পাবনায় স্কুল ভবনে ফাটল খোলা আকাশের নিচে ক্লাস

পাবনার আটঘরিয়া উপজেলায় একটি বিদ্যালয় ভবনে ফাটল দেখা দেয়ায় প্রায় দুই শতাধিক কোমলমতি ছাত্র-ছাত্রী খোলা আকাশের নিচে ক্লাস করছে । জানা যায়, উপজেলার পাটেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯৯৩ সালে চার কক্ষ বিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়। দীর্ঘদিন সংস্কার না করায় সম্প্রতি ভবনে ফাটল ও ছাদের প্লাষ্টার খসে পড়তে থাকে। এ অবস্থায় চলতি মাসের মাঝামাঝি সময় উপজেলা প্রকৌশলী ভবন পরীক্ষা শেষে এটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। এরপর থেকে ভবনের অভাবে শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টি উপেক্ষা করে পাঠ গ্রহণ করতে হচ্ছে। এর ফলে অনেক অভিভাবক তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দিয়েছেন। বিদ্যালয়ের একাধিক ছাত্র-ছাত্রী জানায়, অনেক সময় মাথার উপর প্লাস্টার খসে পড়ে, বিদ্যালয় ভবনে ফাটল দেখা দেয়ায় পর থেকে তারা খোলা আকাশের নিচে ক্লাস করছে। রোদের মধ্যে খুব কষ্ট হয়। বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, পুরানো ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ভবন না থাকায় বাধ্য হয়ে আমাদের ছাত্র-ছাত্রীদের খোলা আকাশের নিচে বসিয়ে ক্লাস নিতে হচ্ছে। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার ইয়াকুব আলী বলেন, শিক্ষকদের কাছ থেকে শুনে উপজেলা প্রকৌশলী বিদ্যালয়টি পরিদর্শন করেন। ফাটলের কারণে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় উপজেলা প্রকৌশলী পরিত্যক্ত ঘোষণা করেন। তাত্ক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করা হয়েছে।