ইমেজ সংকট কাটাতে যুক্তরাষ্ট্র সফরে আইবিএফবি

তৈরি পোশাক শিল্পসহ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের ইমেজ সংকট কাটাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করেছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) প্রতিনিধিরা। সফরকালে যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকার বাণিজ্য সুবিধা (জিএসপি) অব্যাহত রাখতে নীতিনির্ধারকদের অনুরোধও জানাবে তারা। গতকাল নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান, আইবিএফবির প্রেসিডেন্ট হাফিজুর রহমান খান। আইবিএফবির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধি দল গতকাল বাংলাদেশ ত্যাগ করেছেন। সংবাদ সম্মেলনে হাফিজুর রহমান খান জানান, সফরকালে প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট, কমার্সসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে বৈঠক করবেন।