দশ মাসে ১৯৭ কোটি ডলার বৈদেশিক সহায়তা ছাড়

চলতি (২০১২-১৩) অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিল) বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থাগুলো প্রায় ১৯৭ কোটি ৮২ লাখ ডলারের সমপরিমাণ বৈদেশিক সহায়তার অর্থ ছাড় করেছে। গত অর্থবছরের একই সময়ে ছাড় করা হয়েছিলো ১৬০ কোটি ডলার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্র জানায়, উল্লেখিত সময়ে বাংলাদেশ আসল বাবদ দাতাদের পরিশোধ করেছে ৮০ কোটি ২০ লাখ ডলার। সুদ হিসেবে পরিশোধ করেছে ১৭ কোটি ৫৭ লাখ ডলার। সূত্র জানায়, উল্লেখিত সময়ে বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ দিয়েছে বিশ্ব্যাংক। ঋণ ও অনুদান মিলে মোট ৫৪ কোটি ৬২ লাখ ডলারের বৈদেশিক সহায়তা ছাড় করেছে বিশ্বব্যাংক। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ছাড় করেছে ৪৬ কোটি ৮৬ লাখ ডলার। জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা (জাইকা) ৩২ কোটি ৮ লাখ ডলার, চীন ১৫ কোটি, ভারত ১২ কোটি ৩১ লাখ ডলার, ইংল্যান্ড ৯ কোটি ৯০ লাখ ডলার এবং নরওয়ে প্রায় ৩ কোটি ডলার ঋণ ছাড় করেছে। অন্যদিকে অর্থবছরের প্রথম দশ মাসে বাংলাদেশকে উন্নয়ন সহযোগী সংস্থাগুলো প্রায় ৫১২ কোটি ডলারের বৈদেশিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৭২ কোটি ডলার বেশী। গত অর্থবছরের প্রথম দশ মাসে ৪৪০ কোটি ডলারের প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল। সমপ্রতি জাপান একক ঋণ প্যাকেজের আওতায় ১০৪ কোটি ৪০ লাখ ডলারের ঋণ চুক্তি সম্পন্ন হওয়ায় প্রতিশ্রুতির আকার বেড়েছে বলে সূত্র জানায়।