শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২০:৪২
গত চারদিন ধরে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য পুনঃঅর্থায়ন তহবিল গঠন করায় বাজারে ইতিবাচক প্রভাব হিসেবে সূচক বাড়লেও তহবিলের ব্যবহার নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিনিয়োগকারীরা বলছেন, এ তহবিল বিনিয়োগকারীরা কি শর্তে পাবেন এবং কিভাবে পাবেন তা নিয়ে এখনও খোলাসা করা হয়নি। এ বিষয়গুলো স্পষ্ট করা হলে বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নিতে পারবেন।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২২ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৮৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১০০ পয়েন্টে। আর ডিএসই-৩০ মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪২৬ পয়েন্টে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৬৬ কোটি ৭৬ লাখ ১৮ হাজার টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ৩৩ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৮৫টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৭২টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।
আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, পুনঃঅর্থায়ন তহবিলের সিদ্ধান্তের প্রেক্ষিতে বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সাথে ডিএসই ও সিএসই’র বৈঠকের পর তা আরও বেড়েছে। এতে আগেরদিনের ন্যায় গতকালও শেয়ারের দাম ও লেনদেন ছিল ঊর্ধ্বমুখী। দাম বাড়ার ক্ষেত্রে এগিয়ে ছিল পোশাক খাতের কোম্পানিগুলো। এ খাতের শেয়ারের দাম আগেরদিনের তুলনায় প্রায় ২ দশমিক ৪১ শতাংশ বেড়েছে। এরপর ছিল সেবা খাত, ফার্মাসিউটিক্যালস, ব্যাংক এবং নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো। লেনদেনের ক্ষেত্রেও এগিয়ে ছিল পোশাক খাত। এ খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের প্রায় ১৫ শতাংশ। এরপরই রয়েছে জ্বালানি ও ব্যাংকিং খাত।
স্টক এক্সচেঞ্জের ডিমিউচ্যুয়ালাইজেশন বাস্তবায়নের লক্ষ্যে দেশের উভয় স্টক এক্সচেঞ্জের আর্থিক মূল্যায়ন রিপোর্ট এবং সম্পদ ও দায়ের পুনর্মূল্যায়নের সময় নির্ধারণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সম্পদ ও দায় পুনর্মূল্যায়ন করা হবে। সমপ্রতি স্টক এক্সচেঞ্জকে চিঠি দিয়ে এ তথ্য জানিয়েছে বিএসইসি।