি রিপোর্টার নর্ম কার্কোস। তবে তাকে লজ্জায় ফেলার সকল আয়োজন চূড়ান্ত করতেই যেন সেদিন সৃষ্টিকর্তা ম্যাকডনোকে সেখানে হাজির করেছিলেন। আর তাই কোনো ধরনের প্রশ্ন বা অনুমতির তোয়াক্কা না করেই সরাসরি সম্প্রচারের মাঝে নিজের পরিচয় উল্লে¬খ করে তার বাড়ির সামনে এসব কী হচ্ছে তা জানতে চান ম্যাকডনো। এ সময় পুলিশ তাকে স্বাভাবিক বলে ঘোষণা করে উদ্ধার অভিযানের সমাপ্তি করলেও বিষয়টি দারুণ হাস্যরসের জন্ম দিয়েছে ‘নিউজ এইট দিস মর্নিং’ অনুষ্ঠানের দর্শকদের মাঝে।